একরামুল হক হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ অভিযোগ গঠন শুনানি...

Photo Collected

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ
কক্সবাজারের টেকনাফে কথিত 'বন্দুকযুদ্ধের' নামে যুবলীগ নেতা ও পৌর কাউন্সিলর একরামুল হককে নির্মমভাবে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য রয়েছে আজ।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন বিচারকের ট্রাইব্যুনাল প্যানেলে এ শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। একই সঙ্গে মামলায় গ্রেপ্তার থাকা তিন আসামির জামিন আবেদনের ওপরও আজ আদেশ দেবেন আদালত।
মামলার মোট ১১ আসামির মধ্যে চারজন বর্তমানে কারাগারে রয়েছেন। তাঁরা হলেন— কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি, ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদ, ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব আলম এবং র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক কর্নেল (অব.) আনোয়ার লতিফ খান।
অন্যদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মামলার অন্য সাত আসামি পলাতক রয়েছেন। পলাতকরা হলেন— সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক আইজিপি বেনজীর আহমেদ, মেজর (অব.) রুহুল আমিন, লেফটেন্যান্ট কমান্ডার আশেকুর রহমান এবং ডিজিএফআইয়ের সাবেক কর্মকর্তা স্কোয়াড্রন লিডার নাজমুস সাকিব মাহমুদ।
প্রসিকিউশন সূত্রে জানা গেছে, গত ২৫ আগস্ট শেখ হাসিনাসহ পলাতক আসামিদের আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে দুটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়। নির্ধারিত সময়ে হাজির না হওয়ায় ৭ সেপ্টেম্বর তাঁদের অনুপস্থিতিতেই বিচারকাজ পরিচালনার সিদ্ধান্ত নেন ট্রাইব্যুনাল এবং সরকারি খরচে আইনজীবী (স্টেট ডিফেন্স) নিয়োগের নির্দেশ দেন। ওই দিনই কারাবন্দী তিন আসামির জামিন শুনানি শেষ হলে আদেশের জন্য আজকের দিন ধার্য করা হয়।
ট্রাইব্যুনালে জমা দেওয়া প্রসিকিউশনের অভিযোগপত্রে বলা হয়, ২০১৮ সালের ২৬ মে রাতে টেকনাফের হোটেল নেটংয়ের সামনের সড়ক থেকে টেকনাফ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও উপজেলা যুবলীগের সভাপতি একরামুল হককে জোরপূর্বক তুলে নিয়ে যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরবর্তীতে মেরিন ড্রাইভের নোয়াখালীয়া পাড়া সাগরতীরে নিয়ে তথাকথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে তাঁকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে অপহরণ, অবৈধ আটক, পরিকল্পিত হত্যা এবং অপরাধে প্ররোচনা দেওয়ার সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে।
পিপল/এএইচ












