চলতি বছরের নভেম্বরের প্রথম দুই সপ্তাহে দেশে ১৬৯ কোটি ২০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। গত বছরের একই সময়ের তুলনায় প্রবাসী আয়ের প্রবাহ বেড়েছে ১৪ দশমিক ৪০ শতাংশ।

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ
চলতি বছরের নভেম্বর মাসের প্রথম ১৪ দিনে প্রবাসীরা দেশে ১৬৯ কোটি ২০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় ২০ হাজার ৯৮০ কোটি ৮০ লাখ টাকা। প্রতি ডলার ১২৪ টাকা হিসাবে এ অর্থের পরিমাণ নির্ধারণ করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান রবিবার এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, নভেম্বরের প্রথম ১৪ দিনের মধ্যে বৃহস্পতিবার থেকে শনিবার—এই তিন দিনে দেশে ১৬ কোটি ৬০ লাখ ডলার প্রবাসী আয় এসেছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ২ হাজার ৫৮ কোটি ৪০ লাখ টাকা।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের নভেম্বরের প্রথম ১৪ দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ১৪৭ কোটি ৯০ লাখ মার্কিন ডলার। সে হিসাবে চলতি বছরের একই সময়ের তুলনায় প্রবাসী আয় বেড়েছে ১৪ দশমিক ৪০ শতাংশ। অর্থাৎ গত বছরের তুলনায় এ বছর নভেম্বরের প্রথম দুই সপ্তাহে রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা গেছে।
চলতি অর্থবছরের শুরু থেকে ১৪ নভেম্বর পর্যন্ত দেশের সামগ্রিক রেমিট্যান্স প্রবাহেও ইতিবাচক প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে। বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, ১ জুলাই থেকে ১৪ নভেম্বর পর্যন্ত দেশে মোট ১ হাজার ৩১৫ কোটি ৭০ লাখ ডলার প্রবাসী আয় এসেছে।
অন্যদিকে, গত অর্থবছরের একই সময়ে দেশে রেমিট্যান্সের পরিমাণ ছিল ১ হাজার ১৬২ কোটি ৮০ লাখ ডলার। দুই অর্থবছরের একই সময়ের হিসাব তুলনা করলে দেখা যায়, চলতি অর্থবছরে প্রবাসী আয় বেড়েছে ১৩ দশমিক ১০ শতাংশ।











