আগামী বছরের শুরুতে এসএসসি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা থাকলেও রমজানের কারণে তা পেছানো হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আনম এহছানুল হক মিলন।

Photo Collected

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ
আগামী বছরের শুরুতে এসএসসি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা থাকলেও রমজানের কারণে তা পেছানো হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আনম এহছানুল হক মিলন।
সোমবার (৩১ আগস্ট) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, এসএসসি পরীক্ষার সময়সূচি নির্ধারণের ক্ষেত্রে সামগ্রিক বিষয় বিবেচনা করা হয়েছে। জানুয়ারিতে পরীক্ষা শুরু করলে তা প্রায় এক মাস ধরে চলবে এবং ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত গড়াতে পারে। এরপর ১০ ফেব্রুয়ারি থেকে ১০ মার্চ পর্যন্ত রমজান চলবে। ফলে ওই সময়ে পরীক্ষা আয়োজন করা সম্ভব নয়।
তিনি বলেন, সরকারের লক্ষ্য হলো দেশের সব পাবলিক পরীক্ষা একটি নির্দিষ্ট সময়ের মধ্যে আয়োজন করা। সাধারণত দেশে বর্ষা বা বৃষ্টির মৌসুমে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে। এখন পরীক্ষাটিকে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে নিয়ে আসার পরিকল্পনা করা হচ্ছে।
এসএসসি পরীক্ষার সঙ্গে সমন্বয় করে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাগুলোও নির্দিষ্ট সময়ে আয়োজনের বিষয়টি বিবেচনা করা হচ্ছে বলে জানান শিক্ষামন্ত্রী। একই সঙ্গে উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়া শিক্ষার্থীদের বিষয়টিও দেশের শিক্ষাব্যবস্থার সময়সূচির সঙ্গে সমন্বয়ের কথা ভাবা হচ্ছে।
আনম এহছানুল হক মিলন বলেন, সবকিছু বিবেচনায় বাংলাদেশের জন্য ফেব্রুয়ারি মাসকে এসএসসি পরীক্ষার সবচেয়ে উপযুক্ত সময় মনে করা হচ্ছে। তবে এবার রমজানের কারণে ফেব্রুয়ারিতে পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না। এ কারণে আগামী বছরের এসএসসি পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে।
পিপল/এনটি











