বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাম্প্রতিক নির্বাচন এবং নবগঠিত কমিটিতে রাজনৈতিক ব্যক্তিদের অন্তর্ভুক্তি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনা করেছেন

Photo Collected

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাম্প্রতিক নির্বাচন এবং নবগঠিত কমিটিতে রাজনৈতিক ব্যক্তিদের অন্তর্ভুক্তি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনা করেছেন বিশিষ্ট হ্যাকার ও অ্যাক্টিভিস্ট জুলকারনাইন সায়ের। তার একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ক্রীড়াঙ্গন ও রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে।
জুলকারনাইন সায়ের তার পোস্টে বিসিবির বর্তমান সভাপতি তামিম ইকবালের তীব্র সমালোচনা করে দাবি করেছেন, এই নির্বাচনের মাধ্যমে ক্রিকেট বোর্ডে এক ধরনের 'আওয়ামীকরণ' বা দলটিকে পুনরায় প্রাসঙ্গিক করার চেষ্টা চলছে।
বিসিবিতে 'গণতন্ত্র' ও রাজনৈতিক ভারসাম্যহীনতা
পোস্টের শুরুতেই জুলকারনাইন সায়ের বিসিবি নির্বাচন নিয়ে মানুষের অসন্তোষের কথা উল্লেখ করে ব্যঙ্গাত্মক সুরে লেখেন, "তামিম ইকবাল তো বিসিবিতে সত্যিকারে গণতন্ত্রই প্রতিষ্ঠা করে ফেলছে।" তিনি অভিযোগ করেন, নবগঠিত কমিটিতে বিএনপির নেতাদের পরিবারের সদস্যদের পাশাপাশি তামিম ইকবালের নিজস্ব বন্ধু-বান্ধবদের জায়গা দেওয়া হয়েছে, যারা সরাসরি আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত।
তবে দেশের প্রধান বিরোধী দলের প্রতিনিধিত্বকারীদের কাউকেই এই কমিটিতে রাখা হয়নি উল্লেখ করে তিনি ক্ষোভ প্রকাশ করেন। কমিটির গঠন নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে তিনি আরও বলেন, কমিটিতে সাবেক এক মেজর সাহেবের পুত্র আছেন, যার পিতার ঘনিষ্ঠ বন্ধু (সাবেক এক কর্নেল এবং আওয়ামী লীগের সাবেক মন্ত্রী) বর্তমানে কারাগারে বন্দি রয়েছেন।
বিতর্কিত দুই পরিচালক ও তাদের রাজনৈতিক পরিচয়
বিসিবি নির্বাচনকে একটি "হাইস্যকর নির্বাচন" (Sham Election) আখ্যা দিয়ে জুলকারনাইন সায়ের নির্দিষ্ট করে দুই পরিচালকের রাজনৈতিক অতীত তুলে ধরেন:
সাকিফ আহমেদ: নবনির্বাচিত এই পরিচালককে তামিম ইকবালের 'চট্টগ্রামের ভাই-ব্রাদার' এবং বন্ধু হিসেবে উল্লেখ করে সায়ের দাবি করেন, সাকিফ শুধু তামিমের বন্ধুই নন, তিনি ২০২৩ সালে ঘোষিত আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির একজন পদধারী সদস্য ছিলেন। প্রমাণ হিসেবে তিনি দৈনিক আজাদীর একটি ফটোকার্ড ও চিঠির সূত্র উল্লেখ করেন।
মিজানুর রহমান: তামিমের বিপিএল দল ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমানের বিষয়ে সায়ের জানান, ফরচুন গ্রুপের এই চেয়ারম্যান বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বরিশাল সিটির মেয়র হওয়ার জন্য আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছিলেন এবং তৎকালীন প্রধানমন্ত্রীর কাছে তদবির করেছিলেন।
"আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করার চেষ্টা?"
এইসব রাজনৈতিক ব্যক্তিদের বোর্ডে পুনর্বাসন করার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে জুলকারনাইন সায়ের লিখেছেন:
"তামিমের বিসিবি কি তাহলে আওয়ামী লীগের ফেরার প্রথম রাস্তা হয়ে গেলো, এসব করে কি আওয়ামী লীগকে প্রাসঙ্গিক রাখার একটা চেষ্টা করা হচ্ছে? এসকল প্রশ্ন এখন বাংলাদেশের মানুষ করতেই পারে।"
তিনি মনে করেন, মাঠের খেলায় ক্রিকেট দল কেমন করবে তা সময় বলবে, তবে মাঠের বাইরে তামিম ইকবালের 'অ্যাসাইনমেন্ট' বা উদ্দেশ্য এখন আর গোপন কিছু নয়।
তামিমের নেতৃত্বগুণ ও অতীত প্রসঙ্গ
অধিনায়ক হিসেবে তামিম ইকবালের অতীত ট্র্যাক রেকর্ড নিয়েও প্রশ্ন তুলেছেন এই অ্যাক্টিভিস্ট। সিরিজ চলাকালীন হুট করে অবসর নেওয়া এবং পরবর্তীতে মাশরাফি বিন মর্তুজার মধ্যস্থতায় তৎকালীন প্রধানমন্ত্রীর নির্দেশে অবসর ভেঙে ফিরে আসাকে তিনি "অবিবেচক ও অযোগ্য ব্যক্তিত্বের পরিচয়" হিসেবে আখ্যা দেন। বর্তমান প্রেক্ষাপটে তামিম আসলে "কার হয়ে খেলছেন", সেই প্রশ্নও তোলেন তিনি।
প্রতিবেদনের শেষাংশে জুলকারনাইন সায়ের হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ক্রিকেটার হিসেবে তামিম কী ছিলেন তা এখন গৌণ বিষয়। বিসিবি প্রধান হিসেবে এই ধরনের কর্মকাণ্ডের জন্য তাকে একদিন জবাবদিহিতার মুখোমুখি হতেই হবে।
পিপল/এনটি











