কোপেনহেগেনের উত্তরের উপকূলীয় শহর হেলসিংওরের সাতটি পরিবার তাদের সাবেক বাড়িওয়ালার বিরুদ্ধে ডেনমার্কের সুপ্রিম কোর্টে মামলা লড়ছে।
শুক্রবার শুরু হওয়া দুই দিনের শুনানিতে পরিবারগুলোর দাবি, তাদের নিজেদের কিংবা বাবা-মায়ের জন্মস্থানের কারণে তাদের বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে।
২০২২ সালে ২০১৮ সালের একটি আইনের ভিত্তিতে তাদের ইজারা বাতিল করা হয়। আইনটি একসময় ‘ঘেটো আইন’ নামে পরিচিত ছিল। এটি এমন সরকারি আবাসন এলাকাকে লক্ষ্য করে, যেখানে অর্ধেকের বেশি বাসিন্দা ‘অ-পশ্চিমা’ হিসেবে চিহ্নিত। সরকারের দাবি, এই আইনের উদ্দেশ্য সমন্বয় বা একীভূতকরণ নিশ্চিত করা। তবে মানবাধিকার সংগঠনগুলো বছরের পর বছর ধরে এসব ব্যবস্থার বিরোধিতা করে আসছে এবং সেগুলোকে বৈষম্যমূলক বলে আখ্যা দিচ্ছে।
পরিবারগুলোর আইনজীবী এডি খাওয়াজা সংবাদসংস্থা এএফপিকে বলেন, ‘প্রশ্ন হলো, ভাড়াটিয়াদের উৎসসংক্রান্ত মানদণ্ড নিরপেক্ষ কি না।’
তাহলে ‘অ-পশ্চিমা’ বলতে কী বোঝানো হয়, এবং আদালত কি এই আইন বাতিল করতে পারে? জেনে নেওয়া যাক প্রয়োজনীয় তথ্য।
‘অ-পশ্চিমা’ বলতে কী বোঝায়?
এটি একটি পরিসংখ্যানগত অভিধা, যা বিশ্বের বেশিরভাগ দেশকে অন্তর্ভুক্ত করে।
২০২০ সালে জাতিসংঘের মানবাধিকার দপ্তর জানায়, ডেনমার্কের অর্থনৈতিক ও অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রণালয়ের অধীন পরিসংখ্যান ডেনমার্ক ‘অ-পশ্চিমা’ বলতে ইইউর বাইরের সব দেশকে বোঝায়। তবে আন্দোরা, অস্ট্রেলিয়া, কানাডা, আইসল্যান্ড, লিচটেনস্টাইন, মোনাকো, নিউজিল্যান্ড, নরওয়ে, সান মারিনো, সুইজারল্যান্ড, যুক্তরাষ্ট্র ও ভ্যাটিকান সিটি এর ব্যতিক্রম।
জাতিসংঘের বিবৃতিতে বলা হয়, ‘এর ফল হলো, ‘অ-পশ্চিমা’ শব্দটি কার্যত ডেনমার্কের অশ্বেতাঙ্গ, অ-ইউরোপীয় জাতিগোষ্ঠীকে বোঝায়।’ এই অভিধায় বংশধররাও অন্তর্ভুক্ত। অর্থাৎ ডেনমার্কে জন্ম নেওয়া কোনো ব্যক্তির বাবা-মায়ের একজনও যদি দেশটির জন্মগত নাগরিক না হন, তবে তিনিও ‘অ-পশ্চিমা’ হিসেবে গণ্য হতে পারেন।
এর অর্থ, কোপেনহেগেনে জন্ম নেওয়া ও বেড়ে ওঠা একজন ডেনিশ নাগরিকও ‘অ-পশ্চিমা’ হিসেবে চিহ্নিত হতে পারেন।
আইনটি কীভাবে কাজ করে?
প্রতি বছরের ১ ডিসেম্বর সরকার ‘সমান্তরাল সমাজ’ চিহ্নিত করে। এগুলো হলো কমপক্ষে এক হাজার বাসিন্দার সরকারি আবাসন এলাকা, যেখানে ৫০ শতাংশের বেশি বাসিন্দা ‘অ-পশ্চিমা’ অভিবাসী ও তাদের বংশধর। এ ছাড়া বেকারত্ব, অপরাধ, শিক্ষা ও আয়—এই চারটি সূচকের যেকোনো দুটিতে এলাকাটিকে পিছিয়ে থাকতে হয়।
এই তালিকায় পাঁচ বছর থাকা এলাকাগুলো ‘রূপান্তর এলাকা’ হিসেবে বিবেচিত হয়। সরকার আগে এগুলোকে ‘কঠোর ঘেটো’ বলত।
এসব এলাকায় ২০৩০ সালের মধ্যে সরকারি পারিবারিক আবাসনের হার ৪০ শতাংশে নামিয়ে আনতে হবে। এজন্য বাড়ি বিক্রি, ভেঙে ফেলা বা অন্য উদ্দেশ্যে রূপান্তর করার পথ বেছে নিতে হবে।
একই ধরনের সামাজিক সমস্যা থাকলেও যেসব আবাসন এলাকায় ‘অ-পশ্চিমা’ বাসিন্দার সংখ্যা কম, সেগুলোর ক্ষেত্রে এমন বাধ্যবাধকতা নেই।
ডেনমার্ক কেন এই আইন প্রণয়ন করেছে?
সরকারের ভাষ্য অনুযায়ী, এর লক্ষ্য সমন্বয় বা একীভূতকরণ। আইনটি ‘এক ডেনমার্ক, সমান্তরাল সমাজ ছাড়া: ২০৩০ সালে কোনো ঘেটো নয়’ শীর্ষক একটি পরিকল্পনার অংশ।
২০২১ সালে তৎকালীন অভ্যন্তরীণ মন্ত্রী কার দিবভাদ বেক বলেন, একই এলাকায় বেশি সংখ্যক ‘অ-পশ্চিমা’ বিদেশির উপস্থিতি ‘ধর্মীয় ও সাংস্কৃতিক সমান্তরাল সমাজ গড়ে ওঠার ঝুঁকি বাড়ায়।’
কারা প্রভাবিত হয়েছেন?
হাজারো মানুষ এর প্রভাবের মধ্যে পড়েছেন। ভাড়াটিয়াদের সংগঠনগুলোর হিসাব অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে ডেনমার্কজুড়ে প্রায় ১১ হাজার মানুষকে বাড়ি ছাড়তে হবে।
হেলসিংওরে বাড়িওয়ালা প্রতিষ্ঠান বলিগার্ডেন ২০২০ সালের শুরুর দিকে ঘোষণা দেয়, তারা নইসোমহেড আবাসন এলাকার ৯৬টি অ্যাপার্টমেন্ট সংস্কার করবে। এরপর তারা ভাড়াটিয়াদের ইজারা বাতিল করে। ওই ভাড়াটিয়াদের অধিকাংশই বিদেশি বংশোদ্ভূত।
বাদীদের একজন ৩৩ বছর বয়সী রিয়াদ, যিনি তাঁর পারিবারিক নাম প্রকাশ করতে চাননি, এএফপিকে বলেন, ‘তারা চায়নি এই আবাসন এলাকাকে ‘কঠোর ঘেটো’ হিসেবে চিহ্নিত করা হোক। তাই আমরা যখন অন্য সমাধানের কথা বলেছি, তখন তারা আমাদের জোর করে সরিয়ে