আইসিইউতে অ্যান্টিবায়োটিক-প্রতিরোধী জীবাণুর ভয়াবহ বিস্তার

আইসিইউতে অ্যান্টিবায়োটিক প্রতিরোধ ভয়াবহ আকার নিয়েছে। নতুন জাতীয় জরিপে ৮৯% জীবাণু মাল্টি-ড্রাগ রেজিস্ট্যান্ট, বাড়ছে চিকিৎসা জটিলতা।

News

Photo Collected


অনলাইন ডেস্ক

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ

প্রকাশ:

নিজস্ব প্রতিবেদক: দেশের হাসপাতালগুলোর নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) এখন অ্যান্টিবায়োটিক-প্রতিরোধী জীবাণুর সবচেয়ে বড় ঝুঁকিপূর্ণ স্থানে পরিণত হয়েছে। সরকারি এক জাতীয় নজরদারি প্রতিবেদনে দেখা গেছে, আইসিইউতে শনাক্ত হওয়া জীবাণুর ৮৯ শতাংশই বহু ওষুধ-প্রতিরোধী (মাল্টি-ড্রাগ রেজিস্ট্যান্ট বা এমডিআর)। বিশেষজ্ঞদের মতে, এই পরিস্থিতি সংকটাপন্ন রোগীদের চিকিৎসাকে আরও জটিল ও ঝুঁকিপূর্ণ করে তুলছে।

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) পরিচালিত ‘অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সার্ভেইল্যান্স বাংলাদেশ ২০২৫’ শীর্ষক প্রতিবেদনে দেশের বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সংগৃহীত নমুনা বিশ্লেষণের ভিত্তিতে এ তথ্য তুলে ধরা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, সারা দেশে পরীক্ষিত নমুনার মধ্যে এমডিআর জীবাণুর হার ৪৬ শতাংশ হলেও আইসিইউতে তা বেড়ে ৮৯ শতাংশে পৌঁছেছে। একইভাবে সন্দেহভাজন প্যান-ড্রাগ-প্রতিরোধী (পিডিআর) জীবাণুর হার জাতীয়ভাবে ৬ শতাংশ হলেও আইসিইউতে তা ৪১ শতাংশে দাঁড়িয়েছে। অর্থাৎ অনেক ক্ষেত্রে কার্যকর অ্যান্টিবায়োটিকের বিকল্প প্রায় শেষ হয়ে যাচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, আইসিইউতে ভর্তি রোগীরা সাধারণত ভেন্টিলেটর, ইউরিনারি ক্যাথেটারসহ বিভিন্ন জীবনরক্ষাকারী চিকিৎসা-যন্ত্রের ওপর নির্ভরশীল থাকেন। পাশাপাশি তাঁদের শুরু থেকেই শক্তিশালী বিস্তৃত কার্যকারিতার অ্যান্টিবায়োটিক দেওয়া হয়। ফলে সেখানে ওষুধ-প্রতিরোধী জীবাণুর টিকে থাকা ও ছড়িয়ে পড়ার অনুকূল পরিবেশ তৈরি হয়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, হাসপাতাল-সংশ্লিষ্ট সংক্রমণের ক্ষেত্রে কয়েকটি গুরুত্বপূর্ণ জীবাণুর মধ্যে প্রতিরোধের হার আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছেছে। এর মধ্যে—

  • এন্টারোকক্কাস ফেসিয়াম: ৭৪%

  • অ্যাসিনিটোব্যাক্টার: ৬৫%

  • ক্লেবসিয়েলা নিউমোনিয়া: ৫৩%

  • ই. কোলাই: ৫২%

এ ছাড়া সিউডোমোনাস অ্যারুজিনোসা, স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস এবং এন্টারোকক্কাস ফেকালিসেও উল্লেখযোগ্য মাত্রায় প্রতিরোধ পাওয়া গেছে।

১৫ হাজার ৮৪৪টি ব্যবস্থাপত্র বিশ্লেষণে দেখা গেছে, হাসপাতালে ব্যবহৃত মোট অ্যান্টিবায়োটিকের ৪৮ শতাংশই ব্যবহার হয়েছে আইসিইউতে। ওয়ার্ডে এ হার ৪৪ শতাংশ এবং বহির্বিভাগে মাত্র ৮ শতাংশ।

হাসপাতালভিত্তিক তথ্যেও একই প্রবণতা দেখা গেছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পজিটিভ নমুনার ৭২ শতাংশই এসেছে আইসিইউ থেকে। একই ধরনের চিত্র পাওয়া গেছে ময়মনসিংহ, চট্টগ্রাম, রাজশাহী ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতেও।

আইইডিসিআরের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রতিবেদনের প্রধান সম্পাদক অধ্যাপক ডা. জাকির হোসেন হাবীব বলেন, অ্যান্টিবায়োটিক-প্রতিরোধ ধারাবাহিকভাবে বাড়ছে এবং বিশেষ করে আইসিইউতে বহু ওষুধ-প্রতিরোধী জীবাণুর হার উদ্বেগজনক।

তার মতে, পরিস্থিতি মোকাবিলায় হাসপাতালের সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ (আইপিসি) ব্যবস্থা আরও শক্তিশালী করতে হবে। কারণ কার্যকর অ্যান্টিবায়োটিকের সংখ্যা ক্রমেই কমে আসছে।

সংক্রামক ব্যাধি হাসপাতালের কনসালট্যান্ট (মেডিসিন) ডা. আরিফুল বাশার বলেন, আইপিসি বাস্তবায়নে দুর্বলতা, স্বাস্থ্যবিধি না মানা, প্রয়োজনের বাইরে আইসিইউতে লোকজনের প্রবেশ এবং চিকিৎসা-যন্ত্রের যথাযথ জীবাণুমুক্তকরণ না হওয়ায় এক রোগী থেকে অন্য রোগীর শরীরে প্রতিরোধী জীবাণু ছড়িয়ে পড়ছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ব্যবহৃত অ্যান্টিবায়োটিকের ৯০ দশমিক ৯ শতাংশই বিশ্ব স্বাস্থ্য সংস্থার ‘ওয়াচ’ শ্রেণির, যা শক্তিশালী এবং অতিরিক্ত ব্যবহারে দ্রুত প্রতিরোধ তৈরি হওয়ার ঝুঁকি থাকে।

অন্যদিকে সাধারণ সংক্রমণের জন্য সুপারিশকৃত ‘অ্যাকসেস’ শ্রেণির অ্যান্টিবায়োটিকের ব্যবহার মাত্র ৯ দশমিক ৭ শতাংশ। আর জটিল সংক্রমণের জন্য সংরক্ষিত ‘রিজার্ভ’ শ্রেণির অ্যান্টিবায়োটিকের ব্যবহার ছিল ১ শতাংশেরও কম।

বিশেষজ্ঞদের মতে, শুধু অ্যান্টিবায়োটিকের যৌক্তিক ব্যবহার নিশ্চিত করলেই সংকট কাটবে না। হাসপাতালগুলোতে সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ ব্যবস্থা কার্যকর করা, হাতের পরিচ্ছন্নতা নিশ্চিত করা, চিকিৎসা-যন্ত্রের নিরাপদ ব্যবহার, রোগীকে প্রয়োজন অনুযায়ী আলাদা রাখা এবং অ্যান্টিমাইক্রোবিয়াল স্টিওয়ার্ডশিপ কার্যক্রম জোরদার করা জরুরি।

স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. শাহ মনির হোসেন বলেন, অ্যান্টিবায়োটিকের অযৌক্তিক ব্যবহার, চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ গ্রহণ এবং নির্ধারিত কোর্স সম্পন্ন না করার প্রবণতা প্রতিরোধী জীবাণুর বিস্তার বাড়িয়ে দিচ্ছে। তাঁর মতে, এই সংকট মোকাবিলায় হাসপাতালের সংক্রমণ নিয়ন্ত্রণ ব্যবস্থাকেই সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

কেএইচ

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ