ইরানের যে নতুন অস্ত্র অবাক করবে বিশ্বকে

যুক্তরাষ্ট্র নতুন হামলা চালালে নতুন অস্ত্র, লক্ষ্য ও কৌশলে জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। মধ্যপ্রাচ্যে বাড়ছে সংঘাত ও উত্তেজনা।

News

Photo Collected


অনলাইন ডেস্ক

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ

প্রকাশ:

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে ইরানের পাল্টা জবাবের ধরন বদলে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। বাহিনীটির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেবি বলেছেন, নতুন হামলা হলে যুদ্ধের ভৌগোলিক পরিসর, ব্যবহৃত অস্ত্র এবং হামলার লক্ষ্য—সবকিছুতেই পরিবর্তন আসতে পারে।

সোমবার দেওয়া এক সাক্ষাৎকারে মোহেবি বলেন, নতুন করে আগ্রাসন হলে ইরান নতুন সক্ষমতার অস্ত্র ও সামরিক সরঞ্জাম যুদ্ধক্ষেত্রে নিয়ে আসবে। এসব সক্ষমতা বিশ্বকে বিস্মিত করবে বলেও দাবি করেন তিনি।

আইআরজিসির এই মুখপাত্র আরও বলেন, ভবিষ্যৎ সংঘাতে আগের লক্ষ্যগুলোই যে আবার বেছে নেওয়া হবে, এমন নয়। ইরানের কাছে এমন কিছু নতুন লক্ষ্য রয়েছে, যেগুলোতে এখনো হামলা চালানো হয়নি। তবে তিনি সেসব লক্ষ্য বা নতুন অস্ত্রের ধরন সম্পর্কে বিস্তারিত জানাননি।

এদিকে যুক্তরাষ্ট্রের জাতিসংঘ দূত মাইক ওয়াল্টজ বলেছেন, ইরানের জন্য আলোচনায় ফেরার সুযোগ এখনো রয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে নিউইয়র্কে এক অনুষ্ঠানে তিনি বলেন, ইরান চাইলে আলোচনার পথে ফিরতে পারে।

তবে ওয়াল্টজ ইরানের পক্ষ থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার ও ক্ষতিপূরণের শর্তে নতুন করে আলোচনার উদ্যোগ নেওয়ার খবরকে প্রত্যাখ্যান করেছেন। তাঁর দাবি, ১৯৭৯ সালের পর ইরান বর্তমানে সবচেয়ে বেশি অর্থনৈতিক ও রাজনৈতিক চাপের মুখে রয়েছে।

এর মধ্যেই মধ্যপ্রাচ্যে সংঘাতের প্রভাব গুরুত্বপূর্ণ জ্বালানি ও নৌপথেও পড়ছে। হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে কমে গেছে। রয়টার্সের তথ্য অনুযায়ী, গত সপ্তাহান্তে মাত্র ১৭টি পণ্যবাহী জাহাজ প্রণালিটি অতিক্রম করেছে, যেখানে যুদ্ধের আগে দৈনিক গড় ছিল প্রায় ১২৫টি।

ফলে ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা সামরিক সংঘাতের পাশাপাশি বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও বাণিজ্যিক নৌ চলাচল নিয়েও উদ্বেগ বাড়াচ্ছে। একই সময়ে কূটনৈতিক যোগাযোগের সম্ভাবনার কথাও সামনে আসায় সংঘাতের পরবর্তী গতিপথ নিয়ে অনিশ্চয়তা অব্যাহত রয়েছে।

কেএইচ

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ