প্রতিবছরই জাতিসংঘ সাধারণ পরিষদের নিয়মিত অধিবেশন হয়ে ওঠে বিশ্ব রাজনীতির গুরুত্বপূর্ণ এক মঞ্চ। এই মঞ্চে যেমন দেখা গেছে ঐক্য ও কূটনৈতিক সাফল্যের নজির, তেমনি ঘটেছে
Collected

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ
প্রতিবছরই জাতিসংঘ সাধারণ পরিষদের নিয়মিত অধিবেশন হয়ে ওঠে বিশ্ব রাজনীতির গুরুত্বপূর্ণ এক মঞ্চ। এই মঞ্চে যেমন দেখা গেছে ঐক্য ও কূটনৈতিক সাফল্যের নজির, তেমনি ঘটেছে উত্তেজনা, তীব্র বাক্যবিনিময় ও নানা নজিরবিহীন ঘটনা। ক্ষোভ প্রকাশে টেবিল চাপড়ানো, টেবিলের ওপর জুতো তুলে দেওয়া, প্রকাশ্যে তীব্র বক্তব্য কিংবা অধিবেশন বর্জন—সবকিছুরই সাক্ষী হয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদ।
১৯৪৬ সালে ৫১টি সদস্য রাষ্ট্রের অংশগ্রহণে জাতিসংঘ সাধারণ পরিষদের নিয়মিত অধিবেশনের যাত্রা শুরু হয়। সময়ের সঙ্গে সদস্য রাষ্ট্রের সংখ্যা যেমন বেড়েছে, তেমনি এই বৈশ্বিক মঞ্চও সাক্ষী হয়েছে বিশ্ব রাজনীতির নানা গুরুত্বপূর্ণ ও নাটকীয় ঘটনার। জাতিসংঘের ৮১ বছরের ইতিহাসে আলোচিত এমন কয়েকটি মুহূর্ত তুলে ধরা হলো এই প্রতিবেদনে।
খ্রুশচেভের টেবিল চাপড়ানো
শীতল যুদ্ধের ইতিহাসে জাতিসংঘের অন্যতম আলোচিত ঘটনা ১৯৬০ সালে সোভিয়েত নেতা নিকিতা খ্রুশচেভের ক্ষোভ প্রকাশ। মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও নিন্দা জানাতে তিনি টেবিল চাপড়েছিলেন বলে ব্যাপকভাবে আলোচিত হয়।
কথিত আছে, পূর্ব ইউরোপে তৎকালীন সোভিয়েত নীতির সমালোচনা করে ফিলিপাইনের এক প্রতিনিধির বক্তব্যে ক্ষুব্ধ হয়ে নিজের জুতো খুলে টেবিলে চাপড়ান খ্রুশচেভ। ঘটনাটি পরে জাতিসংঘ অধিবেশনের ইতিহাসের অন্যতম প্রতীকী মুহূর্ত হয়ে ওঠে।
কাস্ত্রোর ২৬৯ মিনিটের ভাষণ
একই বছর কিউবার প্রয়াত নেতা ফিদেল কাস্ত্রো জাতিসংঘ সাধারণ পরিষদের ইতিহাসে দীর্ঘতম ভাষণ দেন। নির্ধারিত ১৫ মিনিটের সময়সীমা পেরিয়ে তিনি টানা ২৬৯ মিনিট বক্তব্য রাখেন।
তার দীর্ঘ ভাষণ তখন আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
আরাফাতের ঐতিহাসিক ভাষণ
১৯৭৪ সালে জাতিসংঘের সদস্য নয়—এমন একটি পক্ষের প্রতিনিধি হিসেবে প্রথমবার সাধারণ পরিষদে বক্তব্য দেন ফিলিস্তিনি নেতা ইয়াসির আরাফাত।
ভাষণে শান্তির প্রতীক জলপাইয়ের ডালের কথা উল্লেখ করে তিনি অহিংসার বার্তা দেন। একই সঙ্গে ফিলিস্তিনিদের স্বাধীনতার লড়াইয়ের প্রতীক হিসেবে বন্দুকের প্রসঙ্গও তুলে ধরেন। তার বক্তব্য জাতিসংঘে ফিলিস্তিন প্রশ্নকে নতুন মাত্রায় আলোচনায় নিয়ে আসে।
শাভেজের ‘শয়তান’ মন্তব্য
২০০৬ সালে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে বক্তব্য দেন যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। তার পরদিন একই মঞ্চে বক্তব্য দিতে গিয়ে তৎকালীন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শাভেজ বুশকে ‘শয়তান’ আখ্যা দিয়ে আলোচনায় আসেন।
শাভেজ বলেন, গতকাল যে ব্যক্তি এই মঞ্চে দাঁড়িয়েছিলেন, তাকে তিনি ‘শয়তান’ মনে করেন এবং তার উপস্থিতির কারণে এখনো সেখানে ‘সালফারের গন্ধ’ রয়েছে।
তার এই বক্তব্য মুহূর্তেই আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ব্যাপক আলোচনার বিষয় হয়ে ওঠে।
গাদ্দাফির ৯৫ মিনিটের ভাষণ
লিবিয়ার দীর্ঘদিনের শাসক মুয়াম্মার গাদ্দাফি ২০০৯ সালে প্রথমবার জাতিসংঘ সাধারণ পরিষদের মঞ্চে বক্তব্য দেন।
নির্ধারিত ১৫ মিনিটের পরিবর্তে প্রায় ৯৫ মিনিট বক্তব্য দেন তিনি। দীর্ঘ ভাষণের একপর্যায়ে উপস্থিত অনেক শ্রোতাকে ঘুমিয়ে পড়তে দেখে তাদের উদ্দেশেও মন্তব্য করেন গাদ্দাফি।
তিনি জানতে চান, সবাই ঘুমিয়ে পড়ছেন কি না বা ক্লান্ত কি না।
বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, গাদ্দাফির দীর্ঘ বক্তব্যের একপর্যায়ে তার অনুবাদকও ক্লান্ত হয়ে জ্ঞান হারান। এরপরও বক্তব্য থামাননি তিনি।
একপর্যায়ে হাতে থাকা জাতিসংঘ সনদের একটি অনুলিপি ছুড়ে ফেলেন গাদ্দাফি। জাতিসংঘের কর্তৃত্ব নিয়েও প্রশ্ন তোলেন তিনি। নিরাপত্তা পরিষদের ভেটো ক্ষমতার সমালোচনা করে পাঁচ স্থায়ী সদস্যকে ‘সন্ত্রাসী পরিষদ’ বলেও মন্তব্য করেন।
আহমাদিনেজাদের বক্তব্যে ওয়াকআউট
২০১১ সালে ইরানের তৎকালীন প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ পশ্চিমা শক্তির সমালোচনা করে জাতিসংঘে বক্তব্য দেন।
তার বক্তব্যের প্রতিবাদে মার্কিন ও ফরাসি প্রতিনিধি দলসহ কয়েকটি দেশের প্রতিনিধিরা অধিবেশনস্থল থেকে বেরিয়ে যান।
আহমাদিনেজাদ তার বক্তব্যে পশ্চিমা সংবাদমাধ্যম ও সাম্রাজ্যবাদী শক্তির সমালোচনা করেন। নাৎসি হত্যাযজ্ঞ ও ৯/১১-এর ঘটনা নিয়ে প্রশ্ন তোলা হলে নিষেধাজ্ঞা ও সামরিক অভিযানের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।
ট্রাম্পের ‘রকেট ম্যান’ মন্তব্য
২০১৭ সালে জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া প্রথম ভাষণে উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি নিয়ে কঠোর হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
উত্তর কোরিয়াকে ‘পুরোপুরি ধ্বংস’ করার হুমকি দেওয়ার পাশাপাশি দেশটির নেতা কিম জং উনকে ‘রকেট ম্যান’ বলে অভিহিত করেন তিনি।
ট্রাম্প বলেন, উত্তর কোরিয়ার নেতা নিজের এবং তার শাসনব্যবস্থার জন্য একটি আত্মঘাতী অভিযানে নেমেছেন।
তার এই বক্তব্য উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি ঘিরে তৎকালীন উত্তেজনাকে আরও আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রে নিয়ে আসে।
নেতানিয়াহুর দুই মানচিত্র
২০২৪ সালে জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে দুই হাতে মধ্যপ্রাচ্যের দুটি মানচিত্র নিয়ে হাজির হন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু।
একটি মানচিত্রকে তিনি ‘আশীর্বাদের মানচিত্র’ এবং অন্যটিকে ‘অভিশাপের মানচিত্র’ হিসেবে উপস্থাপন করেন।
এসব মানচিত্রের মাধ্যমে মধ্যপ্রাচ্যে ইসরাইলের অবস্থান, দেশটির আঞ্চলিক সম্পর্ক এবং ইরানের প্রভাব নিয়ে নিজের বক্তব্য তুলে ধরেন তিনি।
জাতিসংঘ সাধারণ পরিষদের দীর্ঘ ইতিহাসে এ ধরনের বক্তব্য, আচরণ ও প্রতীকী উপস্থাপনাগুলো শুধু অধিবেশনকেই আলোচিত করেনি, বরং সমসাময়িক বিশ্ব রাজনীতির উত্তেজনা ও বিভাজনেরও প্রতিফলন ঘটিয়েছে।
পিপল/এনটি












