ভারতে শিশু নির্যাতন-সংক্রান্ত কনটেন্ট সরাসরি কর্তৃপক্ষকে জানাবে গুগল

ভারতে শনাক্ত হওয়া শিশুদের যৌন নির্যাতন-সংক্রান্ত উপাদান বা চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউজ ম্যাটেরিয়াল (সিএসএএম) সরাসরি দেশটির কর্তৃপক্ষকে জানানোর বিষয়ে সম্মত হয়েছে

News

Photo Collected


অনলাইন ডেস্ক

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ

প্রকাশ:

ভারতে শনাক্ত হওয়া শিশুদের যৌন নির্যাতন-সংক্রান্ত উপাদান বা চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউজ ম্যাটেরিয়াল (সিএসএএম) সরাসরি দেশটির কর্তৃপক্ষকে জানানোর বিষয়ে সম্মত হয়েছে গুগল। এর ফলে এ ধরনের কনটেন্ট রিপোর্ট করার ক্ষেত্রে কোম্পানিটির প্রচলিত বৈশ্বিক ব্যবস্থায় পরিবর্তন আসছে।

এতদিন গুগল ও অন্যান্য প্রযুক্তি কোম্পানি এ ধরনের রিপোর্ট প্রথমে যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক সংস্থা ন্যাশনাল সেন্টার ফর মিসিং অ্যান্ড এক্সপ্লয়টেড চিলড্রেন (এনসিএমইসি)-এর কাছে পাঠাত। পরে সংস্থাটি সংশ্লিষ্ট দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে তা পাঠাত।

রয়টার্সকে ভারতের দুই সরকারি কর্মকর্তা জানিয়েছেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে ভারত সরকার গুগল, মাইক্রোসফটসহ প্রযুক্তি কোম্পানিগুলোর ওপর চাপ বাড়িয়েছে, যাতে ভারত-সম্পর্কিত শিশু নির্যাতনের কনটেন্টের রিপোর্ট সরাসরি ভারতীয় কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়। কর্মকর্তাদের উদ্বেগ ছিল, বর্তমান মধ্যবর্তী ব্যবস্থার কারণে রিপোর্ট পৌঁছাতে গুরুত্বপূর্ণ সময় নষ্ট হতে পারে।

গুগলের এক মুখপাত্র বলেন, শিশুদের যৌন নির্যাতন-সংক্রান্ত উপাদান শনাক্ত, প্রতিরোধ, অপসারণ ও রিপোর্ট করার জন্য কোম্পানিটি উল্লেখযোগ্য বিনিয়োগ করে। প্রস্তাবিত পরিবর্তনটি ভারত সরকারের সঙ্গে গুগলের চলমান আলোচনার অংশ বলেও জানান তিনি।

ব্যবহারকারীর সংখ্যার দিক থেকে ভারত মেটার ফেসবুক এবং গুগলের ইউটিউব—উভয় প্ল্যাটফর্মেরই সবচেয়ে বড় বাজার।

গুগলের আগে গত সপ্তাহে একই ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছিল মেটা। এর আগে কয়েক সপ্তাহ ধরে ভারত সরকারের সঙ্গে মেটার টানাপোড়েন চলছিল। গত মাসে মেটার সিইও মার্ক জাকারবার্গও তাদের প্ল্যাটফর্মে শিশুদের যৌন নির্যাতন-সংক্রান্ত উপাদান ছড়িয়ে পড়ার ঘটনায় ক্ষমা চেয়েছিলেন।

এনসিএমইসির পরিচালিত সাইবারটিপলাইন ২০২৫ সালে বিশ্বজুড়ে শিশুদের যৌন শোষণের সন্দেহে ২ কোটি ১৩ লাখের বেশি রিপোর্ট পেয়েছে। এ ধরনের কনটেন্ট বিশ্বব্যাপী একটি বড় ও ক্রমবর্ধমান সমস্যা হয়ে উঠেছে।

যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন দেশের প্রযুক্তি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্মকর্তারা প্রযুক্তি কোম্পানিগুলোকে এ ধরনের কনটেন্ট শনাক্ত ও রিপোর্ট করার প্রক্রিয়া আরও দ্রুত করার আহ্বান জানিয়েছেন।

তবে অধিকাংশ দেশ এখনো আন্তর্জাতিক পর্যায়ে এসব রিপোর্ট গ্রহণ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানোর ক্ষেত্রে এনসিএমইসিকেই প্রধান সমন্বয়কারী হিসেবে ব্যবহার করে।

পিপল/এনটি


সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ