পরীক্ষায় চ্যাটজিপিটি ব্যবহার করে অসদুপায় অবলম্বনের দায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক হল সংসদ নেতাকে শাস্তির আওতায় এনেছে সিন্ডিকেট...

Photo Collected

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক অ্যাপ ‘চ্যাটজিপিটি’ (ChatGPT) ব্যবহার করে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অপরাধে হাজী মুহম্মদ মুহসীন হল সংসদের এক নির্বাচিত কার্যনির্বাহী সদস্যকে শাস্তির আওতায় এনেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শাস্তিপ্রাপ্ত শিক্ষার্থীর নাম মো. ফেরদাউস। তিনি বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ১৮তম ব্যাচের শিক্ষার্থী এবং সাবেক হল সংসদ নির্বাচনে শিবিরের সমর্থনপ্রাপ্ত প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে জয়ী হয়েছিলেন।
বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী, অভিযুক্ত শিক্ষার্থীকে ‘পরীক্ষা + ১’ মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে। এই শাস্তির ফলে তাঁর গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১০৭ নম্বর কোর্সের রিটেক পরীক্ষা বাতিল করা হয়েছে এবং তিনি পরবর্তী একটি পূর্ণ শিক্ষাবর্ষ বা সেমিস্টারের কোনো চূড়ান্ত পরীক্ষায় অংশ নিতে পারবেন না।
ঘটনার বিবরণে জানা যায়, বিভাগের ১০৭ নম্বর কোর্সের রিটেক পরীক্ষা চলাকালে বেলা ১১টার দিকে ফেরদাউস শৌচাগারে যাওয়ার কথা বলে পরীক্ষার হল থেকে বের হন। এরপর ডিপার্টমেন্টের করিডরে এক জ্যেষ্ঠ শিক্ষার্থীর কাছ থেকে স্মার্টফোন চেয়ে নিয়ে চ্যাটজিপিটির মাধ্যমে পরীক্ষার প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেন। হাতেনাতে ধরা পড়ার পর ফোনটির সার্চ হিস্ট্রি পরীক্ষা করে দেখা যায়, তাতে পরীক্ষার প্রশ্নের হুবহু সার্চ রেকর্ড ছিল। পরবর্তীতে দায়িত্বরত শিক্ষক নিয়ম অনুযায়ী খাতা রিপোর্ট করে পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে পাঠান।
বিশ্ববিদ্যালয়ের অনুশাসন অনুযায়ী গঠিত শৃঙ্খলা পরিষদ গত ২০ আগস্ট বিষয়টি পর্যালোচনার পর শাস্তির সুপারিশ করে। পরবর্তীতে ৩১ আগস্ট উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ সুপারিশের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। গত ৭ সেপ্টেম্বর ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক ড. হিমাদ্রি শেখর চক্রবর্তীর সই করা আদেশে শাস্তির সিদ্ধান্তটি আনুষ্ঠানিকভাবে বহাল করা হয়।
একই সিন্ডিকেট সভায় পরীক্ষায় অসদুপায় অবলম্বনসহ নানা অপরাধে জড়িত থাকার দায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, ইনস্টিটিউট ও অধিভুক্ত কলেজের মোট ৬৪ জন শিক্ষার্থীকে ‘পরীক্ষা + ১’, ‘পরীক্ষা + ২’ ও ‘পরীক্ষা + ৩’ মেয়াদে বিভিন্ন মেয়াদী শাস্তি প্রদান করা হয়েছে।
পিপল/এএইচ












