উৎসব মানেই মিষ্টিমুখ। সন্দেশ, লাড্ডু কিংবা হালুয়া—মিষ্টি ছাড়া যেন উৎসবের আয়োজন পূর্ণতা পায় না।

ছবি: এআইয়ের সহায়তায় বানানো

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ
তবে ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের জন্য মিষ্টি খাওয়ার ক্ষেত্রে বাড়তি সতর্কতা প্রয়োজন। কোন খাবারে কতটা শর্করা রয়েছে, তা বিবেচনায় না নিলে রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যেতে পারে।
তাই বলে কি উৎসবের দিনে মিষ্টি খাওয়া থেকে পুরোপুরি বিরত থাকতে হবে? বাড়িতে তৈরি কিছু ডেজার্ট হতে পারে বিকল্প। খেজুর, বাদাম, ওটস ও মিষ্টি আলুর মতো উপকরণ দিয়ে তৈরি করা যায় নানা ধরনের মিষ্টিজাতীয় খাবার। এসব পদে আলাদা করে চিনি ব্যবহার না করলেও মনে রাখতে হবে, খেজুর ও মিষ্টি আলুতেও শর্করা রয়েছে। তাই ডায়াবেটিস থাকলে উপকরণ নির্বাচনের পাশাপাশি খাবারের পরিমাণের দিকেও নজর দেওয়া জরুরি।
চলুন, জেনে নেওয়া যাক ঘরে তৈরি চারটি ডেজার্টের রেসিপি।
১. খেজুর-বাদামের সন্দেশ
মিষ্টি খাওয়ার ইচ্ছা হলে তৈরি করতে পারেন খেজুর ও বাদামের সন্দেশ। খেজুরের প্রাকৃতিক মিষ্টতা এবং বাদামের স্বাদ এই ডেজার্টকে করে তুলবে আকর্ষণীয়। তবে প্রাকৃতিক উৎস থেকে এলেও খেজুরের শর্করা রক্তে গ্লুকোজের মাত্রায় প্রভাব ফেলতে পারে।
উপকরণ
বীজ ছাড়ানো খেজুর ১ কাপ
আখরোট ও পেস্তা কুচি আধা কাপ
সামান্য লবণ
সাজানোর জন্য নারকেল কোরা
প্রস্তুত প্রণালি
প্রথমে খেজুরের বীজ ছাড়িয়ে নিন। খেজুর শক্ত হলে অল্প সময় গরম পানিতে ভিজিয়ে নরম করে নিতে পারেন। এরপর মিক্সারে খেজুর দিয়ে মসৃণ পেস্ট তৈরি করুন। পেস্টের সঙ্গে আখরোট ও পেস্তা কুচি এবং সামান্য লবণ মিশিয়ে ভালোভাবে মেখে নিন। মিশ্রণ থেকে ছোট ছোট অংশ নিয়ে সন্দেশের আকার দিন। ওপরে নারকেল কোরা ছড়িয়ে পরিবেশন করুন।
২. ডার্ক চকলেট-আমন্ড এনার্জি বল
চকলেটের স্বাদের সঙ্গে বাদাম ও ওটসের সমন্বয় চাইলে তৈরি করতে পারেন ডার্ক চকলেট-আমন্ড এনার্জি বল। এটি তৈরি করতে খুব বেশি সময় লাগে না। তবে ডার্ক চকলেট মানেই চিনি বা ক্যালরির পরিমাণ কম—এমন ধারণা ঠিক নয়। তাই কেনার আগে প্যাকেটের পুষ্টিতথ্য দেখে নেওয়া ভালো।
উপকরণ
ডার্ক চকলেট আধা কাপ
ওটস আধা কাপ
আমন্ড গুঁড়া আধা কাপ
বীজ ছাড়ানো খেজুর ৪–৫টি
সাজানোর জন্য সামান্য নারকেল কোরা
প্রস্তুত প্রণালি
প্রথমে খেজুর ও ওটস মিক্সারে দিয়ে পেস্ট তৈরি করুন। এরপর আমন্ড গুঁড়া মিশিয়ে নিন। ডার্ক চকলেট গলিয়ে মিশ্রণের সঙ্গে ভালোভাবে মেশান। মিশ্রণটি থেকে ছোট ছোট বল তৈরি করে ওপরে সামান্য নারকেল কোরা ছড়িয়ে দিন। আধা ঘণ্টা ফ্রিজে রেখে পরিবেশন করুন।
চকলেট কেনার সময় উপাদান তালিকা, মোট কার্বোহাইড্রেট ও চিনির পরিমাণ দেখে নিন। সম্ভব হলে বাড়তি চিনি ছাড়া চকলেট বেছে নিন।
৩. ওটসের লাড্ডু
উৎসবের মেনুতে লাড্ডু রাখতে চাইলে তৈরি করতে পারেন ওটস, বাদাম ও খেজুরের লাড্ডু। এতে ওটস ও ফ্ল্যাক্স সিডস থেকে ফাইবার এবং বাদাম থেকে অসম্পৃক্ত চর্বি পাওয়া যায়। তবে বাদাম, পিনাট বাটার ও খেজুরের কারণে এই লাড্ডুতেও ক্যালরি ও শর্করা থাকে।
উপকরণ
ওটস গুঁড়া ১ কাপ
ফ্ল্যাক্স সিডসের গুঁড়া ২ টেবিল চামচ
কাজু ও আমন্ড গুঁড়া আধা কাপ
খেজুর বাটা আধা কাপ
পিনাট বাটার ২ টেবিল চামচ
সামান্য দারুচিনি ও জায়ফল গুঁড়া
অল্প ঘি
প্রস্তুত প্রণালি
একটি পাত্রে ওটস গুঁড়া, ফ্ল্যাক্স সিডস, কাজু ও আমন্ড গুঁড়া ভালোভাবে মিশিয়ে নিন। এরপর খেজুর বাটা, পিনাট বাটার, দারুচিনি ও জায়ফল গুঁড়া যোগ করে মাখুন। মিশ্রণটি বেশি শুকনো হলে অল্প পিনাট বাটার যোগ করতে পারেন। হাতে সামান্য ঘি মেখে মিশ্রণ থেকে ছোট ছোট লাড্ডু তৈরি করুন। পরিবেশনের আগে কিছুক্ষণ ফ্রিজে রাখলে লাড্ডুগুলো কিছুটা শক্ত হবে।
৪. মিষ্টি আলুর হালুয়া
প্রচলিত হালুয়ার বাইরে নতুন স্বাদ চাইলে তৈরি করতে পারেন মিষ্টি আলুর হালুয়া। মিষ্টি আলুতে ফাইবার ও বিভিন্ন ভিটামিন থাকে। তবে এতে কার্বোহাইড্রেটও রয়েছে। তাই ডায়াবেটিস থাকলে এই পদ খাওয়ার সময় পরিমাণের দিকে বিশেষভাবে নজর দেওয়া প্রয়োজন।
উপকরণ
মাঝারি আকারের মিষ্টি আলু ২টি
দুধ আধা কাপ
ঘি ১ টেবিল চামচ
সামান্য গুড় (ঐচ্ছিক)
সামান্য দারুচিনি ও এলাচ গুঁড়া
আমন্ড কুচি
প্রস্তুত প্রণালি
প্রথমে মিষ্টি আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে ভালোভাবে চটকে নিন। একটি প্যানে ঘি গরম করে তাতে চটকানো মিষ্টি আলু দিন। অল্প আঁচে কিছুক্ষণ নাড়ার পর দুধ যোগ করুন। মিশ্রণটি ঘন হওয়া পর্যন্ত রান্না করুন। এরপর দারুচিনি ও এলাচ গুঁড়া মিশিয়ে দিন। বাড়তি মিষ্টি স্বাদের জন্য গুড় ব্যবহার করতে চাইলে অল্প পরিমাণে দিন। হালুয়া ঘন হয়ে এলে আমন্ড কুচি ছড়িয়ে নামিয়ে নিন।
মিষ্টি খাওয়ায় চাই সচেতনতা
উৎসবের আনন্দে মিষ্টিমুখের আয়োজন থাকতেই পারে। তবে খাবারটি কী দিয়ে তৈরি, তাতে কতটা শর্করা রয়েছে এবং একবারে কতটুকু খাওয়া হচ্ছে—এসব বিষয়ও গুরুত্বপূর্ণ। শুধু চিনি ব্যবহার করা হয়নি বলে কোনো ডেজার্টকে ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের জন্য নিরাপদ বলে ধরে নেওয়া ঠিক নয়।
খেজুর, গুড় ও মিষ্টি আলুর মতো উপকরণও রক্তে গ্লুকোজের মাত্রায় প্রভাব ফেলতে পারে। আবার বাদাম ও পিনাট বাটারের মতো উপকরণে ক্যালরির পরিমাণ তুলনামূলক বেশি হতে পারে। তাই উপকরণের পাশাপাশি পরিবেশনের পরিমাণও বিবেচনায় রাখা দরকার।
ডায়াবেটিস থাকলে নিজের খাদ্যপরিকল্পনা, রক্তে গ্লুকোজের মাত্রা ও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাবারের পরিমাণ নির্ধারণ করুন। সচেতনভাবে খাবার বেছে নিলে উৎসবের আয়োজনেও স্বাদ ও স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রাখা সম্ভব।
সূত্র: দ্য সুগার ফ্রি কিচেন, ফুড ফাইভ টু











