জাতির মেরুদণ্ড কেন আন্দোলনে?

এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলন, প্রশ্নপত্রের ভুল ও শিক্ষামন্ত্রীর ক্ষমা চাওয়ার নেপথ্য কারণ এবং শিক্ষার্থীদের সতর্ক থাকার আহ্বান।

News

Photo Collected


অনলাইন ডেস্ক

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ

প্রকাশ:

প্রবাদ আছে—"শিক্ষাই জাতির মেরুদণ্ড"। আর সেই মেরুদণ্ডের মূল অংশ হলো আমাদের শিক্ষার্থীরা। শারীরবৃত্তীয়ভাবে মেরুদণ্ডের ব্যথার পেছনে যেমন থাকে অস্বাস্থ্যকর জীবনযাপন বা ভুল ভঙ্গিতে বসে থাকা, তেমনি আজ যখন আমাদের জাতির সেই "মেরুদণ্ড" অর্থাৎ শিক্ষার্থীরা রাজপথে ভুগছে, তখন বুঝতে হবে এই ব্যথার কারণ ভিন্ন। ত্রুটিপূর্ণ শিক্ষাব্যবস্থা, প্রতিকূল সময়ে পরীক্ষা, প্রশ্নপত্রে ভুল এবং শিক্ষাপ্রতিষ্ঠানের অব্যবস্থাপনাই আজ শিক্ষার্থীদের রাজপথে নামতে বাধ্য করেছে।

সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফরের একটি চিত্র এখানে অত্যন্ত প্রাসঙ্গিক। পথে একদল শিক্ষার্থী প্রধানমন্ত্রীর সাথে সেলফি তোলার আবদার জানালে তিনি পরম মমতায় নিজের হাতে সেলফি তোলেন এবং তাদের হাতে ক্রীড়াসামগ্রী তুলে দেন। এই ঘটনাটি কেবল একটি সাধারণ সৌজন্যতা নয়, বরং শিক্ষার্থীদের প্রতি রাষ্ট্রপ্রধানের ভালোবাসার এক অনন্য বহিঃপ্রকাশ। এটি প্রমাণ করে যে, জোর-জুলুম নয়, পরম মমতা ও আন্তরিকতা দিয়ে যেকোনো পরিস্থিতি জয় করা সম্ভব।

বর্তমানে শিক্ষার্থীরা যেসব বিষয় নিয়ে আন্দোলন করছে, তার মূলে রয়েছে প্রতিকূল ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে জোরপূর্বক এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া এবং পরীক্ষায় ভুল প্রশ্নপত্র সরবরাহ করা। এই সমস্যাগুলো শিক্ষার্থীদের চরম মানসিক চাপে ফেলেছে, যার সমাধান মোটেও কোনো রকেট সায়েন্স ছিল না। কর্তৃপক্ষ চাইলে প্রথম দিনই পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রশ্নপত্রের ভুল স্বীকার করে ৬ ও ৭ নম্বর প্রশ্নের জন্য পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়ার ঘোষণা দিতে পারত এবং একই সাথে দায়িত্বহীনদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া যেত।

কিন্তু তা না করে জল ঘোলা করে পানি খাওয়ার মতো পরিস্থিতি তৈরি করা হলো। শিক্ষার্থীদের ক্ষোভ যখন রাজপথ পেরিয়ে জাতীয় সংসদ ভবনের আঙিনায় পৌঁছাল, তখনই কেবল শিক্ষামন্ত্রীকে "স্যরি" বলতে হলো এবং শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো। অথচ এই সঠিক সিদ্ধান্তটি শুরুতেই নেওয়া যেত।

ভুল সংশোধন ও ক্ষমা প্রার্থনার পরও যখন আন্দোলনের মোড় অন্যদিকে ঘোরে, তখন কিছু প্রশ্ন জাগা স্বাভাবিক। মঙ্গলবার আন্দোলনকারী শিক্ষার্থীদের একাংশের দাবি ছিল যে পরীক্ষায় কঠিন প্রশ্ন করা যাবে না। এখানেই আমাদের একটু ভাবা দরকার, কারণ পড়াশোনা না করলে যেকোনো প্রশ্নই কঠিন মনে হওয়া স্বাভাবিক। শিক্ষামন্ত্রীর ক্ষমা এবং দোষীদের শাস্তির পরও যখন এই অজুহাতে আন্দোলন চালিয়ে যাওয়ার চেষ্টা করা হয়, তখন সন্দেহ জাগে যে এই আন্দোলনের পেছনে অন্য কোনো উদ্দেশ্য লুকিয়ে নেই তো?

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিও ক্লিপ ও তথ্যে কিছু অদ্ভুত বিষয় লক্ষ করা যাচ্ছে, যেমন এইচএসসি শিক্ষার্থীদের আন্দোলনে দশম শ্রেণীর শিক্ষার্থীদের উপস্থিতি এবং শিক্ষামন্ত্রী বা ছাত্রদল নেতাদের নামে ছড়ানো ভুয়া ও বানোয়াট ফটোকার্ড। এসব ঘটনা স্পষ্ট ইঙ্গিত দেয় যে কোমলমতি শিক্ষার্থীদের এই যৌক্তিক আন্দোলনকে পুঁজি করে জল ঘোলা করার চেষ্টা করছে স্বার্থান্বেষী কোনো গোষ্ঠী।

প্রিয় কোমলমতি শিক্ষার্থী বন্ধুরা, অন্যের পাতা ফাঁদে পা দেবে না। জুলাই আন্দোলনে যেভাবে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে বিজয়ের স্বাদ পেয়েছিলাম, সেই ঐক্য ধরে রেখেই আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। ষড়যন্ত্রকারীদের অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে মন দিয়ে পড়াশোনা করো। প্রধানমন্ত্রী তারেক রহমান যেমনটি বলেছেন যে নতুন প্রজন্মই বাংলাদেশকে আরো এগিয়ে নিয়ে যাবে, সেই নতুন প্রজন্মের প্রতিনিধি হিসেবে তোমাদের দায়িত্ব অনেক এবং নিজেদের মেধা দিয়ে দেশের সত্যিকার মেরুদণ্ড হিসেবে নিজেদের গড়ে তোলো।

পিপল/এনটি

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ