শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় অধিকাংশ পণ্যের দাম কেজিতে ৫০-৭০ টাকায় নেমেছে। তবে মুরগি, ডিম, মাছ ও মাংসের বাজারে এখনো স্বস্তি নেই।


অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ
শীতের আগমনে রাজধানীর বাজারগুলোতে বাড়তে শুরু করেছে মৌসুমী সবজির সরবরাহ। এর প্রভাবে কমতে শুরু করেছে বেশ কিছু সবজির দাম। মাসখানেক আগের তুলনায় অধিকাংশ সবজির দাম কমে কেজিপ্রতি ৫০ থেকে ৭০ টাকার মধ্যে এসেছে। তবে টমেটো ও গাজরের মতো কয়েকটি পণ্য এখনো বিক্রি হচ্ছে শত টাকার বেশি দামে। কাঁচামরিচের দামও কমে কেজিপ্রতি ৮০ টাকায় দাঁড়িয়েছে।
ক্রেতাদের মতে, সরবরাহ বাড়লেও শীতকালীন সবজির দাম এখনো প্রত্যাশিত পর্যায়ে নামেনি। অন্যদিকে বিক্রেতারা বলছেন, পরিবহন ব্যয় বৃদ্ধি এবং বিভিন্ন পর্যায়ে হাতবদলের কারণে সবজির দাম পুরোপুরি কমছে না।
সবজির বাজারে কিছুটা স্বস্তি ফিরলেও মুরগির বাজারে পরিস্থিতি ভিন্ন। খামারে উৎপাদন কমে যাওয়ায় সরবরাহে ঘাটতি তৈরি হয়েছে। ফলে ব্রয়লার মুরগি কেজিপ্রতি ১৮০ থেকে ১৮৫ টাকা এবং সোনালি মুরগি ৩২০ টাকায় বিক্রি হচ্ছে। দেশি মুরগির দাম কেজিতে ৫০ থেকে ৮০ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৬৫০ থেকে ৬৮০ টাকায়।
ডিমের বাজারেও দামের কোনো পরিবর্তন নেই। প্রতি ডজন লাল ডিম কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে ১৪৫ থেকে ১৫০ টাকা। সাদা ডিমের দাম ডজনপ্রতি ১৩৫ টাকা।
মাংসের বাজারেও স্বস্তির দেখা নেই। রাজধানীর বাজারগুলোতে প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৬০ টাকায়। আর খাসির মাংসের দাম কেজিপ্রতি প্রায় ১ হাজার ২৫০ টাকা।
এদিকে মাছের ভরা মৌসুমেও রাজধানীর বাজারে চড়া দাম লক্ষ্য করা যাচ্ছে। নদী, উপকূলীয় এলাকা কিংবা চাষের মাছ, সব ধরনের মাছের দামই বাড়তি।
মাছ বিক্রেতাদের দাবি, নিষেধাজ্ঞা শেষ হলেও নদীতে প্রত্যাশিত পরিমাণে মাছ পাওয়া যাচ্ছে না। ফলে বাজারে সরবরাহ বাড়েনি। পাশাপাশি পরিবহন ব্যয় বৃদ্ধি ও ছুটির দিনের প্রভাবেও মাছের দাম বেশি থাকছে। তবে উচ্চমূল্যের কারণে ক্রেতা কমে যাওয়ায় ব্যবসায়ীদের বিক্রিও আগের তুলনায় প্রায় তিন ভাগের এক ভাগে নেমে এসেছে।











