বিমানের বহর সম্প্রসারণ: কৌশল, ব্যয় ও জবাবদিহি নিয়ে প্রশ্ন

বিমানের বহর সম্প্রসারণে ৩৫ উড়োজাহাজের পরিকল্পনা ঘিরে অর্থায়ন, বকেয়া, ব্যবসায়িক কৌশল ও ব্যবস্থাপনা নিয়ে উঠছে নানা প্রশ্ন।

News

Photo Collected


অনলাইন ডেস্ক

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ

প্রকাশ:

ইমতিয়াজ শাকিল : বিমান বাংলাদেশ এয়ারলাইনস তার ইতিহাসের সবচেয়ে বড় বহর সম্প্রসারণের পথে এগোচ্ছে। তবে একসঙ্গে বিপুলসংখ্যক উড়োজাহাজ কেনার এই উদ্যোগ জাতীয় পতাকাবাহী সংস্থাটির ব্যবসায়িক কৌশল, অর্থায়ন ও জবাবদিহি নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি করেছে।

বর্তমানে বিমানের বহরে রয়েছে ১৯টি উড়োজাহাজ, যার মধ্যে পাঁচটি টার্বোপ্রপ। আগামী কয়েক সপ্তাহের মধ্যে আরও ২১টি উড়োজাহাজের চুক্তি চূড়ান্ত হওয়ার কথা রয়েছে। এতে বিমানের মোট অর্ডার দাঁড়াবে ৩৫টি—বর্তমান বহরের প্রায় দ্বিগুণ। নতুন উড়োজাহাজগুলো বিমানের সক্ষমতা বাড়াতে পারে, কিন্তু অতিরিক্ত উড়োজাহাজ কীভাবে পরিচালিত হবে, কোন রুটে ব্যবহার করা হবে এবং পুরোনো উড়োজাহাজগুলো কখন অবসরে যাবে—এসব বিষয়ে এখনো কোনো সমন্বিত ব্যবসায়িক পরিকল্পনা প্রকাশ্যে আসেনি।

সাম্প্রতিক উড়োজাহাজ কেনার ধারাবাহিকতাও বিষয়টিকে আরও আলোচনায় এনেছে। এপ্রিলে বাংলাদেশ ১৪টি বোয়িং উড়োজাহাজ কেনার জন্য ৩ দশমিক ৭ বিলিয়ন ডলারের চুক্তি করে। এগুলো ২০৩১ থেকে ২০৩৫ সালের মধ্যে সরবরাহ করার কথা। এরপর ৩০ আগস্ট যুক্তরাষ্ট্রের দূত সার্জিও গোর সামাজিক যোগাযোগমাধ্যমে আরও ১১টি বোয়িং কেনার একটি চুক্তির কথা জানান। তিনি এটিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যে সম্পাদিত একটি ‘অসাধারণ চুক্তি’ হিসেবে উল্লেখ করেন। ট্রাম্পও উড়োজাহাজ কেনার সিদ্ধান্তের জন্য তারেক রহমানকে ধন্যবাদ জানান। তবে এসব উড়োজাহাজের ধরন, মূল্য, অর্থায়ন পদ্ধতি ও সরবরাহের সময়সূচির বিস্তারিত এখনো পুরোপুরি প্রকাশ করা হয়নি।

এর মধ্যেই বোয়িং ও এয়ারবাস নিয়ে আগের সিদ্ধান্তও পাল্টেছে। আওয়ামী লীগ সরকারের সময়ে ১০টি এয়ারবাস কেনার পরিকল্পনা ছিল। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের শুল্কসংক্রান্ত চাপ এবং বাণিজ্য ঘাটতি কমানোর প্রচেষ্টার অংশ হিসেবে বোয়িংয়ের দিকে ঝুঁকে পড়ে। ডিসেম্বর নাগাদ এয়ারবাসকে প্রক্রিয়া থেকে বাদ দেওয়া হয়েছে বলেই মনে হচ্ছিল।

পরবর্তী সময়ে সেই অবস্থানও বদলে যায়। ঢাকায় ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতদের যৌথ তৎপরতার পর এয়ারবাস আবার আলোচনায় ফিরে আসে। এয়ারবাসের আন্তর্জাতিক পর্যায়ের কর্মকর্তারাও জোর দিয়ে বলেন, বিলিয়ন ডলারের উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত রাজনৈতিক বিবেচনার পরিবর্তে বাণিজ্যিক ও কারিগরি মূল্যায়নের ভিত্তিতে হওয়া উচিত। এরপর চারটি এ৩৫০-৯০০ এবং ছয়টি এ৩২১নিও উড়োজাহাজ কেনার সম্ভাবনা তৈরি হয়েছে।

একই সঙ্গে বোয়িং ও এয়ারবাসের উড়োজাহাজ ব্যবহার করা নিজে কোনো সমস্যা নয়। বিশ্বের অনেক বড় এয়ারলাইনই দুই নির্মাতার উড়োজাহাজ পরিচালনা করে। মূল প্রশ্ন হলো, বিমানের এই বহর সম্প্রসারণ বাণিজ্যিক ও পরিচালনাগতভাবে কতটা যৌক্তিক। এখন পর্যন্ত প্রকাশিত কোনো সমন্বিত পরিকল্পনায় বিভিন্ন ধরনের উড়োজাহাজের পরিচালনা, রক্ষণাবেক্ষণ ব্যয়, রুট ব্যবস্থাপনা এবং পুরোনো বহর অবসরের সময়সূচি স্পষ্ট করা হয়নি।

বিমানের উড়োজাহাজের ঘাটতি বাস্তব। কিন্তু এটি সংস্থাটির দীর্ঘদিনের সমস্যার একটি অংশ মাত্র। দুর্বল রুট পরিকল্পনা, লিজ ব্যবস্থাপনার সীমাবদ্ধতা এবং ব্যবস্থাপনার নানা দুর্বলতাও বিমানের কর্মদক্ষতাকে প্রভাবিত করেছে। ফলে শুধু নতুন উড়োজাহাজ কিনলেই এসব কাঠামোগত সমস্যা দূর হবে না।

এ ক্ষেত্রে ইথিওপিয়ান এয়ারলাইনসের সঙ্গে তুলনাটি গুরুত্বপূর্ণ। আফ্রিকার বৃহত্তম এয়ারলাইনটি সাম্প্রতিক সময়ে ৬৭টি পর্যন্ত বোয়িং উড়োজাহাজ কেনার চুক্তি করেছে। তবে তাদের বহর সম্প্রসারণ একটি বৃহত্তর ব্যবসায়িক পরিকল্পনার অংশ। ২০৩৫ সালের মধ্যে তারা বছরে ৬ কোটি ৫০ লাখ যাত্রী এবং ৩০ লাখ টন কার্গো পরিবহনের লক্ষ্য নিয়েছে। পাশাপাশি তারা অবকাঠামোতেও বড় বিনিয়োগ করছে। বিশবফতু শহরে ১২ দশমিক ৫ বিলিয়ন ডলারের একটি নতুন বিমানবন্দর নির্মাণ প্রকল্পে এয়ারলাইনটি নিজস্ব অর্থায়নে ৩০ শতাংশ দেওয়ার পরিকল্পনা করেছে।

তুলনাটি আরও তাৎপর্যপূর্ণ, কারণ সামগ্রিক অর্থনৈতিক সক্ষমতার দিক থেকে বাংলাদেশ ইথিওপিয়ার চেয়ে এগিয়ে। বাংলাদেশের অর্থনীতির আকার ৫০০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে, যেখানে ইথিওপিয়ার অর্থনীতি প্রায় ১২৫ বিলিয়ন ডলার। বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভও ইথিওপিয়ার তুলনায় অনেক বেশি। অথচ ২০২৫-২৬ অর্থবছরে ইথিওপিয়ান এয়ারলাইনস ৯ দশমিক ১ বিলিয়ন ডলার আয় করেছে এবং ২ কোটি ৭ লাখ যাত্রী পরিবহন করেছে। একই সময়ে বিমানের রেকর্ড বছরে আয় ছিল প্রায় ৯৪৩ মিলিয়ন ডলার এবং যাত্রী পরিবহন করেছে ৩৩ লাখ ৮০ হাজার।

আরও গুরুত্বপূর্ণ পার্থক্য হলো আর্থিক স্বনির্ভরতা। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) তথ্য অনুযায়ী, ইথিওপিয়ান এয়ারলাইনসের আর্থিক ভিত্তি শক্তিশালী এবং কোভিড-পরবর্তী সময়ে কার্গো ব্যবসায় গুরুত্ব দেওয়ার ফলে প্রতিষ্ঠানটি লাভজনক অবস্থানে রয়েছে। চলতি কার্যক্রম পরিচালনায় সরকারের সহায়তার প্রয়োজন হবে না বলেও কর্তৃপক্ষ জানিয়েছে।

বিমানের ক্ষেত্রে চিত্রটি ভিন্ন। রাষ্ট্রীয় এই এয়ারলাইনসের বিভিন্ন সরকারি সংস্থার কাছে বড় অঙ্কের বকেয়া রয়েছে। সরকারি হিসাব অনুযায়ী, দুটি রাষ্ট্রীয় সংস্থার কাছে বিমানের বকেয়া প্রায় ৮ হাজার ১২৭ কোটি টাকা। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের দাবি, তাদের পাওনা ৬ হাজার ৩২৭ কোটি টাকা। অন্যদিকে জেট ফুয়েল সরবরাহকারী বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনও প্রায় ১ হাজার ৮০০ কোটি টাকা পাবে। বিমান অবশ্য এসব হিসাব নিয়ে আপত্তি জানিয়েছে এবং বলেছে, এগুলো তাদের নিজস্ব রেকর্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

নতুন উড়োজাহাজ কেনার অর্থায়নেও রাষ্ট্রের ওপর ঝুঁকি তৈরি হচ্ছে। ১৪টি নতুন বোয়িং কেনার ঋণে সরকারের সার্বভৌম গ্যারান্টি থাকার কথা রয়েছে। অর্থাৎ বিমান ঋণ পরিশোধে ব্যর্থ হলে শেষ পর্যন্ত দায় রাষ্ট্রের ওপর পড়তে পারে। জুন পর্যন্ত ১৫টি সরকারি গ্যারান্টির আওতায় বিমানের প্রায় ৬ হাজার ২৫৭ কোটি টাকার ঋণের দায় রাষ্ট্র বহন করছিল, যার বেশির ভাগই বোয়িং উড়োজাহাজ ও ইঞ্জিন-সংক্রান্ত।

বিমান বলছে, তারা সম্ভাব্য সর্বনিম্ন সুদের হারেই ঋণ নেওয়ার চেষ্টা করবে। কিন্তু রাষ্ট্রীয় গ্যারান্টি থাকলে ঋণের ঝুঁকির একটি অংশ স্বাভাবিকভাবেই সরকারের ওপর চলে আসে। উড়োজাহাজ কেনার ক্ষেত্রে অগ্রিম অর্থ, ঋণের সুদ, রক্ষণাবেক্ষণ, প্রশিক্ষণ এবং দীর্ঘমেয়াদি পরিচালন ব্যয়ও মোট ব্যয়ের গুরুত্বপূর্ণ অংশ।

এ কারণেই বড় অঙ্কের উড়োজাহাজ কেনার ক্ষেত্রে স্বচ্ছতা জরুরি। বোয়িংয়ের ক্ষেত্রে তালিকামূল্যের কাছাকাছি দাম এবং এয়ারবাসের সম্ভাব্য ছাড়, পাশাপাশি ইউরোপীয় দেশগুলোর পক্ষ থেকে এয়ারবাস কেনার ব্যয়ের বড় অংশ অর্থায়নের প্রস্তাব—এসবের পূর্ণাঙ্গ বাণিজ্যিক শর্ত প্রকাশ করা প্রয়োজন।

বিমানের কাঠামোগত সমস্যার বিষয়টি নতুন নয়। ২০২৫ সালে অর্থনীতি পুনর্গঠনের কৌশল নির্ধারণে গঠিত একটি সরকারি টাস্কফোর্সও দীর্ঘদিন ধরে বিমানের আধুনিক এভিয়েশন মানদণ্ডে পিছিয়ে থাকার বিষয়টি তুলে ধরে। টাস্কফোর্স কঠোর কর্মদক্ষতার লক্ষ্য নির্ধারণ এবং নির্ধারিত লক্ষ্য পূরণে ব্যর্থ হলে বিমানের সম্পদের একটি অংশ নিয়ে পৃথকভাবে পরিচালিত নতুন এয়ারলাইন গঠনের প্রস্তাব দিয়েছিল।

এই প্রস্তাবের মূল বিষয় ছিল জবাবদিহি। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হিসেবে বিমান পরিচালিত হতে পারে, কিন্তু ব্যবস্থাপনাকে পরিমাপযোগ্য লক্ষ্যের ভিত্তিতে মূল্যায়ন করতে হবে এবং ব্যর্থতার ক্ষেত্রে পরিণতি নিশ্চিত করতে হবে। এখন পর্যন্ত সেই ধরনের সুস্পষ্ট লক্ষ্য প্রকাশ করা হয়নি। বরং সরকারি গ্যারান্টি বিমানের আর্থিক ঝুঁকির একটি বড় অংশ রাষ্ট্রের ওপর রাখছে।

বিমানের নতুন উড়োজাহাজ প্রয়োজন—এ নিয়ে খুব বেশি বিতর্কের অবকাশ নেই। বাংলাদেশের বড় প্রবাসী জনগোষ্ঠী, ক্রমবর্ধমান মধ্যবিত্ত শ্রেণি এবং আন্তর্জাতিক ভ্রমণের বাড়তি চাহিদা রয়েছে। এই বাজারের পুরোটা বিদেশি এয়ারলাইনগুলোর হাতে ছেড়ে দেওয়ারও অর্থনৈতিক মূল্য আছে।

তবে প্রশ্নটি শুধু বোয়িং নাকি এয়ারবাস—তা নয়। মূল প্রশ্ন হলো, নতুন উড়োজাহাজ কেনার পেছনে বাস্তবসম্মত ও বাণিজ্যিকভাবে টেকসই কোনো পরিকল্পনা আছে কি না।

আরও উড়োজাহাজ কেনার আগে বিমানের প্রকৃত দায়-দেনার পরিমাণ নির্ধারণ, নিরীক্ষিত আর্থিক হিসাব প্রকাশ, বড় উড়োজাহাজ কেনার অর্থায়ন ও সুদের শর্ত জানানো এবং পুরোনো উড়োজাহাজ অবসরের পাশাপাশি রুট সম্প্রসারণের সুস্পষ্ট পরিকল্পনা প্রকাশ করা জরুরি। একই সঙ্গে পেশাদার ব্যবস্থাপনা ও কার্যকর পরিচালন স্বাধীনতার পাশাপাশি পরিমাপযোগ্য কর্মদক্ষতার লক্ষ্যও নির্ধারণ করা প্রয়োজন।

বহরে উড়োজাহাজ বাড়ানো একটি এয়ারলাইনকে সক্ষমতা দিতে পারে, কিন্তু দক্ষ ব্যবস্থাপনার বিকল্প হতে পারে না। ইথিওপিয়ান এয়ারলাইনসের বিকাশ দেখিয়েছে পরিকল্পিত সম্প্রসারণ কীভাবে একটি এয়ারলাইনকে শক্তিশালী করতে পারে। অন্যদিকে বিমানের দীর্ঘদিনের রাষ্ট্রীয় সহায়তার ইতিহাস দেখায়, শুধু সরকারি পৃষ্ঠপোষকতা প্রতিযোগিতামূলক সাফল্য নিশ্চিত করে না।

বিমানের সামনে তাই আসল পরীক্ষা নতুন কতটি উড়োজাহাজ যুক্ত হলো, তা নয়; বরং নতুন উড়োজাহাজগুলোকে টেকসই, দক্ষ ও আর্থিকভাবে স্বনির্ভর ব্যবসায়িক মডেলের আওতায় পরিচালনা করা গেল কি না।

কেএইচ

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ