এআইয়ের ভুলে চীন-যুক্তরাষ্ট্র সংঘাতের পরিস্থিতি সৃষ্টি হয়েছিল

এআইয়ের ভুল গোয়েন্দা তথ্যে চীনা জাহাজে অভিযান চালাতে যাচ্ছিল যুক্তরাষ্ট্র। শেষ মুহূর্তে ভুল ধরা পড়ায় এড়ানো যায় সম্ভাব্য সংঘাত।

News

Photo Collected


অনলাইন ডেস্ক

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ

প্রকাশ:

আন্তর্জাতিক ডেস্ক : এআইয়ের সহায়তায় তৈরি একটি ভুল গোয়েন্দা প্রতিবেদনের কারণে চীনের একটি জাহাজের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর কাছাকাছি চলে গিয়েছিল যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনীর অভ্যন্তরীণ ঘটনা সম্পর্কে অবগত চারটি সূত্রের বরাত দিয়ে সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনটি ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধ চলাকালে মার্কিন সামরিক বাহিনীতে ছড়িয়ে পড়ে। এতে দাবি করা হয়েছিল, মধ্যপ্রাচ্যে অবস্থানরত একটি চীনা জাহাজে পারমাণবিক অস্ত্র কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট উপকরণ পরিবহন করা হচ্ছে।

গোয়েন্দা প্রতিবেদনটি পাওয়ার পর জাহাজটি আটকানোর প্রস্তুতি নেয় মার্কিন সামরিক বাহিনী। সিএনএনের সূত্রগুলোর মধ্যে দুজন জানান, জাহাজে ওঠার জন্য সশস্ত্র মার্কিন সেনারা প্রস্তুত ছিলেন। আরও দুই সূত্রের দাবি, এ সময় সামরিক বিমানও আকাশে অবস্থান করছিল।

তবে অভিযান শুরুর ঠিক আগে কর্মকর্তারা গোয়েন্দা তথ্যটি আরও গভীরভাবে যাচাই করেন। তখন জানা যায়, ইউএস স্পেশাল অপারেশনস কমান্ডের এক বিশ্লেষক এআই চ্যাটবটের সহায়তায় প্রতিবেদনটি তৈরি করেছিলেন। চ্যাটবটটি জাহাজের পণ্য সম্পর্কে ভুল তথ্য দিয়েছিল।

জাহাজটিতে প্রকৃতপক্ষে কী ধরনের পণ্য ছিল, তা সিএনএন নিশ্চিত করতে পারেনি। তবে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট এক সূত্র এআই-নির্ভর প্রতিবেদনটিকে ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে বর্ণনা করেন এবং বলেন, এটি ‘প্রায় একটি যুদ্ধ শুরু করে দিয়েছিল’।

চীনা একটি জাহাজের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযান চালানো হলে তা দুই পরাশক্তির মধ্যে সরাসরি সামরিক সংঘাতের ঝুঁকি তৈরি করতে পারত।

যেভাবে তৈরি হয় ভুল তথ্য

জাহাজটির পণ্য তালিকা নিয়ে পাওয়া গোয়েন্দা তথ্য বিশ্লেষণের সময় ওই মার্কিন বিশ্লেষক একটি এআই চ্যাটবট ব্যবহার করেন। তথ্যের একটি অংশ এসেছিল হাওয়াইভিত্তিক ইউএস স্পেশাল অপারেশনস কমান্ড প্যাসিফিক থেকে।

চ্যাটবটটি সরকারি সংরক্ষণে থাকা গোপন সংকেতভিত্তিক গোয়েন্দা তথ্যের সঙ্গে উন্মুক্ত উৎসের তথ্য একত্র করে জাহাজের পণ্য সম্পর্কে একটি সিদ্ধান্তে পৌঁছায়। পরে বিশ্লেষক এআইয়ের সহায়তায় পাওয়া তথ্যকে প্রচলিত গোয়েন্দা প্রতিবেদনের কাঠামোয় সাজান।

প্রতিবেদনটি দেখতে প্রচলিত গোয়েন্দা নথির মতো হওয়ায় তা সামরিক কর্মকর্তাদের কাছে বিশ্বাসযোগ্য বলে বিবেচিত হয় এবং বিভিন্ন পর্যায়ে ছড়িয়ে পড়ে। ব্যবহৃত এআইটি বাণিজ্যিক কোনো চ্যাটবট ছিল নাকি মার্কিন সরকারের নিজস্ব ব্যবস্থা, তা স্পষ্ট নয়।

ঘটনা সম্পর্কে মন্তব্যের জন্য সিএনএনের পক্ষ থেকে ইউএস স্পেশাল অপারেশনস কমান্ড প্যাসিফিক ও পেন্টাগনের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কোনো মন্তব্য করেনি।

সামরিক বাহিনীতে বাড়ছে এআইয়ের ব্যবহার

মার্কিন সামরিক ও গোয়েন্দা সংস্থাগুলো তথ্য বিশ্লেষণ, সামরিক লক্ষ্য নির্ধারণ, বাজেট ব্যবস্থাপনা, রসদ ও সরবরাহ ব্যবস্থাপনাসহ বিভিন্ন ক্ষেত্রে এআইয়ের ব্যবহার বাড়াচ্ছে।

সামরিক কর্মকর্তাদের মতে, বিপুল পরিমাণ গোয়েন্দা তথ্য দ্রুত বিশ্লেষণ এবং যুদ্ধক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণের গতি বাড়াতে এআই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে চীনসহ সম্ভাব্য প্রতিপক্ষের সঙ্গে ভবিষ্যৎ সংঘাতে প্রযুক্তিগত সক্ষমতা ধরে রাখার বিষয়টিও এআই ব্যবহারের অন্যতম কারণ।

জানুয়ারিতে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সামরিক বাহিনীতে এআইয়ের ব্যবহার ত্বরান্বিত করতে ‘Artificial Intelligence Acceleration Strategy’ প্রকাশ করেন। এর লক্ষ্য ছিল আমলাতান্ত্রিক বাধা কমানো, এআইয়ের পরীক্ষামূলক ব্যবহার বাড়ানো এবং প্রায় ৩০ লাখ বেসামরিক ও সামরিক কর্মীর কাছে এ প্রযুক্তি পৌঁছে দেওয়া।

তবে মার্কিন কর্মকর্তাদের মতে, সামরিক বাহিনীতে এআই ব্যবহারের উদ্যোগটি অনেকটাই বিকেন্দ্রীভূত। বিভিন্ন সরকারি সংস্থা ভিন্ন ভিন্ন এআই ব্যবস্থা, নির্দেশনা ও নিরাপত্তা মানদণ্ড ব্যবহার করছে। এআইয়ের তৈরি তথ্য যাচাইয়ের ক্ষেত্রেও পুরো সামরিক বাহিনীর জন্য একক কোনো মানদণ্ড নেই।

সামরিক লক্ষ্য নির্ধারণে নতুন উদ্বেগ

চীনা জাহাজের ঘটনাটি সামরিক ক্ষেত্রে এআই ব্যবহারের একটি গুরুত্বপূর্ণ ঝুঁকি সামনে এনেছে—এআইয়ের ভুল তথ্য যদি যাচাই ছাড়াই যুদ্ধসংক্রান্ত সিদ্ধান্তে প্রভাব ফেলে।

বিশেষ করে সামরিক লক্ষ্য নির্ধারণে এআইয়ের ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে ভুল লক্ষ্যবস্তুতে হামলা, বেসামরিক হতাহত কিংবা নিজেদের বাহিনীর ওপর ভুল হামলার আশঙ্কা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

মার্কিন সামরিক নীতির সঙ্গে পরিচিত এক সূত্রের মতে, লক্ষ্য নির্ধারণে এআইয়ের ব্যবহার বাড়লেও সিদ্ধান্ত গ্রহণের পর্যায়ে মানুষের তদারকি কীভাবে সম্ভাব্য ভুল ঠেকাবে, সে বিষয়ে এখনো পর্যাপ্ত নির্দেশনা নেই।

গোয়েন্দা সম্প্রদায়ের এক সূত্র দাবি করেছেন, এআইয়ের তথাকথিত ‘হ্যালুসিনেশন’—অর্থাৎ বাস্তবতার সঙ্গে অসঙ্গত বা সম্পূর্ণ ভুল তথ্য তৈরি—শুধু এই একটি ঘটনাতেই সীমাবদ্ধ নয়।

এআই ব্যবহারের পক্ষে থাকা কর্মকর্তাদের পাশাপাশি কিছু অভিজ্ঞ গোয়েন্দা কর্মকর্তা সতর্ক করছেন যে দ্রুত প্রতিবেদন তৈরি ও ছড়িয়ে দেওয়ার চাপ বিশ্লেষকদের ভুলের ঝুঁকি বাড়াতে পারে। প্রযুক্তির ওপর অতিরিক্ত নির্ভরতা এবং পর্যাপ্ত যাচাই ছাড়া এআইয়ের ফলাফল গ্রহণ করাও ভবিষ্যতে সামরিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।

কেএইচ

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ