সোশ্যাল মিডিয়া ব্যবহারে শিশুদের বয়সসীমা কেমন হওয়া উচিত?

শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে শুধু বয়সসীমা নির্ধারণ নয়, বরং প্রযুক্তি প্ল্যাটফর্মগুলোকে শিশুদের জন্য নিরাপদ করে তোলার ওপর গুরুত্ব দিচ্ছেন আন্তর্জাতিক সংস্থা ও বিশেষজ্ঞরা।

News

ছবিঃ সংগ্রহীত


অনলাইন ডেস্ক

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ

প্রকাশ:

বর্তমানে শিশুদের শুধু পড়াশোনা বা বিনোদনের জন্য নয়, দৈনন্দিন নানা কাজেও অনলাইনে যুক্ত থাকতে হচ্ছে। তবে ভার্চুয়াল জগতের সুবিধার পাশাপাশি সেখানে রয়েছে ক্ষতিকর কনটেন্ট, অতিরিক্ত ব্যবহারের ঝুঁকি এবং বিভিন্ন ধরনের সাইবার হুমকি।

সম্প্রতি ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) শিশুদের অনলাইন সুরক্ষায় নতুন নির্দেশিকা তৈরির প্রস্তুতি নিচ্ছে। এ প্রেক্ষাপটে বিশ্বের বিভিন্ন অধিকার রক্ষা ও মানসিক স্বাস্থ্যবিষয়ক সংস্থা সোশ্যাল মিডিয়ায় শিশুদের প্রবেশাধিকার নিষিদ্ধ করার পরিবর্তে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে প্ল্যাটফর্ম নিরাপদ করতে বাধ্য করার দাবি জানিয়েছে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, ফাইভ রাইটস ফাউন্ডেশন এবং সেন্টার ফর কাউন্টারিং ডিজিটাল হেইটসহ ১৩২টি আন্তর্জাতিক সংস্থা ও শিশু বিশেষজ্ঞ ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েনকে পাঠানো এক যৌথ চিঠিতে এ বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরেছেন।

শুধু বয়সসীমা নির্ধারণ কি সমাধান?

শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে নির্দিষ্ট বয়সসীমা এবং প্রবেশাধিকার পর্যালোচনার বিষয়টি গুরুত্ব পাচ্ছে। তবে চিঠিতে স্বাক্ষরকারী সংস্থাগুলোর মতে, শিশুদের প্ল্যাটফর্ম ব্যবহারে সরাসরি বাধা দেওয়া দীর্ঘমেয়াদি সমাধান নয়। বরং শিশুরা যেসব প্ল্যাটফর্ম ও প্রযুক্তি ব্যবহার করছে, সেগুলোকে তাদের বয়স ও প্রয়োজন অনুযায়ী নিরাপদ করে গড়ে তোলা জরুরি।

বিশেষজ্ঞদের মতে, শিশুদের ডিজিটাল অধিকার অক্ষুণ্ন রেখেই তাদের ক্ষতিকর ও আসক্তি সৃষ্টিকারী কনটেন্ট থেকে সুরক্ষা দিতে হবে। এ জন্য শুধু ব্যবহারকারীর ওপর বিধিনিষেধ আরোপ না করে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর নকশা, নীতিমালা ও কার্যক্রমের জবাবদিহি নিশ্চিত করা প্রয়োজন।

প্রযুক্তি প্রতিষ্ঠানের জন্য কঠোর নীতিমালার দাবি

যৌথ চিঠিতে স্বাক্ষরকারী সংস্থাগুলো ইউরোপজুড়ে ডিজিটাল নিরাপত্তার একটি সুনির্দিষ্ট ও কার্যকর কাঠামো বাস্তবায়নের ওপর জোর দিয়েছে। তাদের প্রস্তাবের মধ্যে রয়েছে:

  • প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো যাতে শিশুদের নিরাপত্তাসংক্রান্ত বিধি এড়িয়ে যেতে না পারে, সে জন্য আইনের কঠোর বাস্তবায়ন নিশ্চিত করা।

  • সোশ্যাল মিডিয়া ও অ্যাপগুলোকে শুরু থেকেই শিশুদের জন্য নিরাপদভাবে নকশা করা।

  • ঝুঁকিপূর্ণ ফিচারে বয়সভিত্তিক সীমাবদ্ধতা স্বয়ংক্রিয়ভাবে কার্যকর করা।

  • ১৮ বছর পর্যন্ত বিভিন্ন বয়সের শিশু-কিশোরদের জন্য ডিজিটাল পণ্য ও সেবা নিরাপদ হওয়ার মানদণ্ড নির্ধারণ করা।

  • শিশুদের অসচেতনতার সুযোগ নিয়ে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর বাণিজ্যিক শোষণ বন্ধে কার্যকর আইনগত ব্যবস্থা নেওয়া।

শিশুদের ডিজিটাল অধিকার ও নিরাপত্তার ভারসাম্য

বিশেষজ্ঞদের মতে, প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর অনিয়ন্ত্রিত ব্যবস্থার কারণে শিশুরা ক্রমেই অনলাইন ব্যবহারের প্রতি নির্ভরশীল হয়ে পড়ছে। তবে তাদের ডিজিটাল অধিকার কেড়ে নেওয়ার পরিবর্তে প্ল্যাটফর্মগুলোকে শিশুদের উপযোগী করে তোলার ওপর বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন।

সাময়িক বা তড়িঘড়ি করে নিষেধাজ্ঞা আরোপের পরিবর্তে রাষ্ট্র ও নীতিনির্ধারকদের এমন একটি কার্যকর মানদণ্ড তৈরি করা উচিত, যার মাধ্যমে প্রযুক্তি কোম্পানিগুলোকে তাদের প্ল্যাটফর্ম শিশুদের জন্য নিরাপদ প্রমাণ করতে হবে।

বর্তমান সময়ে শিশুদের ভার্চুয়াল জগৎ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন রাখা প্রায় অসম্ভব। তাই ভয় বা নিষেধাজ্ঞার মাধ্যমে অনলাইন ব্যবহার নিয়ন্ত্রণের পরিবর্তে নীতিগত সংস্কার, প্রযুক্তি প্রতিষ্ঠানের জবাবদিহি এবং বয়স উপযোগী ডিজিটাল পরিবেশ নিশ্চিত করা জরুরি। এর মাধ্যমেই শিশুদের জন্য আরও নিরাপদ ইন্টারনেট ব্যবস্থা গড়ে তোলা সম্ভব।

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ