‘ফ্রেন্ডজোন’ কূটনীতি প্রত্যাখ্যান করায় বাংলাদেশ-ভারত সম্পর্কে টানাপোড়েন

বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন টানাপোড়েন। শেখ হাসিনাকে ঘিরে দিল্লির ভূমিকা নিয়ে ঢাকার অসন্তোষ, সমতা ও সার্বভৌমত্বের ভিত্তিতে সম্পর্ক পুনর্গঠনের বার্তা।

News

Photo Collected


অনলাইন ডেস্ক

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ

প্রকাশ:

তানভীর হায়দার: বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন এক অনিশ্চিত পর্যায়ে প্রবেশ করেছে। ঢাকা ক্রমেই স্পষ্ট করছে, ভারতের সঙ্গে সম্পর্ক হতে হবে সমতা, পারস্পরিক স্বার্থ ও সার্বভৌমত্বের ভিত্তিতে; কোনো ধরনের রাজনৈতিক নির্ভরতা বা প্রভাবের সম্পর্ক বাংলাদেশ মেনে নেবে না।

একসময় দুই দেশের সম্পর্ককে পারিবারিক বন্ধনের সঙ্গে তুলনা করা হতো। বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনও একসময় বাংলাদেশ-ভারত সম্পর্ককে স্বামী-স্ত্রীর সম্পর্কের সঙ্গে তুলনা করেছিলেন। তবে ২০২৪ সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর সেই সম্পর্কের পুরোনো সমীকরণ অনেকটাই বদলে গেছে।

শেখ হাসিনা সরকারের পতনের পর ভারত তাকে আশ্রয় দেয়। এরপর থেকে ভারতে অবস্থান করেই শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতি নিয়ে বিভিন্ন বক্তব্য ও কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এ নিয়ে ঢাকার পক্ষ থেকে একাধিকবার উদ্বেগ জানানো হয়েছে। সর্বশেষ নয়াদিল্লি থেকে শেখ হাসিনার গণমাধ্যমে বক্তব্য দেওয়ার ঘটনায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় নজিরবিহীনভাবে কঠোর ভাষায় প্রতিক্রিয়া জানায়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে শেখ হাসিনাকে দণ্ডিত ব্যক্তি হিসেবে উল্লেখ করে বলা হয়, বাংলাদেশ কখনো কোনো প্রভুত্বশীল রাষ্ট্রের অনুগত হবে না। ভারতের মাটিতে বসে শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ডকে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি অবমাননা এবং জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি অসম্মান হিসেবেও অভিহিত করা হয়।

কূটনৈতিক বিবেচনায় বাংলাদেশের এই ভাষা ছিল অত্যন্ত কঠোর। সাধারণত রাষ্ট্রগুলো দ্বিপক্ষীয় বিরোধের ক্ষেত্রে সংযত ও পরিমিত ভাষা ব্যবহার করে। কিন্তু সাম্প্রতিক অবস্থান থেকে বোঝা যাচ্ছে, ঢাকার অসন্তোষ এখন শুধু কূটনৈতিক উদ্বেগের মধ্যে সীমাবদ্ধ নেই; বরং সম্পর্কের কাঠামো নিয়েই নতুন করে প্রশ্ন উঠছে।

এই বিরোধের কেন্দ্রবিন্দু অবশ্য শুধু শেখ হাসিনার একটি সংবাদ সম্মেলন নয়। এর পেছনে রয়েছে বাংলাদেশ-ভারত সম্পর্কের ভবিষ্যৎ কাঠামো নিয়ে বৃহত্তর মতপার্থক্য।

শেখ হাসিনার পতনের পর বাংলাদেশ চায় ভারত বর্তমান রাষ্ট্রীয় ও রাজনৈতিক বাস্তবতার সঙ্গে সম্পর্ককে নতুনভাবে সাজাক। অন্যদিকে, শেখ হাসিনার সঙ্গে ভারতের দীর্ঘদিনের রাজনৈতিক সম্পর্ক এবং তাকে ভারতে অবস্থানের সুযোগ দেওয়ার বিষয়টি ঢাকার সঙ্গে নতুন সরকারের সম্পর্ককে জটিল করে তুলেছে।

একদিকে ভারত বাংলাদেশ সরকারের সঙ্গে সম্পর্ক জোরদারের আগ্রহ প্রকাশ করছে, অন্যদিকে শেখ হাসিনাকে ভারতীয় ভূখণ্ড থেকে রাজনৈতিক বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে—এ ধরনের ঘটনাকে বাংলাদেশে অনেকেই পরস্পরবিরোধী বার্তা হিসেবে দেখছেন।

এ ছাড়া সীমান্ত পরিস্থিতি, বাংলাদেশিদের কথিত পুশ-ইন, বাণিজ্য, পানি বণ্টন ও আঞ্চলিক নিরাপত্তার মতো বিষয়গুলোও দুই দেশের সম্পর্কে বিভিন্ন সময়ে অস্বস্তি তৈরি করেছে।

ঢাকার দৃষ্টিতে মূল প্রশ্ন হলো, ভারত কি বাংলাদেশের বর্তমান সরকার ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সরাসরি সম্পর্ক গড়ে তুলবে, নাকি শেখ হাসিনা ও তার রাজনৈতিক উত্তরাধিকারের মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বজায় রাখার চেষ্টা করবে।

বাংলাদেশের বর্তমান অবস্থান থেকে মনে হচ্ছে, ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর দুই দেশের সম্পর্ক পুনর্নির্ধারণের প্রয়োজন রয়েছে। সম্পর্কের ক্ষেত্রে সার্বভৌমত্ব, সমতা ও পারস্পরিক স্বার্থকে অগ্রাধিকার দিতে চাইছে ঢাকা।

তবে শুধু কঠোর বক্তব্য দিয়ে দীর্ঘমেয়াদি কূটনৈতিক সাফল্য অর্জন সম্ভব নয়। দুই দেশের মধ্যে যোগাযোগ, আলোচনা ও পারস্পরিক স্বার্থের জায়গাগুলোকে সচল রাখা জরুরি। কারণ ভৌগোলিক বাস্তবতা দুই দেশকেই একে অপরের সঙ্গে কাজ করতে বাধ্য করে।

বাংলাদেশ ও ভারত অভিন্ন সীমান্ত, নদী, বাণিজ্যপথ, বিদ্যুৎ সংযোগ ও নিরাপত্তা স্বার্থের অংশীদার। ফলে কোনো পক্ষই দীর্ঘস্থায়ী কূটনৈতিক অচলাবস্থা বা অনিশ্চয়তা থেকে লাভবান হবে না।

এখন মূল চ্যালেঞ্জ হলো, রাজনৈতিক মতপার্থক্য ও অতীতের সম্পর্কের হিসাব-নিকাশের বাইরে গিয়ে দুই দেশ কীভাবে একটি নতুন সমঝোতার কাঠামো তৈরি করে।

পুরোনো ‘পারিবারিক সম্পর্ক’-এর ভাষা হয়তো এখন আর দুই দেশের বাস্তবতাকে পুরোপুরি তুলে ধরে না। বরং বাংলাদেশ যে বার্তা দিতে চাইছে, তা হলো—ভারতের সঙ্গে সম্পর্ক বন্ধুত্বপূর্ণ হতে পারে, কিন্তু সেই সম্পর্ক হতে হবে দুই সার্বভৌম প্রতিবেশীর সমান মর্যাদা, পারস্পরিক সম্মান ও জাতীয় স্বার্থের ভিত্তিতে।

কেএইচ

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ