গাজায় ইসরায়েলি সামরিক অভিযানকে ‘গণহত্যা’ হিসেবে আখ্যা দিয়ে কঠোর নিন্দা জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণ

Photo Collected

BBC
গাজায় ইসরায়েলি সামরিক অভিযানকে ‘গণহত্যা’ হিসেবে আখ্যা দিয়ে কঠোর নিন্দা জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে তিনি বলেন, গাজায় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন ইসরায়েলি সরকারের কর্মকাণ্ডের বিরুদ্ধে স্পেন কোনো রাখঢাক ছাড়াই দ্ব্যর্থহীন অবস্থান নিয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের ভাষণে সানচেজ বলেন, গাজায় যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেটিকে স্পেন স্পষ্টভাবে ‘গণহত্যা’ হিসেবে নিন্দা করছে। তিনি ইসরায়েলি সরকারের সামরিক অভিযান বন্ধের পাশাপাশি আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদ মেনে চলার ওপর জোর দেন।
স্প্যানিশ প্রধানমন্ত্রী বলেন, গত আট বছর ধরে স্পেন যেকোনো ধরনের আগ্রাসী যুদ্ধের বিরোধিতা করে আসছে। আগ্রাসন ইউক্রেন, লেবানন কিংবা ইরান—যেখানেই ঘটুক না কেন, স্পেনের অবস্থান একই।
তিনি বলেন, যুদ্ধ ও আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নেওয়াই স্পেনের নীতি। এ কারণেই তার সরকার সামরিক ব্যয় বাড়াতে অস্বীকৃতি জানিয়েছে এবং জাতিসংঘ সনদের পরিপন্থী যেকোনো আক্রমণ প্রতিহত করতে সম্ভাব্য সব পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে।
সানচেজ আরও বলেন, রাশিয়ার বিরুদ্ধে বিদ্যমান নিষেধাজ্ঞা কার্যকর রাখার পাশাপাশি ইসরায়েলের নেতানিয়াহু সরকারের ওপর পূর্ণাঙ্গ অস্ত্র নিষেধাজ্ঞা আরোপে স্পেন প্রতিশ্রুতিবদ্ধ।
একই সঙ্গে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে কোনো ধরনের সামরিক আগ্রাসন পরিচালনার জন্য স্পেনের ভূখণ্ড ব্যবহার করতে না দেওয়ার বিষয়েও কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেন তিনি।
গাজা ইস্যুতে সানচেজের এই বক্তব্য জাতিসংঘের মঞ্চে ইসরায়েলি সামরিক অভিযানের বিরুদ্ধে স্পেনের অবস্থানকে আরও স্পষ্ট করে তুলেছে।
সূত্র- আনাদুলু
পিপল/এনটি











