গোপালগঞ্জে অরাজকতা হলে কঠোর পদক্ষেপ নেবে সরকার

গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল ও সহিংসতার পর ডিসি-এসপিকে প্রত্যাহার, ছয় প্লাটুন বিজিবি মোতায়েন এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সরকার।

News

ছবিঃ সংগ্রহীত


অনলাইন ডেস্ক

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ

প্রকাশ:

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের অস্ত্রসহ মিছিল ও বিভিন্ন স্থাপনায় ভাঙচুরের ঘটনার পর নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে সরকার। জেলার জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারকে (এসপি) প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি মোতায়েন করা হয়েছে ছয় প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বাড়ানো হয়েছে পুলিশের সদস্যসংখ্যাও।

সরকারের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণে রেখে ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত দুই দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের দুটি বৈঠকও হয়েছে। তবে পরিস্থিতির অবনতি হলে কিংবা আওয়ামী লীগের নেতা-কর্মীরা অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

সরকারের নীতিনির্ধারণী পর্যায়ের নেতাদের ধারণা, দেশের অন্য এলাকায় আওয়ামী লীগের তেমন সক্রিয়তা নেই। তাদের সাম্প্রতিক তৎপরতা মূলত গোপালগঞ্জকেন্দ্রিক। সরকারের ধারণা, বিক্ষোভের মাধ্যমে কঠোর পদক্ষেপ নিতে সরকারকে উসকে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তবে সরকার সে ধরনের পরিস্থিতিতে না জড়িয়ে ধৈর্য ধরে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চায়।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে গোপালগঞ্জকেন্দ্রিক মিছিল করার চেষ্টা করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে। কেউ সীমা অতিক্রম করলে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রের দাবি, গত কয়েক দিনে দেশের বিভিন্ন জেলা থেকে আওয়ামী লীগের নেতা-কর্মীরা গোপালগঞ্জে গেছেন। বিদেশ থেকেও তাঁদের উসকানি দেওয়া হচ্ছে বলে গোয়েন্দা তথ্য রয়েছে। সরকারি স্থাপনায় হামলার আশঙ্কাও করছে সরকার।

তবে বল প্রয়োগের ক্ষেত্রে প্রাণহানির ঝুঁকি থাকায় সরকার সতর্ক অবস্থানে রয়েছে। প্রাণহানির ঘটনা ঘটলে আওয়ামী লীগ সেটিকে রাজনৈতিকভাবে ব্যবহারের সুযোগ পেতে পারে বলে মনে করছেন সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিরা। তবে অরাজকতা সৃষ্টির চেষ্টা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তাঁরা।

সরকারের একজন দায়িত্বশীল ব্যক্তি জানান, গত দুই দিনের উচ্চপর্যায়ের বৈঠকে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি প্রশাসন ও পুলিশের কিছু কর্মকর্তার অদক্ষতা এবং অসহযোগিতার বিষয়েও আলোচনা হয়েছে। এ ক্ষেত্রে সরকার আরও কঠোর অবস্থান নিতে পারে।

আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে সতর্কতা

২০২৪ সালের ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ সরকার। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন। ভারত থেকে তিনি ডিসেম্বরে দেশে ফেরার কথা বলেছেন। অন্যদিকে, মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সরকার।

ডিসেম্বরকে সামনে রেখে আওয়ামী লীগ ও কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ অনলাইনে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করছে। একই সময়ে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগসহ নাশকতার ঘটনা ঘটছে। অনলাইনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েকজন নেতা-কর্মী এসব কর্মকাণ্ডের পক্ষে বক্তব্য দিচ্ছেন এবং কেউ কেউ ঘটনার দায়ও স্বীকার করেছেন।

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের এক বছর পূর্তি উপলক্ষে ১৩ নভেম্বর আওয়ামী লীগের ফেসবুক পেজে পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়। এ ছাড়া ১৯ নভেম্বর ‘লকডাউন’ কর্মসূচির ঘোষণাও রয়েছে।

এরই মধ্যে কয়েক দিন ধরে গোপালগঞ্জে সড়ক অবরোধ করে মিছিল করছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। গতকাল লগি-বইঠা, লাঠিসোঁটা, রামদাসহ বিভিন্ন দেশি অস্ত্র নিয়ে তাঁদের মিছিল ও সমাবেশ করতে দেখা যায়।

মিছিল থেকে পুলিশের একটি সাঁজোয়া যান (এপিসি) ও পুলিশ বক্স ভাঙচুর করা হয়। এ ছাড়া জুলাই স্মৃতিস্তম্ভ এবং হাদি চত্বরের নামফলক ভাঙচুরের ঘটনাও ঘটে।

এর আগে ২০২৫ সালের ১৭ জুলাই গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে হামলা চালান স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা। সে সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষ ও গুলিতে চারজন নিহত হন।

ডিসি ও এসপিকে প্রত্যাহার

গোপালগঞ্জে আওয়ামী লীগের নেতা-কর্মীদের মিছিল ও ভাঙচুরের ঘটনার পর গতকাল জেলার ডিসি ও এসপিকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় সরকার। বিকেলে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামানকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। তাঁর স্থলে হবিগঞ্জের জেলা প্রশাসক জি এম সরফরাজকে দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্যদিকে, গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে ফেনীতে বদলি করা হয়েছে। ফেনীর বর্তমান পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জের নতুন এসপি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

গোপালগঞ্জে ছয় প্লাটুন বিজিবি মোতায়েন

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গোপালগঞ্জে ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। গতকাল নতুন করে তিন প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। এর আগে ১০ নভেম্বর আরও তিন প্লাটুন বিজিবি পাঠানো হয়েছিল।

বিজিবির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ বা বেসামরিক প্রশাসনকে সহায়তার আওতায় দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি দায়িত্ব পালন করছে। এরই ধারাবাহিকতায় গোপালগঞ্জে ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ