বিয়ে নয় একাই ভালো আছেন চিত্রনায়িকা পরীমনি। সাম্প্রতিক সংবাদ সম্মেলনে মিথ্যা মামলা, আইনি লড়াই ও নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বললেন তিনি...

Photo Collected

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ
দেশের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি সাম্প্রতিক এক সংবাদ সম্মেলনে নিজের ব্যক্তিগত জীবন, আইনি লড়াই এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলেছেন। অতীতের গ্রেপ্তার ও চলমান মামলা প্রসঙ্গে তিনি দাবি করেন, তাকে বাসা থেকে তুলে নেওয়ার সময় কোনো সার্চ ওয়ারেন্ট বা গ্রেপ্তারের অনুমতি ছিল না।
চলমান মামলাকে ‘মিথ্যা’ আখ্যা দিয়ে পরীমনি বলেন, তিনি কখনো ব্ল্যাকমেইল বা হয়রানির সঙ্গে জড়িত ছিলেন না। দীর্ঘ সময় পর সত্য সামনে আসায় তার ওপর থেকে সমস্ত বোঝা নেমে গেছে বলে তিনি মনে করেন। দেশের বিচারব্যবস্থার প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করে তিনি জানান, ন্যায়বিচারের অপেক্ষায় বছরের পর বছর আদালতেও হাজিরা দিতে তিনি প্রস্তুত।
ব্যক্তিগত জীবন ও পুনরায় বিয়ে প্রসঙ্গে রসিকতা করে এই চিত্রনায়িকা বলেন, “বিয়ে নয়, আমি একাই ভালো আছি।” ভক্তরা তাকে কোনো পুরুষের সঙ্গে নয়, বরং শিশুদের সঙ্গেই বেশি দেখতে পছন্দ করেন বলে জানান তিনি। তার মতে, ছেলে বড় হয়ে যদি কখনো বিয়ের পরামর্শ দেয় বা উদ্যোগ নেয়, তবেই তিনি বিষয়টি বিবেচনা করবেন।
সবশেষে দেশের সার্বিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে পরীমনি বলেন, শুধু শিল্পী নন, রিকশাচালক থেকে শুরু করে সমাজের প্রতিটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে তিনি ব্যক্তিগতভাবে সব ধরনের হয়রানি থেকে মুক্তি পাওয়ার জোরালো প্রত্যাশা ব্যক্ত করেন।
পিপল/এএইচ











