পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ

ছয় সদস্যের ভোটে পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করেছে মজুরি বোর্ড। নতুন কাঠামো ডিসেম্বর থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে।

News

ছবিঃ সংগ্রহীত


অনলাইন ডেস্ক

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ

প্রকাশ:

পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করেছে নিম্নতম মজুরি বোর্ড। শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের মধ্যে প্রস্তাব নিয়ে ঐকমত্য না হওয়ায় ছয় সদস্যের ভোটে চূড়ান্ত হয় নতুন মজুরির পরিমাণ। মঙ্গলবার দিবাগত রাত ২টা পর্যন্ত বোর্ডের বৈঠক চলে।

বৈঠক শেষে বোর্ডের একাধিক প্রতিনিধি জানান, দুই পক্ষের প্রস্তাবে সমঝোতা না হওয়ায় ভোটের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয়। বোর্ডের ছয় সদস্য তাঁদের প্রস্তাব লিখিতভাবে জমা দেন। পরে ভোট গণনায় দেখা যায়, চারজন সদস্য ১৭ হাজার টাকার পক্ষে এবং দুজন ১৮ হাজার টাকার পক্ষে মত দিয়েছেন।

বোর্ডের শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার জানান, শ্রমিকপক্ষের চূড়ান্ত প্রস্তাব ছিল ন্যূনতম মজুরি ১৮ হাজার টাকা। তবে ছয় সদস্যের ভোটে ১৭ হাজার টাকা সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় এটিই চূড়ান্ত করা হয়েছে।

শ্রমিক ও মালিকপক্ষের প্রস্তাবে ছিল ব্যবধান

মজুরি নির্ধারণ নিয়ে মঙ্গলবার দিনভর শ্রমিক ও মালিকপক্ষের মধ্যে কয়েক দফা আলোচনা হয়। শুরুতে মালিকপক্ষ ১৫ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দেয়। পরে তা বাড়িয়ে ১৫ হাজার ৫০০ এবং সর্বশেষ ১৫ হাজার ৭০০ টাকা করা হয়।

অন্যদিকে শ্রমিকপক্ষ প্রথমে ২৫ হাজার টাকা দাবি করলেও আলোচনার একপর্যায়ে তা কমিয়ে ২২ হাজার টাকা প্রস্তাব করে। সর্বশেষ তাদের প্রস্তাব ছিল ১৮ হাজার টাকা। দুই পক্ষের মধ্যে ব্যবধান না কমায় শেষ পর্যন্ত ভোটাভুটির মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয়।

মঙ্গলবার বেলা ৩টার দিকে নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে বৈঠক শুরু হয়। এতে বোর্ডের নিরপেক্ষ, শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের পাশাপাশি উভয় পক্ষের বিশেষজ্ঞ সদস্যরাও অংশ নেন। বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানি এর আগে জানিয়েছিলেন, সব পক্ষের তথ্য-উপাত্ত বিবেচনায় নিয়ে দ্রুত মজুরি চূড়ান্ত করার চেষ্টা চলছে।

৩০ হাজার টাকা মজুরির দাবিতে বিক্ষোভ

মজুরি বোর্ডের বৈঠকের দিন কার্যালয়ের সামনে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেন বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা। গার্মেন্টস শিল্প মজুরি বৃদ্ধি অ্যালায়েন্স-বাংলাদেশের পক্ষ থেকে বোর্ডে স্মারকলিপিও জমা দেওয়া হয়।

স্মারকলিপিতে দ্রুত ন্যায্য মজুরি ঘোষণা, আন্দোলনে গ্রেপ্তার শ্রমিকদের মুক্তি এবং কারখানায় শ্রমিক ছাঁটাই বন্ধের দাবি জানানো হয়।

পোশাক খাতে টানা অসন্তোষের পরিপ্রেক্ষিতে গত ১ নভেম্বর শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। বোর্ডের প্রথম সভায় সিদ্ধান্ত হয়, নতুন মজুরি কাঠামো ডিসেম্বর মাস থেকে কার্যকর হবে। ফলে নতুন কাঠামো অনুযায়ী ডিসেম্বরের বেতন জানুয়ারির প্রথম সাত কর্মদিবসের মধ্যে পাওয়ার কথা রয়েছে।

আগের মজুরি ছিল ১২ হাজার ৫০০ টাকা

সর্বশেষ ২০২৩ সালের ডিসেম্বরে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছিল। পরের মাস থেকে শ্রমিকেরা বর্ধিত হারে বেতন পেয়ে আসছেন।

সাধারণত পাঁচ বছর পরপর পোশাক খাতের নিম্নতম মজুরি পুনর্নির্ধারণে বোর্ড গঠন করা হয়। তবে গত ১০ এপ্রিল জাতীয় সংসদে পাস হওয়া শ্রম আইন সংশোধন বিলে মজুরি পুনর্নির্ধারণের সময়সীমা পাঁচ বছর থেকে কমিয়ে তিন বছর করা হয়েছে।

নতুন মজুরি কাঠামোর আওতায় পোশাক খাতের বিভিন্ন পদে শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের সুপারিশ করবে বোর্ড। পরবর্তী সময়ে বোর্ডের সুপারিশের ভিত্তিতে সরকার নতুন মজুরি কাঠামো ঘোষণা ও গেজেট প্রকাশ করবে।

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ