অনিবার্য কারণে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে গঠিত মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত করা হয়েছে। সভার নতুন তারিখ পরে জানানো হবে।

ছবিঃ সংগ্রহীত

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে গঠিত মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত করা হয়েছে। অনিবার্য কারণে সভাটি স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে শ্রম মন্ত্রণালয়।
আজ সোমবার মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। সকাল ১১টায় শ্রমভবনে সভাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। নতুন তারিখ নির্ধারণ করে শিগগিরই সংশ্লিষ্ট ব্যক্তিদের জানানো হবে।
পোশাকশিল্পে নিয়োজিত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর জন্য ন্যূনতম মজুরির হার সুপারিশ করতে এই মজুরি বোর্ড গঠন করা হয়েছে। আজকের সভায় মালিকপক্ষের মজুরি প্রস্তাব দেওয়ার কথা ছিল। এর আগে শ্রমিকপক্ষ ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দিয়েছিল।
শ্রমিক নেতা ও নিম্নতম মজুরি বোর্ডের শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার জানান, আজ সকাল ৮টায় বোর্ডের চেয়ারম্যান তাঁকে সভা স্থগিতের বিষয়টি জানান। স্থগিতের কারণ হিসেবে চলমান শ্রম আন্দোলন বন্ধ না হওয়া, সামগ্রিক শ্রম পরিস্থিতির উন্নতি না হওয়া, রাজনৈতিক অস্থিরতা এবং শ্রমিকপক্ষের স্থায়ী প্রতিনিধি আনোয়ার হোসাইনের অসুস্থতার কথা উল্লেখ করা হয়েছে।
পোশাকশিল্পের শ্রমিকেরা মজুরি বাড়ানোর দাবিতে গত মাস থেকে আন্দোলন করছেন। শ্রমিক আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত ১ নভেম্বর সরকার নিম্নতম মজুরি বোর্ড গঠন করে।
এর আগে অনুষ্ঠিত পাঁচটি মজুরি বোর্ডের অভিজ্ঞতায় দেখা গেছে, শ্রমিকপক্ষের দাবির তুলনায় মালিকপক্ষের প্রস্তাব ছিল অর্ধেক বা তারও কম। মালিকপক্ষের প্রাথমিক প্রস্তাব নিয়ে প্রায় প্রতিবারই শ্রমিকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে এবং বড় ধরনের আন্দোলন হয়েছে। শেষ পর্যন্ত শ্রমিকদের ধারাবাহিক আন্দোলন ও আলোচনার মাধ্যমে দর-কষাকষির পর প্রাথমিক প্রস্তাবের চেয়ে বেশি মজুরি দিতে রাজি হয়েছে মালিকপক্ষ।











