এক সপ্তাহে সৌদি আরব থেকে ১১ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠানো হলো

আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে সৌদি আরবে প্রায় ১২ হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে ১১ হাজার ৪১৮ জনকে ইতোমধ্যে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

News

ছবিঃ সংগ্রহীত


অনলাইন ডেস্ক

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ

প্রকাশ:

আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবে এক সপ্তাহে ১১ হাজার ৯৫২ জনকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। তাঁদের মধ্যে ১১ হাজারের বেশি অভিবাসীকে ইতোমধ্যে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ৫ থেকে ১১ নভেম্বর পর্যন্ত দেশটির বিভিন্ন এলাকায় সরকারি সংস্থাগুলোর সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে ৬ হাজার ১৬৩ জন আবাসন আইন, ৩ হাজার ২২৫ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ২ হাজার ৫৬৪ জন শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন।

এ ছাড়া একই সময়ে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করার অভিযোগে ১ হাজার ৬৫৩ জনকে আটক করা হয়েছে। দেশটি থেকে অবৈধভাবে বের হওয়ার চেষ্টার অভিযোগে আটক হয়েছেন আরও ২৯ জন।

আইন লঙ্ঘনকারীদের পরিবহন, আশ্রয় দেওয়া কিংবা কাজে নিয়োগের অভিযোগে এ সময় আরও ১৫ জনকে গ্রেপ্তার করেছে নিরাপত্তা বাহিনী।

ফেরত পাঠানো হয়েছে ১১ হাজার ৪১৮ জনকে

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অভিযানে আটক ব্যক্তিদের মধ্যে ১১ হাজার ৪১৮ জনকে ইতোমধ্যে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। ভ্রমণের প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহের জন্য ২২ হাজার ৪৫১ জনকে নিজ নিজ দেশের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। এ ছাড়া দেশে ফেরার আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করতে আরও ৯ হাজার ৮০০ জনকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

বর্তমানে সৌদি আরবে মোট ৪০ হাজার ৭৬২ জন প্রবাসী আইনগত প্রক্রিয়ার মধ্যে রয়েছেন। তাঁদের মধ্যে ৩৮ হাজার ৩৮৩ জন পুরুষ এবং ২ হাজার ৩৭৯ জন নারী।

সহযোগিতায় কঠোর শাস্তির সতর্কতা

অবৈধভাবে সৌদি আরবে প্রবেশে সহায়তা, দেশটির অভ্যন্তরে আইন লঙ্ঘনকারীদের পরিবহন, আশ্রয় দেওয়া কিংবা অন্য কোনোভাবে সহযোগিতা করার বিষয়ে কঠোর সতর্কতা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয় জানিয়েছে, এসব অপরাধে জড়িত ব্যক্তিদের সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। পাশাপাশি অপরাধে ব্যবহৃত যানবাহন এবং অবৈধ অভিবাসীদের আশ্রয় দেওয়ার কাজে ব্যবহৃত সম্পত্তিও বাজেয়াপ্ত করা হতে পারে।

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ