ইরানের হামলায় মার্কিন সেনাদের প্রকৃত হতাহতের সংখ্যা উপযুক্ত সময়ে প্রকাশ করা হবে বলে দাবি করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি...

Photo Collected

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ
ইরানের হামলায় মার্কিন সেনাদের প্রকৃত হতাহতের সংখ্যা উপযুক্ত সময়ে প্রকাশ করা হবে বলে দাবি করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাঘচি।
মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মার্কিন কর্মকর্তাদের ইরানকে ‘অরক্ষিত’ দাবি করার বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।
আরাঘচি দাবি করেন, ইরান অরক্ষিত নয়। তার ভাষ্য অনুযায়ী, ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের শত শত সামরিক ঘাঁটি ও স্থাপনা ধ্বংস হয়েছে এবং কয়েক ডজন মার্কিন সামরিক বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, এসব ঘটনার পরিমাণকে কেবল ‘সামান্য কিছু’ হিসেবে দেখানো হচ্ছে। তবে উপযুক্ত সময়ে মার্কিন সেনাদের প্রকৃত হতাহতের সংখ্যা প্রকাশ করা হবে বলে তিনি জানান।
ইরানকে অরক্ষিত হিসেবে উপস্থাপন করা ব্যক্তিদের সমালোচনা করে আরাঘচি বলেন, শেষ পর্যন্ত তাদের জন্য লজ্জা ও কলঙ্কই অবশিষ্ট থাকবে।
তবে মার্কিন সেনাদের হতাহতের সংখ্যা এবং ইরানের হামলায় সামরিক স্থাপনা ও বিমানের ক্ষয়ক্ষতি নিয়ে আরাঘচির দাবিগুলো স্বাধীনভাবে যাচাই করা হয়নি।
পিপল/এএইচ












