জাতিসংঘে ভাষণে আইসিসির তীব্র সমালোচনা করে সদস্য দেশগুলোকে আদালত থেকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

Photo Collected

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) কঠোর সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আদালটিকে ‘নিয়ন্ত্রণহীন’ প্রতিষ্ঠান এবং ‘দুর্বৃত্ত সংস্থা’ হিসেবে বর্ণনা করে আইসিসির সদস্য সব দেশকে অবিলম্বে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেওয়া ভাষণে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র কোনো মার্কিন সেনাসদস্যকে আইসিসির বিচারের মুখোমুখি হতে দেবে না। তিনি আদালটিকে ‘অ্যান্টি-আমেরিকান’ হিসেবে আখ্যায়িত করে দাবি করেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও তার নাগরিকদের ওপর আইসিসির কোনো এখতিয়ার নেই।
ট্রাম্প আরও বলেন, আইসিসির সদস্য দেশগুলোর উচিত আদালটিকে আনুষ্ঠানিকভাবে ত্যাগ করা। তাঁর ভাষায়, আইসিসি একটি ‘নিয়ন্ত্রণহীন প্রতিষ্ঠান’ এবং তিনি এর সদস্য দেশগুলোকে দ্রুত পদত্যাগের আহ্বান জানান।
আইসিসির সঙ্গে যুক্তরাষ্ট্রের বিরোধ নতুন নয়। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা এবং এর আগে আফগানিস্তানে মার্কিন সামরিক কর্মকাণ্ড নিয়ে আইসিসির তদন্তের কারণে ওয়াশিংটন দীর্ঘদিন ধরে আদালটির এখতিয়ার নিয়ে আপত্তি জানিয়ে আসছে। ট্রাম্প প্রশাসন এরই মধ্যে আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং আরও কঠোর ব্যবস্থা নেওয়ার উদ্যোগের কথাও জানিয়েছে।
ভাষণে ট্রাম্প জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কার্যক্রম নিয়েও সমালোচনা করেন। তিনি ‘বিশ্বায়নপন্থী’ নীতির বিরোধিতা করে বলেন, যুক্তরাষ্ট্র তার জাতীয় সার্বভৌমত্ব, সীমান্ত ও নিজস্ব স্বার্থের প্রশ্নে কোনো আপস করবে না।
জাতিসংঘে সংস্কারের বিষয়েও নিজের সরকারের ভূমিকার কথা তুলে ধরেন ট্রাম্প। তাঁর বক্তব্যে আন্তর্জাতিক সংস্থাগুলোর ব্যয় কমানো এবং প্রশাসনিক কাঠামো সংকুচিত করার ওপর জোর দেওয়া হয়। একই সঙ্গে বৈশ্বিক বাণিজ্য ও পরিবেশনীতি নিয়ে আন্তর্জাতিক উদ্যোগের সমালোচনা করে তিনি যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বার্থ ও সার্বভৌমত্বকে অগ্রাধিকার দেওয়ার অবস্থান পুনর্ব্যক্ত করেন।
ট্রাম্পের বক্তব্যে আন্তর্জাতিক বিচারব্যবস্থা ও বহুপক্ষীয় প্রতিষ্ঠানগুলোর ভূমিকা নিয়ে যুক্তরাষ্ট্রের বর্তমান অবস্থান আরও স্পষ্ট হয়েছে। আইসিসি নিয়ে ওয়াশিংটনের আপত্তির পাশাপাশি আদালটির কার্যক্রম ও এখতিয়ার নিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও বিতর্ক অব্যাহত রয়েছে।
কেএইচ











