ডেঙ্গু প্রতিরোধে ১৪ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে সাত দিনের পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী যুবদল...

Photo Collected

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ
ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে দেশব্যাপী সাত দিনের বিশেষ কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী যুবদল। সোমবার (১৪ সেপ্টেম্বর) থেকে শুরু হয়ে এ কর্মসূচি চলবে ২০ সেপ্টেম্বর পর্যন্ত।
রোববার (১৩ সেপ্টেম্বর) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক প্রেস বিজ্ঞপ্তিতে কর্মসূচির বিষয়টি জানানো হয়। এতে সারাদেশে পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যুবদলের উদ্যোগে জেলা ও মহানগর পর্যায় থেকে শুরু করে উপজেলা, থানা ও পৌর ইউনিটগুলোতে এসব কর্মসূচি পরিচালনা করা হবে। স্থানীয় প্রশাসন, স্বেচ্ছাসেবী সংগঠন এবং যুবসমাজকে সম্পৃক্ত করে সমন্বিতভাবে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রম চালানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপি সংশ্লিষ্ট ইউনিটগুলোর নেতাকর্মীদের এ বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন।
কর্মসূচির মাধ্যমে ডেঙ্গুর বিস্তার রোধে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছে সংগঠনটি।
পিপল/এএইচ












