সুস্বাস্থ্য বজায় রাখতে অনেকেই নিয়মিত ব্যায়াম করেন। কেউ বেছে নেন হাঁটা বা দৌড়ানো, কেউ সাঁতার কাটেন, আবার কেউবা যান জিমে।

Photo Collected

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ
সুস্বাস্থ্য বজায় রাখতে অনেকেই নিয়মিত ব্যায়াম করেন। কেউ বেছে নেন হাঁটা বা দৌড়ানো, কেউ সাঁতার কাটেন, আবার কেউবা যান জিমে। তবে স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, জিম, শরীরচর্চার কোনো ক্লাস কিংবা দৌড়ানো—যেকোনো ধরনের ব্যায়াম থেকে সর্বোচ্চ ফলাফল তখনই পাওয়া সম্ভব, যখন তা আপনার শরীরের প্রাকৃতিক জৈবিক ঘড়ির (বডি ক্লক) সাথে মিল রেখে করা হয়।
বিশেষজ্ঞদের মতে, যারা ভোরে ঘুম থেকে ওঠেন (মর্নিং লার্ক বা ভোরের পাখি), সর্বোচ্চ উপকার পেতে তাদের সকালেই ব্যায়াম করা উচিত। অন্যদিকে, যারা খুব বেশি রাত জাগেন (নাইট আউল বা রাতের প্যাঁচা), তাদের ব্যায়ামের জন্য সন্ধ্যার সময়টি বেছে নেওয়া উচিত।
গবেষণা কী বলছে?
'ওপেন হার্ট' জার্নালে প্রকাশিত এক গবেষণা অনুযায়ী, শরীরের বডি ক্লকের সাথে সামঞ্জস্য রেখে শরীরচর্চা করলে তা হৃৎপিণ্ডকে সুস্থ রাখতে দারুণ সাহায্য করে। বিশেষ করে যারা উচ্চ হৃদ্ররোগের ঝুঁকিতে আছেন, তাদের জন্য এটি বেশি উপকারী। গবেষণায় দেখা গেছে, যারা দেহঘড়ি মেনে ব্যায়াম করেছেন, তাদের ঘুমের মান ভালো হয়েছে, রক্তচাপ কমেছে এবং সামগ্রিকভাবে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে এসেছে।
গবেষণার বিস্তারিত:
পাকিস্তানে চল্লিশ ও পঞ্চাশের কোঠায় থাকা প্রায় ১৩৫ জন ব্যক্তির ওপর এই গবেষণা চালানো হয়।
অংশ নেওয়া ব্যক্তিরা শারীরিকভাবে খুব একটা ফিট ছিলেন না এবং তাদের মধ্যে উচ্চ রক্তচাপ বা অতিরিক্ত ওজনের মতো সমস্যা ছিল।
তাদের সপ্তাহে ৫ দিন করে টানা ৩ মাস প্রতিদিন ৪০ মিনিট ট্রেডমিলে জোরে হাঁটার (ব্রিস্ক ওয়াক) পরামর্শ দেওয়া হয়।
অংশগ্রহণকারীদের মধ্যে ৭০ জন ছিলেন ভোরের পাখি (মর্নিং লার্ক) এবং ৬৪ জন ছিলেন রাতের প্যাঁচা (নাইট আউল)।
গবেষণায় দেখা যায়, দুই দলের সদস্যদের মধ্যেই শারীরিক উন্নতি হয়েছে। তবে যারা নিজেদের ক্রোনোটাইপ বা দেহঘড়ি অনুযায়ী সঠিক সময়ে শরীরচর্চা করেছেন, তারা অন্যদের চেয়ে বেশি উপকার পেয়েছেন। বিশেষ করে তাদের উচ্চ রক্তচাপ হ্রাস, অ্যারোবিক ক্যাপাসিটি, শরীরের নমনীয়তা, মেটাবোলিক মার্কার এবং ঘুমের মানের ক্ষেত্রে লক্ষণীয় ইতিবাচক পরিবর্তন দেখা গেছে।
বডি ক্লক এবং হৃদরোগের ঝুঁকি
আপনার অভ্যন্তরীণ জৈবিক ঘড়ি সারাদিনের ঘুমের প্যাটার্ন এবং হরমোনের ভারসাম্য নিয়ন্ত্রণ করে। বিশেষজ্ঞরা জানান, শরীরের স্বাভাবিক সময়সূচি এবং সামাজিক সময়সূচির মধ্যে যদি অমিল থাকে (যা সোশ্যাল জেটল্যাগ নামে পরিচিত), তবে হৃদরোগের ঝুঁকি বেড়ে যেতে পারে।
বিশেষ করে যারা রাতের বেলায় বেশি সক্রিয় থাকেন, তাদের মধ্যে এই ঝুঁকি বেশি থাকে। তাই তাদের জোর করে ভোরবেলায় ব্যায়াম করার অভ্যাস তৈরি করা উচিত নয়।
যুক্তরাজ্যের লিভারপুল হার্ট অ্যান্ড চেস্ট হাসপাতালের কার্ডিওলজিস্ট ড. রাজীব শঙ্করাণারায়ণ বলেন, এই গবেষণা বডি ক্লক অনুযায়ী ব্যায়ামের গুরুত্ব তুলে ধরেছে, তবে বিষয়টি পুরোপুরি প্রমাণ করতে আরও বড় পরিসরে গবেষণার প্রয়োজন।
অন্যদিকে, ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের ড. নিনা জেকরজেক মনে করেন, ব্যায়ামের সময়টি গুরুত্বপূর্ণ হলেও, যেকোনো সময়ে নিয়মিত পর্যাপ্ত ব্যায়াম করাই সবচেয়ে বেশি জরুরি।
সুস্থ থাকতে ব্যায়ামের সঠিক নির্দেশিকা
যুক্তরাজ্যের স্বাস্থ্য সংস্থা 'ন্যাশনাল হেলথ সার্ভিস' (NHS) প্রাপ্তবয়স্কদের জন্য কিছু বিশেষ নির্দেশনা দিয়েছে:
১. স্ট্রেন্থ ট্রেনিং: সপ্তাহে অন্তত দুই দিন পেশী ও শক্তি বৃদ্ধির ব্যায়াম (যেমন- ইয়োগা, পিলাটিস, ভারোত্তোলন) করা উচিত।
২. মাঝারি ও উচ্চমাত্রার ব্যায়াম: সপ্তাহে অন্তত ১৫০ মিনিট মাঝারি মাত্রার ব্যায়াম (যেমন- জোরে হাঁটা) অথবা ৭৫ মিনিট উচ্চমাত্রার ব্যায়াম (যেমন- দৌড়ানো) করা প্রয়োজন।
৩. ধারাবাহিকতা: পুরো সপ্তাহজুড়ে সামঞ্জস্য রেখে বা প্রতিদিনই কিছুটা সময় ব্যায়াম করা উচিত।
৪. অলসতা পরিহার: দীর্ঘ সময় একটানা বসে থাকার অভ্যাস কমিয়ে আনতে হবে।
পিপল/এএইচ











