ব্যাংক সরকারি হলেও সম্মিলিত ইসলামী ব্যাংকের ১৮ হাজার কর্মীর চাকরি বেসরকারি কাঠামোর আওতায়। ভবিষ্যৎ অনিশ্চয়তা ও নতুন মানবসম্পদ নীতি নিয়ে বিস্তারিত প্রতিবেদন...

Photo Collected

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ
সংকটগ্রস্ত শরিয়াহভিত্তিক পাঁচটি ব্যাংক একীভূত করে গঠিত ‘সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’ কাগজে-কলমে রাষ্ট্রীয় মালিকানাধীন হলেও এর ১৮ হাজার ৮১ জন কর্মীর চাকরি সরকারি নয়। মালিকানা সরকারের হাতে থাকার পরও কর্মীদের চাকরি পুরোপুরি বেসরকারি কাঠামোর আওতায় পরিচালিত হওয়ার সিদ্ধান্তে ব্যাংকটির বিশাল কর্মীবাহিনীকে ঘিরে তীব্র আলোচনা ও নানামুখী অনিশ্চয়তা তৈরি হয়েছে।
আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সূত্রে জানা গেছে, দেউলিয়া হতে বসা এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং সোশ্যাল ইসলামী ব্যাংককে টিকিয়ে রাখতে রাষ্ট্র এই উদ্যোগ নিয়েছে। তবে ভবিষ্যতে উপযুক্ত দেশি বা বিদেশি বিনিয়োগকারী পাওয়া গেলে ব্যাংকটি পুনরায় বেসরকারি খাতে হস্তান্তর করার পরিকল্পনা সরকারের রয়েছে। এই কৌশলগত কারণেই ব্যাংকটির কর্মকর্তা-কর্মচারীদের সরকারি চাকরির কাঠামোয় অন্তর্ভুক্ত করা হয়নি। এর পরিবর্তে নিজস্ব মানবসম্পদ বিধিমালা, বেতন কাঠামো, গ্রেড, জ্যেষ্ঠতা এবং শৃঙ্খলা বিধিমালা প্রণয়নের পরিকল্পনা এগিয়ে নেওয়া হচ্ছে। ফলে ঐতিহ্যগত সরকারি চাকরির সুযোগ-সুবিধা বা চাকরির দীর্ঘমেয়াদি নিরাপত্তা থেকে বঞ্চিত থাকছেন এই প্রতিষ্ঠানের কর্মীরা।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, চলতি বছরের মার্চ পর্যন্ত এই পাঁচ ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছিল ১ লাখ ৬৫ হাজার ৭৭৯ কোটি টাকা, যা তাদের মোট ঋণের ৮৪ দশমিক ২২ শতাংশ। এই ভঙ্গুর আর্থিক ভিত্তির ওপর প্রতিষ্ঠিত নতুন ব্যাংকটির অনুমোদিত মূলধন ধরা হয়েছে ৪০ হাজার কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৩৫ হাজার কোটি টাকা। এর মধ্যে সরকার সরাসরি ২০ হাজার কোটি টাকা দিয়েছে এবং বাকি ১৫ হাজার কোটি টাকা আমানতকারীদের শেয়ারে রূপান্তরের মাধ্যমে মূলধনে যুক্ত হওয়ার কথা রয়েছে। গত বছরের ১ ডিসেম্বর ব্যাংকটি চূড়ান্ত লাইসেন্স লাভ করে। একাধিক ব্যাংক একীভূত হওয়ার পর ফার্স্ট সিকিউরিটি, সোশ্যাল ইসলামী, এক্সিম, গ্লোবাল ইসলামী ও ইউনিয়ন ব্যাংকের হাজার হাজার কর্মীর গ্রেড, বেতন ও জ্যেষ্ঠতার ন্যায্য সমন্বয় করা এখন নতুন ব্যবস্থাপনা কর্তৃপক্ষের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
সাবেক অর্থ সচিব মোহাম্মদ মুসলিম চৌধুরী মনে করেন, সম্মিলিত ইসলামী ব্যাংক রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি হিসেবে গঠিত হওয়ায় এর কর্মচারীরা কোনোভাবেই নিজেদের সরকারি কর্মচারী হিসেবে দাবি করতে পারবেন না। বেসিক ব্যাংক বা অন্যান্য রূপান্তরিত রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মতোই এর কর্মচারীরা নিজস্ব পরিচালনা পর্ষদ ও প্রাতিষ্ঠানিক কাঠামোর অধীনে থাকবেন। এমনকি ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তা পদের নিয়োগও পর্ষদের মাধ্যমে নির্ধারিত হবে। ভবিষ্যৎ বেসরকারি মালিকানায় হস্তান্তরের প্রক্রিয়ায় এই কর্মীদের চাকরি ও ভবিষ্যৎ সুযোগ-সুবিধা কতখানি সুরক্ষিত থাকবে, তা নিয়ে গভীর শঙ্কা রয়েছে। সংশ্লিষ্টদের মতে, ব্যাংকটির সার্বিক সাফল্য কেবল আর্থিক বা প্রযুক্তিগত সক্ষমতার ওপর নির্ভর করছে না, বরং কর্মীদের জন্য একটি সুসংগঠিত, স্বচ্ছ ও গ্রহণযোগ্য মানবসম্পদ কাঠামো তৈরির ওপরও এর ভবিষ্যৎ অনেকাংশে নির্ভর করছে।
পিপল/এএইচ











