লাক্স সুপারস্টার বিদুষী বর্ণিতার নতুন শুরুর গল্প

লাক্স সুপারস্টার চ্যাম্পিয়ন বিদুষী বর্ণিতার নতুন যাত্রা শুরু হয়েছে ওয়েব ফিল্মে। তৌসিফ মাহবুবের বিপরীতে ‘ক্যাফে আমব্রেলা’ দিয়ে নায়িকা হিসেবে অভিষেক তাঁর।

News

Photo Collected


অনলাইন ডেস্ক

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ

প্রকাশ:

বিনোদন ডেস্ক : লাক্স সুপারস্টার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার পর অভিনয়ে নতুন যাত্রা শুরু করেছেন বিদুষী বর্ণিতা। শিহাব শাহীন পরিচালিত ‘ক্যাফে আমব্রেলা’ ওয়েব ফিল্মে তৌসিফ মাহবুবের বিপরীতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন তিনি।

নায়িকা হিসেবে এটি বর্ণিতার প্রথম কাজ হলেও অভিনয়ে তাঁর অভিজ্ঞতা দীর্ঘদিনের। মাত্র তিন বছর বয়সে বিজ্ঞাপনে শিশুশিল্পী হিসেবে ক্যামেরার সামনে দাঁড়ান তিনি। এরপর অসংখ্য বিজ্ঞাপন ও নাটকের পাশাপাশি নাসির উদ্দীন ইউসুফ পরিচালিত ‘গেরিলা’ সিনেমাতেও শিশুশিল্পী হিসেবে অভিনয় করেন।

‘ক্যাফে আমব্রেলা’র ‘নিউলি ম্যারেড’ গল্পে অভিনয়ের জন্য প্রায় দুই মাস রিহার্সেল করেছেন বর্ণিতা। এরই মধ্যে ওয়েব ফিল্মটির প্রায় ৯০ শতাংশ শুটিং শেষ হয়েছে। প্রথম কাজেই তৌসিফ মাহবুবের মতো অভিজ্ঞ অভিনেতাকে সহশিল্পী হিসেবে পেয়ে উচ্ছ্বসিত তিনি। অভিনয় ও সংলাপ উপস্থাপনসহ বিভিন্ন বিষয়ে তৌসিফ তাঁকে সহযোগিতা করছেন বলে জানান বর্ণিতা।

তবে কেন্দ্রীয় চরিত্রে আসার পথটা সহজ ছিল না। টিনএজে নতুন করে অভিনয়ের অডিশন দিতে গিয়ে একাধিকবার প্রত্যাখ্যাত হন তিনি। একসময় হতাশ হলেও নিজেকে প্রমাণের লক্ষ্যেই অংশ নেন লাক্স সুপারস্টার প্রতিযোগিতায়। শেষ পর্যন্ত সেখানেই আসে তাঁর বড় সাফল্য। বর্ণিতার ভাষ্য, একসময় যাঁরা অডিশনে তাঁকে ফিরিয়ে দিয়েছিলেন, তাঁদের অনেকেই এখন কাজের জন্য যোগাযোগ করছেন।

সম্প্রতি উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ করেছেন বর্ণিতা। বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতির পাশাপাশি অভিনয়কেই ভবিষ্যতের প্রধান লক্ষ্য হিসেবে দেখছেন তিনি। বই পড়া ও সিনেমা দেখার শখও রয়েছে তাঁর। পছন্দের অভিনেত্রীদের তালিকায় রয়েছেন জয়া আহসান ও মেহজাবীন চৌধুরী।

দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখেন বর্ণিতা। ওয়েব ও ছোট পর্দার পাশাপাশি বড় পর্দাতেও অভিনয়ের ইচ্ছা রয়েছে তাঁর। নির্মাতা রায়হান রাফীর সঙ্গে একটি সিনেমা নিয়ে কথাবার্তা চলছে বলেও জানিয়েছেন এই অভিনেত্রী। চলতি বছরের শেষ দিকে অথবা আগামী বছরের শুরুতে সিনেমাটির কাজ শুরু হতে পারে।

লাক্স সুপারস্টারের মুকুট জয়ের পর ওয়েব ফিল্মে কেন্দ্রীয় চরিত্রে অভিষেক—সব মিলিয়ে বিদুষী বর্ণিতার সামনে খুলে গেছে অভিনয়ের নতুন সম্ভাবনার দরজা।

কেএইচ

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ