মোল্লা নাসিরুদ্দিনের সেই বিখ্যাত গল্পের মতো, যেখানে অহংকারী বাদশাহর দেহের মূল্য ছিল শূন্য, বাংলাদেশের অনেক দুর্বল ব্যাংকের প্রকৃত অবস্থাও এখন তথৈবচ। সম্পদ...

Photo Collected

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ
শরীফুল হাসান : মোল্লা নাসিরুদ্দিনের সেই বিখ্যাত গল্পের মতো, যেখানে অহংকারী বাদশাহর দেহের মূল্য ছিল শূন্য, বাংলাদেশের অনেক দুর্বল ব্যাংকের প্রকৃত অবস্থাও এখন তথৈবচ। সম্পদ বিক্রি করে দায় শোধ করলে এসব ব্যাংকের নিট মূল্য (নেট ওর্থ) শূন্য বা ঋণাত্মক দাঁড়াবে। এমন পরিস্থিতিতে ব্যাংক খাত সংস্কারে ‘ব্যাংক রেজোল্যুশন অধ্যাদেশ ২০২৬’ বিল আকারে জাতীয় সংসদে পাস হলেও, এর একটি বিশেষ ধারা নিয়ে তৈরি হয়েছে তীব্র বিতর্ক।
পুরোনো নেকড়ের নতুন সাজ: সদ্য পাস হওয়া আইনের একটি নতুন ধারায় একীভূত হওয়া দুর্বল ব্যাংকগুলোর পুরোনো শেয়ারধারীদের আবারও মালিকানায় ফেরার সুযোগ করে দেওয়া হয়েছে। সমালোচকরা বিষয়টিকে ‘পুরোনো নওশার’ (বর) প্রত্যাবর্তনের সঙ্গে তুলনা করছেন। অভিযোগ উঠেছে, যে মালিকদের লুটপাটের কারণে ব্যাংকগুলো দেউলিয়া হওয়ার পথে, সরকার যেন তাদেরই আবার ‘ভেড়ার সাজে’ মালিকানায় ফিরিয়ে আনছে। এটি আর্থিক সততা বা ‘ফাইন্যান্সিয়াল ইন্টেগ্রিটি’র পরিপন্থী বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
আওয়ামী নীতিরই কি অনুসরণ? রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, বিএনপি সরকার কি প্রকারান্তরে আওয়ামী আমলের ‘দরবেশতুষ্টির’ নীতিই অনুসরণ করছে? একদিকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের দাবি, অন্যদিকে তাদের আমলের ব্যাংকিং খাতের কুপ্রথাগুলো বহাল রাখা—নীতির এই দ্বিমুখিতা বিনিয়োগ ও প্রবৃদ্ধির জন্য অমঙ্গলজনক। বিশেষ করে চট্টগ্রামের একটি বিশেষ পরিবারের কবজায় থাকা শরিয়াহ ভিত্তিক ব্যাংকগুলো নিয়ে যখন আন্তর্জাতিক আদালতে মামলা চলছে, তখন তড়িঘড়ি করে এই আইনি সুবিধা কেন দেওয়া হলো, তা নিয়ে জনমনে সন্দেহ দানা বাঁধছে।
খেলাপি ঋণের বিপজ্জনক পাহাড়: পরিসংখ্যান বলছে, বর্তমান খেলাপি ঋণের হার ৪০ শতাংশের নিচে নয়। এটি শুধু এশিয়া নয়, সারা বিশ্বেই একটি বিপজ্জনক রেকর্ড। সাধারণ গ্রাহক যদি ১০০ টাকা ব্যাংকে রাখেন, তার একটি বড় অংশই যদি খেলাপি হয়ে যায়, তবে ব্যাংক আমানতকারীর টাকা ফেরত দিতে ব্যর্থ হবে। অর্থনীতির এই সাধারণ সমীকরণই বলে দিচ্ছে, ব্যাংক খাত এখন খাদের কিনারায়।
লটারির টিকিটে মালিকানা: নতুন আইনের অধীনে মাত্র সাড়ে ৭ শতাংশ টাকা খরচ করে পুরোনো মালিকরা ব্যাংকের নিয়ন্ত্রণ ফিরে পাবেন। বাকি সাড়ে ৯২ শতাংশ দায় তারা পরিশোধ করবেন কি না, তার কোনো নিশ্চয়তা নেই। সমালোচকদের মতে, এটি অনেকটা ১০০ টাকার লটারির টিকিট মাত্র সাড়ে সাত টাকায় কেনার মতো, যেখানে নিশ্চিত পুরস্কারের গ্যারান্টি দিচ্ছে রাষ্ট্র। একবার মালিকানা ফিরে পেলে আদালতের দীর্ঘসূত্রতা আর আইনি মারপ্যাঁচে তাদের সরানো অসম্ভব হয়ে পড়বে।
আস্থার সংকট ও ভবিষ্যৎ: বিশেষজ্ঞদের মতে, দুর্বল ব্যাংকগুলোকে একীভূত করে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ গঠনের ধারণাটি অনেক বেশি কার্যকর ছিল। ব্যাংক একীভূতকরণ বা ‘মার্জার’ বিশ্বজুড়ে একটি স্বীকৃত পদ্ধতি হলেও বাংলাদেশের মালিকরা একে ভয় পান, কারণ তারা ব্যাংককে ‘পারিবারিক দোকান’ হিসেবে চালাতে অভ্যস্ত।
এখন প্রশ্ন হলো, আমানতকারীরা কি এই দূষিত ও পুরোনো মালিকদের দ্বারা নিয়ন্ত্রিত ব্যাংকে লেনদেন করতে আস্থাশীল হতে পারবেন? সরকার কি ‘জেনেশুনে বিষপান’ করছে, নাকি এর পেছনে অন্য কোনো বড় ‘বোঝাপড়া’ রয়েছে? উত্তর যাই হোক, ব্যাংকিং খাতের এই অস্থিরতা দেশের সামগ্রিক অর্থনৈতিক স্বাস্থ্যের জন্য বড় ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে।











