জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট
ওটি সংকটে অস্ত্রোপচারের জন্য রোগীদের দীর্ঘ অপেক্ষা

ওটি সংকটে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে অস্ত্রোপচারের জন্য দুই-তিন মাস বা তারও বেশি অপেক্ষা করছেন অনেক রোগী।

Photo Collected


অনলাইন ডেস্ক

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ

প্রকাশ:

বিশেষ প্রতিবেদক : জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে (এনআইসিভিডি) অপারেশন থিয়েটার (ওটি) সংকটে হৃদরোগীদের অস্ত্রোপচারের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। অনেক রোগীর ক্ষেত্রে অপেক্ষার সময় দুই থেকে তিন মাস বা তারও বেশি হচ্ছে। এতে দীর্ঘদিন হাসপাতালে অবস্থান করতে গিয়ে রোগীদের চিকিৎসা ও খাবারের খরচ বাড়ছে, পাশাপাশি তৈরি হচ্ছে মানসিক চাপও।

দেশের অন্যতম প্রধান সরকারি বিশেষায়িত হৃদরোগ চিকিৎসাকেন্দ্রটিতে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে জটিল হৃদরোগে আক্রান্ত রোগীরা চিকিৎসা নিতে আসেন। চিকিৎসকদের মতে, সব হৃদরোগীর ক্ষেত্রে অস্ত্রোপচারে বিলম্বের ঝুঁকি এক নয়। তবে যেসব রোগীর দ্রুত অস্ত্রোপচার প্রয়োজন, তাদের ক্ষেত্রে দীর্ঘ অপেক্ষায় শারীরিক জটিলতা বাড়তে পারে।

হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, কার্ডিয়াক সার্জারির জন্য মোট সাতটি অপারেশন থিয়েটার রয়েছে। এর মধ্যে দুটি দীর্ঘদিন ধরে অচল থাকায় বর্তমানে পাঁচটি ওটি দিয়ে নিয়মিত অস্ত্রোপচার চালাতে হচ্ছে। এর মধ্যে ১ ও ২ নম্বর ওটিও পুরোনো। পুরোনো অবকাঠামো ও যন্ত্রপাতিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে সচল ওটির কার্যক্রমও সাময়িকভাবে বন্ধ রাখতে হয়। ফলে কোনো কোনো সময়ে কার্যকর ওটির সংখ্যা আরও কমে যায় এবং অপেক্ষমাণ রোগীর তালিকা দীর্ঘ হয়।

শুধু ওটির সংকট নয়, হৃদযন্ত্রের অস্ত্রোপচারের জন্য প্রয়োজনীয় জনবলের ঘাটতিও রয়েছে। বিশেষ করে পারফিউশনিস্টের সংকট রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। হৃদযন্ত্রের অস্ত্রোপচারের সময় হার্ট-লাং মেশিন পরিচালনা করে রোগীর শরীরে রক্ত ও অক্সিজেন চলাচল বজায় রাখার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন পারফিউশনিস্ট। পাশাপাশি এনেস্থেশিওলজিস্টেরও ঘাটতি রয়েছে বলে জানা গেছে।

হাসপাতালের কার্ডিওভাসকুলার সার্জারি বিভাগে তিনটি ওটি রয়েছে। এর মধ্যে একটি ২৪ ঘণ্টা জরুরি অস্ত্রোপচারের জন্য নির্ধারিত। অন্য দুটি দিয়ে নিয়মিত অস্ত্রোপচার করা হয়। প্রতিষ্ঠানটিতে শিশু কার্ডিয়াক সার্জারির দুটি ইউনিট, কার্ডিয়াক সার্জারি বিভাগের ১০টি ইউনিট এবং ভাসকুলার সার্জারি বিভাগের চারটি ইউনিট রয়েছে। এসব ইউনিটে চিকিৎসাধীন বিপুলসংখ্যক রোগীর অস্ত্রোপচারের প্রয়োজন হলেও সীমিত ওটি সক্ষমতার কারণে এক ইউনিটের রোগীদের অস্ত্রোপচার শেষ হওয়ার পর অন্য ইউনিটের রোগীদের অপেক্ষা করতে হচ্ছে।

অস্ত্রোপচারের দীর্ঘ অপেক্ষার এমন চিত্র দেখা গেছে হাসপাতালের বিভিন্ন সার্জারি ওয়ার্ডে। ময়মনসিংহের মুক্তাগাছা থেকে জন্মগত হৃদযন্ত্রের ত্রুটি নিয়ে আট বছর বয়সি এক শিশুকে গত ১ আগস্ট হাসপাতালে ভর্তি করেন তার বাবা-মা। শিশুটির মা জানান, এখনো তারা অস্ত্রোপচারের নির্দিষ্ট সময় জানতে পারেননি। দীর্ঘদিন ঢাকায় থেকে সন্তানের চিকিৎসার খরচ চালানো তাদের জন্য কঠিন হয়ে পড়েছে।

একই জেলার নান্দাইল থেকে জন্মগত হৃদযন্ত্রের ত্রুটি নিয়ে ১৪ বছর বয়সি আরেক শিশুও দীর্ঘদিন ধরে হাসপাতালে ভর্তি। প্রথমে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হলেও বিশেষজ্ঞের পরামর্শে পরে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নেওয়া হয়। দীর্ঘদিন হাসপাতালে অবস্থান করেও সে এখনো অস্ত্রোপচারের সিরিয়াল পায়নি।

প্রাপ্তবয়স্ক রোগীদের ক্ষেত্রেও একই পরিস্থিতি দেখা যাচ্ছে। হৃদযন্ত্রের ভালভ-সংক্রান্ত জটিলতায় প্রায় দুই মাস ধরে হাসপাতালে ভর্তি ৪৫ বছর বয়সি এক রোগী জানান, এনজিওগ্রামের সিরিয়াল পেতেই তাকে দুই মাসের বেশি অপেক্ষা করতে হচ্ছে। অস্ত্রোপচারের সিরিয়াল কবে মিলবে, তা নিয়েও তিনি অনিশ্চয়তায় রয়েছেন। দীর্ঘ হাসপাতালে অবস্থানের কারণে চিকিৎসার পাশাপাশি পরিবারের ওপর আর্থিক চাপও বাড়ছে বলে জানান তিনি।

হাসপাতালের দুই চিকিৎসক নাম প্রকাশ না করার শর্তে বলেন, চিকিৎসকদের ইচ্ছা থাকা সত্ত্বেও ওটির সীমাবদ্ধতার কারণে অনেক রোগীর অস্ত্রোপচার দ্রুত করা সম্ভব হচ্ছে না। বিশেষ করে জটিল রোগীদের ক্ষেত্রে বিলম্ব দীর্ঘায়িত হলে শারীরিক জটিলতা বাড়ার আশঙ্কা রয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১ হাজার ২৫০ শয্যার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল দেশের গুরুত্বপূর্ণ সরকারি বিশেষায়িত হৃদরোগ চিকিৎসাকেন্দ্রগুলোর একটি। গত বছর হাসপাতালের বহির্বিভাগে ২ লাখ ১৯ হাজারের বেশি মানুষ চিকিৎসা নিয়েছেন। জরুরি বিভাগে সেবা নিয়েছেন প্রায় ১ লাখ ৮৬ হাজার এবং ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন ১ লাখ ১২ হাজারের বেশি রোগী। একই সময়ে বড় অস্ত্রোপচার হয়েছে ১ হাজার ৯৭২টি এবং ছোট অস্ত্রোপচার ও বিভিন্ন প্রসিডিউর হয়েছে ১৬ হাজার ২৬৯টি। ওই সময়ে হাসপাতালে ৫ হাজার ৯০৯ জন রোগীর মৃত্যু হয়েছে।

হাসপাতালে অনুমোদিত শয্যার তুলনায় রোগী ভর্তির হার ১৪০ শতাংশ। অর্থাৎ নির্ধারিত শয্যার চেয়েও অতিরিক্ত রোগী নিয়ে প্রতিষ্ঠানটিকে চিকিৎসাসেবা দিতে হচ্ছে। বিপুল রোগীর চাপের বিপরীতে কার্ডিয়াক সার্জারির কার্যকর ওটি সীমিত থাকায় অস্ত্রোপচার সক্ষমতার ওপর চাপ আরও বাড়ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

হাসপাতালের সহকারী পরিচালক ডা. মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, ওটির সংখ্যা বাড়ানো গেলে রোগীদের অপেক্ষার সময় কমবে। দুই শিফটে অস্ত্রোপচার চালুর পরিকল্পনাও রয়েছে। বর্তমানে অচল ওটিগুলো সচল করার উদ্যোগ নেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় বরাদ্দের জন্য মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

কেএইচ

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ