নজরুল বর্ষ’ পালনের সরকারি নির্দেশনার মধ্যে বাংলাদেশ ব্যাংকের চিঠিতে ‘মুজিব ১০০’ লোগো ব্যবহারে প্রশ্ন উঠেছে। পরে চিঠি সংশোধন করা হয়...

Photo Collected

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ
সরকারি নির্দেশনায় ‘নজরুল বর্ষ’-এর লোগো ব্যবহারের কথা থাকলেও বাংলাদেশ ব্যাংকের একটি দাপ্তরিক চিঠিতে ‘মুজিব শতবর্ষ’-এর লোগো ব্যবহারের ঘটনায় প্রশ্ন উঠেছে। পরে বিষয়টি নজরে আসার পর চিঠিটি প্রত্যাহার করে সংশোধিত চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট বিভাগ।
গত ১৬ আগস্ট বাংলাদেশ ব্যাংকের ব্যাংক সুপারভিশন বিভাগ-৫ থেকে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে পাঠানো একটি চিঠিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ছবি সংবলিত ‘নজরুল বর্ষ’-এর লোগোর পরিবর্তে ‘মুজিব ১০০’ লোগো দেখা যায়। চিঠিতে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক তন্ময় বিশ্বাসের স্বাক্ষর ছিল।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পক্ষ থেকে বিষয়টি বাংলাদেশ ব্যাংককে অবহিত করার পর চিঠিটি ফিরিয়ে নেওয়া হয় এবং সংশোধিত চিঠি পাঠানো হয়। তবে ঘটনাটি কেন্দ্রীয় ব্যাংকের অভ্যন্তরে আলোচনায় এলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও ওঠে। এখন পর্যন্ত এ ঘটনায় কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, সে বিষয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগ সরকারের সময়ে সরকারি দপ্তরের দাপ্তরিক চিঠিপত্রে ‘মুজিব ১০০’ লোগো ব্যবহারের প্রচলন ছিল। মুজিববর্ষের নির্ধারিত সময় শেষ হওয়ার পর ওই লোগোর ব্যবহার বন্ধ হয়ে যায়।
এদিকে সরকারের সাম্প্রতিক নির্দেশনা অনুযায়ী, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২০২৬-২৭ সময়কে ‘নজরুল বর্ষ’ হিসেবে পালনের অংশ হিসেবে সরকারি দপ্তরের দাপ্তরিক পত্রে নির্ধারিত ‘নজরুল বর্ষ’ লোগো ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ গত ৩ আগস্ট এ-সংক্রান্ত নির্দেশনা জারি করে। নির্দেশনাটি ২৫ মে ২০২৭ পর্যন্ত কার্যকর থাকার কথা।বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, কোনো ব্যাংকের বিষয়ে তদন্ত বা তদারকিসংক্রান্ত সিদ্ধান্ত সাধারণত সংশ্লিষ্ট বিভাগ থেকে নোট আকারে ঊর্ধ্বতন পর্যায়ে উপস্থাপন করা হয়। বিভিন্ন পর্যায়ের কর্মকর্তার মতামতের পর গভর্নরের সিদ্ধান্ত নিচের পর্যায়ে পৌঁছালে সংশ্লিষ্ট কর্মকর্তা চিঠির মাধ্যমে ব্যাংককে তা জানিয়ে থাকেন।এ ঘটনায় নিজের বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক তন্ময় বিশ্বাস দাবি করেন, ‘মুজিব শতবর্ষ’ লোগো তিনি ইচ্ছাকৃতভাবে ব্যবহার করেননি। কাজের চাপের মধ্যে ভুলক্রমে পুরোনো প্যাড ব্যবহার হয়ে যাওয়ায় এমনটি হয়েছে বলে জানান তিনি।
সংশ্লিষ্ট বিভাগের পরিচালক মনোয়ার উদ্দিন আহমেদও বিষয়টিকে অনিচ্ছাকৃত মানবিক ভুল হিসেবে উল্লেখ করেন। তাঁর ভাষ্য, বিভাগে আগের কিছু প্যাড রয়ে গিয়েছিল। একই দিনে বিভিন্ন ব্যাংকে একাধিক চিঠি পাঠানোর সময় ভুল করে একটি চিঠিতে পুরোনো প্যাডের লোগো ছাপা হয়ে যায়।তিনি জানান, বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসার পরপরই ভুল চিঠিটি ফেরত এনে সংশোধিত চিঠি পাঠানো হয়েছে। তাঁর দাবি, এর পেছনে কোনো ধরনের ইচ্ছাকৃত উদ্দেশ্য ছিল না
পিপল/এএইচ











