রহস্যময় ‘লালপরী’ নাটকে নতুন রূপে অর্চিতা স্পর্শিয়া। ফাস্টলুক প্রকাশের পর বাড়ছে দর্শকের কৌতূহল, অপেক্ষা ট্রেলারের।

Photo Collected

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ
বিনোদন প্রতিবেদক : ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া এবার হাজির হচ্ছেন রহস্যময় এক চরিত্রে। নতুন নাটক ‘লালপরী’ নিয়ে দর্শকদের সামনে আসছেন তিনি। নাটকটির ফাস্টলুক প্রকাশের পর থেকেই স্পর্শিয়ার চরিত্র ও গল্পের রহস্য নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা।
সামাজিক যোগাযোগমাধ্যমে নাটকটির অফিসিয়াল পোস্টার প্রকাশ করে স্পর্শিয়া লিখেছেন, ‘পরী কি শুধু রূপকথাতেই থাকে? নাকি বাস্তবেও তারা ঘুরে বেড়ায় আমাদের আশপাশেই?’ অভিনেত্রীর এমন প্রশ্ন নাটকটির গল্প নিয়ে দর্শকদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে।
জোবায়ের আবীর পিয়ালের পরিচালনায় নির্মিত ‘লালপরী’তে স্পর্শিয়ার বিপরীতে অভিনয় করেছেন ফররুখ আহমেদ রেহান। প্রকাশিত ফাস্টলুকে পরীর আবহে দেখা গেছে স্পর্শিয়াকে। পোস্টারটির রহস্যময় উপস্থাপনাও দর্শকদের মধ্যে বেশ আগ্রহ তৈরি করেছে।
স্পর্শিয়া জানিয়েছেন, ‘লালপরী’ কোনো সিনেমা বা ওয়েব ফিল্ম নয়, এটি একটি নাটক। তবে গল্পের মূল বিষয় বা তার চরিত্র সম্পর্কে এখনই বিস্তারিত জানাতে চান না তিনি।
অভিনেত্রীর ভাষ্য, ফাস্টলুক মাত্র প্রকাশ পেয়েছে। তাই গল্পের বিষয়ে এখনই কিছু বলা সম্ভব নয়। ট্রেলার প্রকাশের পর নাটকটির গল্প ও চরিত্র সম্পর্কে বিস্তারিত জানানো যাবে।
নাটকটির গল্পে কী রহস্য লুকিয়ে আছে এবং স্পর্শিয়ার ‘লালপরী’ চরিত্রটি বাস্তব, নাকি রূপকথার কোনো কল্পজগতের অংশ—সেই উত্তর মিলবে ট্রেলার ও নাটকটি প্রকাশের পর।
কেএইচ











