ফরম পূরণে প্রতারণার শিকার আব্দুলপুর সরকারি কলেজের ৮ শিক্ষার্থী বিশেষ ব্যবস্থায় অবশেষে এইচএসসি পরীক্ষার বাংলা প্রথমপত্রে অংশ নিয়েছেন...

Photo Collected

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ
ফরম পূরণে প্রতারণার শিকার নাটোরের লালপুরের আব্দুলপুর সরকারি কলেজের সেই আট শিক্ষার্থী অবশেষে এইচএসসি পরীক্ষার প্রথম পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন। সোমবার রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজ কেন্দ্রে বিশেষ ব্যবস্থাপনায় বাংলা প্রথমপত্র পরীক্ষায় অংশ নেন তারা।
বিষয়টি নিশ্চিত করেছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহীর চেয়ারম্যান অধ্যাপক ড. শামীম আরা চৌধুরী। তবে নিজ জেলার বাইরে গিয়ে পরীক্ষা দিতে হওয়ায় ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা।
ভুক্তভোগী শিক্ষার্থী ইসরাত জাহান সূচির বাবা ইমামুল হক জানান, বাড়ি থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে পরীক্ষাকেন্দ্র হওয়ায় মেয়েকে নিয়ে রাজশাহীতে এক আত্মীয়ের বাড়িতে থাকতে হচ্ছে। নতুন পরিবেশে মেয়েকে কিছুটা সমস্যার মুখে পড়তে হচ্ছে বলেও জানান তিনি। আব্দুলপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মামদুদুর রহমান বলেন, গত বুধবার শিক্ষা বোর্ড থেকে আট শিক্ষার্থীর পরীক্ষা নেওয়ার বিষয়ে কলেজকে জানানো হয়। এরপর দ্রুত শিক্ষার্থীদের বিষয়টি জানিয়ে দেওয়া হয়। পরীক্ষাসংক্রান্ত সব সিদ্ধান্ত শিক্ষা বোর্ড নিয়েছে।
রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ইফফাত জেরিন জানান, আব্দুলপুর সরকারি কলেজের আটজনসহ বিভিন্ন জেলা থেকে আসা মোট ৪৬ শিক্ষার্থী বিশেষ ব্যবস্থাপনায় কয়েকটি বিষয়ের পরীক্ষায় অংশ নিচ্ছেন। বাংলা, পদার্থবিজ্ঞান ও যুক্তিবিদ্যাসহ বিভিন্ন পরীক্ষায় নানা কারণে অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য এই ব্যবস্থা করা হয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে বোর্ডের কাছাকাছি এলাকায় কেন্দ্র নির্ধারণ করা হয়েছে।
আব্দুলপুর সরকারি কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ওই আট শিক্ষার্থী ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় সার্ভার জটিলতায় পড়েন। পরে গত ১২ মার্চ বিলম্ব ফিসহ ফরম পূরণের জন্য কলেজে গেলে গ্রন্থাগারের অফিস সহায়ক অমিত কুমার সরকার ফরম পূরণ করে দেওয়ার আশ্বাস দিয়ে প্রত্যেকের কাছ থেকে ৩ হাজার ৫০০ টাকা করে নেন।পরে শিক্ষার্থীরা জানতে পারেন, তাদের ফরম পূরণই করা হয়নি। ফলে প্রবেশপত্র না থাকায় গত ৩ জুলাই শুরু হওয়া এইচএসসি পরীক্ষার বাংলা প্রথমপত্রে অংশ নিতে পারেননি তারা।বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের নজরে আসে। পরে তাঁর নির্দেশনায় বিশেষ ব্যবস্থায় ইসরাত জাহান সূচি, সবুজ আহমেদ, শিমুল শেখ, আকিবুল ইসলাম, তানভীর হোসেন, শিমুল আলী, সাব্বির হোসেন ও শাওনের ফরম পূরণ করে প্রবেশপত্র দেওয়া হয়। এরপর দ্বিতীয় পরীক্ষা থেকে তারা বাকি পরীক্ষাগুলোতে অংশ নেওয়ার সুযোগ পান।
তবে প্রথম পরীক্ষার বিষয়ে নির্দিষ্ট নির্দেশনা না থাকায় বাংলা প্রথমপত্রে অংশ নেওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। পরে বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি প্রকাশিত হওয়ার পর শিক্ষা বোর্ড বিশেষ ব্যবস্থায় তাদের প্রথম পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেয়।এদিকে শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণার ঘটনায় তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে প্রতিবেদন পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত পাওয়া যায়নি।
পিপল/এএইচ











