এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬-এর খাতা পুনঃনিরীক্ষণের ফল আজ সকাল ১০টায় প্রকাশ হবে। ওয়েবসাইট ও এসএমএসে ফল জানবেন শিক্ষার্থীরা...

Photo Collected

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ
এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬-এর খাতা পুনঃনিরীক্ষণসহ মূল্যায়নের ফল আজ বৃহস্পতিবার সকাল ১০টায় প্রকাশ করা হবে। সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ফল প্রকাশের পাশাপাশি পুনঃনিরীক্ষণের আবেদনকারীদের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও ফল জানানো হবে।
বুধবার প্রকাশিত শিক্ষা বোর্ডগুলোর বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে পুনঃনিরীক্ষণের ফল দেখতে পারবেন। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফলও বোর্ডের ওয়েবসাইটে পাওয়া যাবে।
এ ছাড়া কেন্দ্রীয় ওয়েবসাইট rescrutiny.eduboardresults.gov.bd-এ প্রবেশ করেও ফল জানা যাবে। এজন্য ওয়েবসাইটে প্রয়োজনীয় তথ্য দিয়ে ফল সংগ্রহ করতে হবে।
১২ লাখের বেশি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন
এসএসসি ও সমমানের ফল পুনঃনিরীক্ষণের আবেদন শুরু হয়েছিল গত ১১ আগস্ট। আবেদন গ্রহণের শেষ সময় ছিল ১৭ আগস্ট রাত পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে দেশের ১১টি শিক্ষা বোর্ডে মোট ৪ লাখ ২ হাজার ৫১ জন পরীক্ষার্থী পুনঃনিরীক্ষণের আবেদন করেন।
একজন পরীক্ষার্থী একাধিক বিষয়ের উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন করতে পারেন। ফলে পরীক্ষার্থীর তুলনায় উত্তরপত্রের আবেদনের সংখ্যা বেশি হয়েছে।
১১টি শিক্ষা বোর্ডে লিখিত পরীক্ষার ১০ লাখ ৫৬ হাজার ৪৫৫টি এবং ব্যবহারিক পরীক্ষার ২ লাখ ৩১ হাজার ৪৭১টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন জমা পড়ে। সব মিলিয়ে পুনঃনিরীক্ষণের আবেদনের সংখ্যা দাঁড়িয়েছে ১২ লাখ ৮৭ হাজার ৯২৬টি।
সবচেয়ে বেশি আবেদন ঢাকা বোর্ডে
বোর্ডভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি পুনঃনিরীক্ষণের আবেদন পড়েছে ঢাকা শিক্ষা বোর্ডে। এ বোর্ডে ৯৪ হাজার ২৩৬ জন পরীক্ষার্থী লিখিত পরীক্ষার ২ লাখ ৭৭ হাজার ৬৬৫টি এবং ব্যবহারিক পরীক্ষার ৫৮ হাজার ১২টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন করেছেন।
এ ছাড়া কুমিল্লা বোর্ডে ৩৫ হাজারের বেশি, রাজশাহী ও চট্টগ্রাম বোর্ডে ৩৯ হাজারের বেশি, যশোরে ২৮ হাজারের বেশি, বরিশালে ১৭ হাজারের বেশি, সিলেটে ২০ হাজারের বেশি এবং দিনাজপুরে ৩৭ হাজারের বেশি পরীক্ষার্থী পুনঃনিরীক্ষণের আবেদন করেছেন।
ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পুনঃনিরীক্ষণের আবেদন করেছেন ২৭ হাজার ৬৭৬ জন পরীক্ষার্থী।
অন্যদিকে, মাদরাসা শিক্ষা বোর্ডে ৪০ হাজারের বেশি এবং কারিগরি শিক্ষা বোর্ডে ২০ হাজারের বেশি পরীক্ষার্থী ফল পুনঃনিরীক্ষণের আবেদন করেছেন।
শিক্ষা বোর্ডগুলো শিক্ষার্থীদের নির্ধারিত সময়ে ওয়েবসাইটে প্রবেশ করে ফল সংগ্রহ করার আহ্বান জানিয়েছে।
পিপল/এএইচ











