সৌদি আরবের আল-আহসায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের বাবা-মা ও ৫ সন্তানসহ ৯ জন নিহত হয়েছেন...

Photo Collected

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ
সৌদি আরবের পূর্বাঞ্চলীয় আল-আহসা গভর্নরেটে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাত সদস্যসহ মোট ৯ জন নিহত হয়েছেন। রোববার (২০ সেপ্টেম্বর) আল-উকাইর-আল-উয়ুন সড়কে দুটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
সৌদিভিত্তিক গণমাধ্যম 'সৌদি গেজেট'-এর প্রতিবেদন অনুযায়ী, নিহতদের মধ্যে সাতজন একই পরিবারের সদস্য—যাদের মধ্যে রয়েছেন বাবা, মা, তিন ছেলে ও দুই মেয়ে। অপর গাড়িতে থাকা দুই তরুণও সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারান। সংঘর্ষের তীব্রতায় দুটি গাড়িই দুমড়ে-মুচড়ে যায়।
পূর্বাঞ্চলীয় ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, দুর্ঘটনার খবর পেয়েই উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রাথমিক অনুসন্ধানে দেখা গেছে, একটি গাড়ি আকস্মিকভাবে গতি ও দিক পরিবর্তন করার কারণে বিপরীতমুখী গাড়ির সঙ্গে এ সংঘর্ষের সৃষ্টি হয়।
ঘটনার পরপরই সৌদি সিভিল ডিফেন্স এবং রেড ক্রিসেন্টের যৌথ বিশেষ উদ্ধারকারী দল দুর্ঘটনাস্থলে উপস্থিত হয়ে ক্ষতিগ্রস্ত গাড়ির ভেতর থেকে আটকে পড়াদের উদ্ধার করে। তবে চিকিৎসকরা নিশ্চিত করেন যে দুর্ঘটনায় জড়িত ৯ জনের সবাই ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেছেন। বর্তমানে এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।
উল্লেখ্য, আল-উকাইর-আল-উয়ুন সড়কটি সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের অন্যতম ব্যস্ত ও গুরুত্বপূর্ণ রুট, যা আল-আহসা গভর্নরেটের উপকূলীয় এলাকার সঙ্গে অভ্যন্তরীণ বিভিন্ন অঞ্চলকে যুক্ত করেছে।
পিপল/এএইচ












