১১১ সুন্দরীকে পেছনে ফেলে বিশ্বসুন্দরী জোহেইরি মোলা

ডোমিনিকান রিপাবলিকের জোহেইরি মোলা জিতলেন মিস ওয়ার্ল্ড ২০২৬-এর মুকুট। ১১১ প্রতিযোগীকে পেছনে ফেলে বিশ্বসুন্দরীর খেতাব অর্জন করেন তিনি।

News

Photo Collected


অনলাইন ডেস্ক

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ

প্রকাশ:

বিনোদন প্রতিবেদক: ডোমিনিকান রিপাবলিকের জোহেইরি মোলা দোমিঙ্গেস জিতে নিয়েছেন মিস ওয়ার্ল্ড ২০২৬-এর মুকুট। শিক্ষকতা, মডেলিং ও সমাজসেবায় যুক্ত এই সুন্দরী ১১১ প্রতিযোগীকে পেছনে ফেলে আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতার শীর্ষ খেতাব অর্জন করেন।

শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভিয়েতনামের নিয়া ট্রাং শহরে অনুষ্ঠিত হয় মিস ওয়ার্ল্ডের জমকালো চূড়ান্ত পর্ব। সেখানে বিজয়ী হিসেবে জোহেইরি মোলার মাথায় ৭৩তম মিস ওয়ার্ল্ডের নীল মুকুট তুলে দেওয়া হয়। প্রথা অনুযায়ী, তাকে মুকুট পরিয়ে দেন ২০২৫ সালের মিস ওয়ার্ল্ড, থাইল্যান্ডের ওপাল সুচাতা চুয়াংস্রি।

এবারের প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন স্পেনের এলিসাবেথ রেইনেস আলাবের্ন। দ্বিতীয় রানারআপ নির্বাচিত হয়েছেন মালয়েশিয়ার তানুসিয়া চেট্টি।

চূড়ান্ত পর্বে সেরা ছয়ে জায়গা করে নেয় ইরিত্রিয়া, মালয়েশিয়া, ভিয়েতনাম, ডোমিনিকান রিপাবলিক, স্পেন ও দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে নাইজেরিয়ার প্রতিযোগী তামুনোসোয়ে কারিবি-জর্জ ‘পিপলস চয়েস অ্যাওয়ার্ড’ জিতে শীর্ষ ১২-তে জায়গা করে নেন।

জোহেইরি মোলার পরিচয় শুধু একজন মডেল হিসেবে নয়। বিজনেস ম্যানেজমেন্ট ও অ্যাডমিনিস্ট্রেশনে স্নাতক ডিগ্রিধারী এই তরুণী সাহিত্য ও সমাজবিজ্ঞানের শিক্ষক হিসেবেও কাজ করছেন। পাশাপাশি তিনি সমাজসেবামূলক বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত।

জোহেইরি ‘ভয়েসেস অব টুমোরো’ নামে একটি অলাভজনক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও সভাপতি। আর্থিকভাবে পিছিয়ে থাকা শিশুদের ইংরেজি ভাষা শেখানো এবং তাদের মানসিক ও সামগ্রিক বিকাশে সহায়তা করাই সংগঠনটির অন্যতম প্রধান লক্ষ্য।

মিস ওয়ার্ল্ডের মুকুট জয়ের পর জোহেইরি এখন বিশ্বমঞ্চে মিস ওয়ার্ল্ড অর্গানাইজেশনের বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডে প্রতিনিধিত্ব করবেন। একই সঙ্গে আন্তর্জাতিক ‘বিউটি উইথ আ পারপাস’ উদ্যোগের প্রচার ও কার্যক্রমেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন তিনি।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৭৪তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে তানজানিয়ায়।

কেএইচ

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ