ইন্দোনেশিয়ায় ভয়াবহ ফেরি দুর্ঘটনায় ৬ জনের মৃত্যু ও ১২৯ জন নিখোঁজ। নিখোঁজদের উদ্ধারে চলছে বিমান, জাহাজ ও ডুবুরিদের অভিযান।

Photo Collected

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ
আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ায় উত্তাল সমুদ্রে একটি ফেরি ডুবে যাওয়ার পর নিখোঁজ ১২৯ যাত্রীর সন্ধানে ব্যাপক উদ্ধার অভিযান শুরু হয়েছে। জীবিতদের উদ্ধারে বিমান, নৌযান, ডুবুরি ও পানির নিচে চলাচলকারী ড্রোন মোতায়েন করা হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, ‘ভিরগো ট্রান্সপোর্ট ৮’ নামের ফেরিটিতে ২১৩ জন যাত্রী ও ৩০ জন ক্রু ছিলেন। পূর্ব জাভার দ্বিতীয় বৃহত্তম শহর সুরাবায়া থেকে যাত্রা শুরুর পর রোববার ভোরে ফেরিটির পরিচালনাকারী প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
জাকার্তা থেকে এএফপি জানায়, জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান মোহাম্মদ সিয়াফি সোমবার জানিয়েছেন, দুর্ঘটনায় ছয়জনের মৃত্যু নিশ্চিত হয়েছে। এর আগে ১০৮ জনকে জীবিত উদ্ধার করা হলেও আরও ১২৯ জন নিখোঁজ রয়েছেন।
উদ্ধার অভিযানে পাঁচটি বিমান ও ১৭টি নৌযান মোতায়েন করা হয়েছে। এসব নৌযানের মধ্যে নৌবাহিনীর যুদ্ধজাহাজও রয়েছে। উদ্ধারকারীরা ডুবে যাওয়া ফেরিটির অবস্থান শনাক্ত করেছেন। নিখোঁজদের সন্ধানে ফেরিটির ভেতর ও আশপাশের এলাকায় ডুবুরি এবং পানির নিচে চলাচলকারী ড্রোন ব্যবহার করা হবে।
মোহাম্মদ সিয়াফি বলেন, পানিতে ভেসে থাকা নিখোঁজদের দ্রুত খুঁজে বের করাকে অগ্রাধিকার দিয়ে অভিযানকে ছয়টি এলাকায় ভাগ করা হয়েছে। নিখোঁজদের জীবিত অবস্থায় উদ্ধারের আশা প্রকাশ করেন তিনি।
এদিকে পরিবহনমন্ত্রী দুডি পুরওয়াগান্ধি জানিয়েছেন, ফেরিটিতে অতিরিক্ত যাত্রী ছিল না। তার ভাষ্য, সর্বোচ্চ ৫০০ জন ধারণক্ষমতার ফেরিটিতে দুর্ঘটনার সময় যাত্রীসংখ্যা ছিল এর চেয়ে অনেক কম।
১৭ হাজারের বেশি দ্বীপ নিয়ে গঠিত ইন্দোনেশিয়ায় দ্বীপগুলোর মধ্যে যোগাযোগ ও পর্যটনের জন্য নৌযানের ওপর ব্যাপক নির্ভরতা রয়েছে। দেশটিতে প্রায়ই নৌ দুর্ঘটনা ঘটে। দুর্বল নিরাপত্তাব্যবস্থা ও অনিশ্চিত আবহাওয়াকে এসব দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে দেখা হয়।
এর আগে গত সপ্তাহে বানতেন প্রদেশের আনাক ক্রাকাতাউ আগ্নেয়গিরির কাছে আটজনকে বহনকারী একটি স্পিডবোট নিখোঁজ হয়। নিখোঁজদের মধ্যে স্থানীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমে কর্মরত পাঁচ সাংবাদিকও রয়েছেন। তাদের সন্ধানেও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
কেএইচ











