জিন্নাহর ছবি সরানো কে এই শিক্ষার্থী?

ডাকসু সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি সরিয়ে আলোচনায় ঢাবি শিক্ষার্থী আবু তৈয়ব। ওয়ান-ইলেভেনের আন্দোলন ও ডাকসু ভিপি পদে লড়া তাঁর পেছনের গল্প...

News

Photo Collected


অনলাইন ডেস্ক

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ

প্রকাশ:

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় প্রদর্শিত পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি সরানোকে কেন্দ্র করে দেশজুড়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবিটি নিজ দায়িত্বে সরিয়ে নিয়ে আলোচনার শীর্ষে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু তৈয়ব মো. হাবিলদার।

খোঁজ নিয়ে জানা গেছে, আবু তৈয়ব মো. হাবিলদার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০০১-০২ শিক্ষাবর্ষের উর্দু বিভাগের শিক্ষার্থী ছিলেন। ২০০৭ সালের সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের (ওয়ান-ইলেভেন) সময় ছাত্র আন্দোলনে অংশ নেওয়ার অভিযোগে ২০০৯ সালে তত্কালীন আওয়ামী লীগ সমর্থিত প্রশাসন তাঁকে বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কার করে। দীর্ঘ ১৫ বছর পর ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের পর নতুন বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আবেদন জানালে তাঁর ছাত্রত্ব ফিরিয়ে দেওয়া হয়। পরবর্তীতে ২০২৫ সালে অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে তিনি সহসভাপতি (ভিপি) পদে বয়োজ্যেষ্ঠ প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

সংগ্রহশালা থেকে ছবি সরানোর বিষয়ে সংবাদমাধ্যমকে আবু তৈয়ব বলেন, "যে জিন্নাহ আমাদের মুখের ভাষা বাংলা কেড়ে নিতে চেয়েছিল, ডাকসুর এই ঐতিহাসিক সংগ্রহশালায় তার ছবি ঝুলিয়ে রাখা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ভাষা আন্দোলনের ইতিহাসে তার নেতিবাচক ও বৈষম্যমূলক ভূমিকা স্পষ্টভাবে তুলে ধরা প্রয়োজন।"

তিনি আরও যোগ করেন, "ঢাকা বিশ্ববিদ্যালয় রক্ত ও ত্যাগের গৌরবময় ইতিহাস বহনকারী প্রতিষ্ঠান। ১৯৫২-র ভাষা আন্দোলন ও ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধসহ দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও শিক্ষকেরা সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন। ফলে সংগ্রহশালায় ইতিহাসের উপস্থাপন ও ছবি সংরক্ষণের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সর্বোচ্চ সচেতনতা ও সতর্ক থাকা উচিত।"

পিপল/এএইচ

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ