সংসদে ব্যাংক রেজল্যুশন আইনের বিতর্কিত ধারা বাতিল

ব্যাংক রেজল্যুশন আইন ২০২৬-এর বিতর্কিত ১৮(ক) ধারা বাতিল করে সংশোধনী বিল পাস করেছে জাতীয় সংসদ। ধারা নিয়ে আগে তৈরি হয়েছিল মালিকানা ফেরার বিতর্ক...

News

Photo Collected


অনলাইন ডেস্ক

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ

প্রকাশ:

সংকটে পড়া ব্যাংকের সাবেক শেয়ারহোল্ডারদের পুনরায় শেয়ার, সম্পদ ও দায়ের মালিকানা পাওয়ার সুযোগ তৈরি করতে পারে—এমন সমালোচনার মুখে ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬-এর ১৮(ক) ধারা বাতিল করা হয়েছে। এ সংক্রান্ত ‘ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে পাস হয়েছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বিলটি উত্থাপন করেন। পরে কণ্ঠভোটে বিলটি পাস হয়। এর আগে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি বিলের ওপর তাদের প্রতিবেদন সংসদে উপস্থাপন করে।

বিল পাসের সময় অর্থমন্ত্রী বলেন, ১৮(ক) ধারা যুক্ত করার মূল লক্ষ্য ছিল সংকটে পড়া তফসিলি ব্যাংক পুনর্গঠনের ক্ষেত্রে বাজারভিত্তিক একটি বিকল্প ব্যবস্থা তৈরি করা। এর মাধ্যমে ব্যাংকের মূলধন ও তারল্য সংকট মোকাবিলা, আমানতকারী ও বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা এবং ব্যাংক অবসায়নের পরিবর্তে পুনর্গঠনের মাধ্যমে সরকারি অর্থের ওপর চাপ কমানোর সুযোগ তৈরি করার কথা ছিল।

তবে ধারাটিতে যোগ্য ব্যক্তি বা প্রতিষ্ঠানের অংশগ্রহণ নিশ্চিত করতে কঠোর শর্ত রাখা হয়েছিল। আইন কার্যকর হওয়ার পর থেকে কোনো শেয়ারহোল্ডার, ব্যক্তি বা প্রতিষ্ঠান ওই সব শর্ত পূরণ করে আবেদন করেনি বলে জানান অর্থমন্ত্রী।

তার ভাষায়, ধারাটির উদ্দেশ্য বাস্তবে কার্যকর না হওয়ায় সরকার এটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে।

কেন বিতর্কিত ছিল ১৮(ক) ধারা

ব্যাংক রেজল্যুশন আইন পাসের পর থেকেই ১৮(ক) ধারা নিয়ে বিতর্ক তৈরি হয়। সমালোচকদের আশঙ্কা ছিল, এর মাধ্যমে রেজল্যুশনের আওতায় থাকা ব্যাংকের সাবেক পরিচালক বা শেয়ারহোল্ডাররা নির্দিষ্ট শর্তে পুনরায় ব্যাংকের মালিকানায় ফেরার সুযোগ পেতে পারেন।

ধারাটির অধীনে কোনো ব্যাংক রেজল্যুশন প্রক্রিয়ায় যাওয়ার আগে ওই ব্যাংকের শেয়ারধারী ব্যক্তিরা বাংলাদেশ ব্যাংকের কাছে ব্যাংকটির শেয়ার, সম্পদ ও দায় পুনরায় অধিগ্রহণের আবেদন করতে পারতেন। একই সুযোগ উপযুক্ত অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকেও দেওয়ার ক্ষমতা ছিল বাংলাদেশ ব্যাংকের।

বিশেষ করে পাঁচটি সমস্যাগ্রস্ত ইসলামী ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠনের উদ্যোগের সময় ধারাটি নিয়ে আলোচনা তীব্র হয়। সংশ্লিষ্ট ব্যাংকগুলোর সাবেক পরিচালক ও শেয়ারহোল্ডাররা পুনরায় মালিকানায় ফিরে আসার সুযোগ পেতে পারেন—এমন আশঙ্কা থেকেই তখন প্রশ্ন ওঠে।

কী ছিল সরকারের অবস্থান

অর্থমন্ত্রী বলেন, ব্যাংক পুনর্গঠনে অংশ নেওয়া ব্যক্তি বা প্রতিষ্ঠানের সক্ষমতা নিশ্চিত করতে ১৮(ক) ধারায় কঠোর নিয়ন্ত্রক শর্ত নির্ধারণ করা হয়েছিল। কিন্তু আইন কার্যকর হওয়ার পর কোনো আবেদনকারীই নির্ধারিত সব শর্ত পূরণ করতে পারেননি।

সংশোধনী বিলের উদ্দেশ্য ও কারণসংবলিত বিবৃতিতেও বলা হয়েছে, ধারাটির অধীনে এখন পর্যন্ত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান আবেদন না করায় এটি বাতিল করাই সমীচীন।

উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের জারি করা ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশে ১৮(ক) ধারা ছিল না। পরবর্তীতে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর অধ্যাদেশ সংশোধন ও অনুমোদনের সময় ধারাটি যুক্ত করা হয়।

সংসদে বিলটি পাস হওয়ার মধ্য দিয়ে ব্যাংক রেজল্যুশন আইন থেকে ১৮(ক) ধারা আনুষ্ঠানিকভাবে বাদ দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হলো।

পিপল/এএইচ

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ