প্রায় ৫০০ লোনা পানির কুমিরের আবাসস্থল ফিটজরয় নদী ২০৩২ ব্রিসবেন অলিম্পিকের রোয়িং ভেন্যু হিসেবে চূড়ান্ত অনুমোদন পেয়েছে...

Photo Collected

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ
প্রায় ৫০০ লোনা পানির কুমিরের আবাসস্থল হিসেবে পরিচিত অস্ট্রেলিয়ার রকহ্যাম্পটনের ফিটজরয় নদী আনুষ্ঠানিকভাবে ২০৩২ ব্রিসবেন অলিম্পিক ও প্যারালিম্পিকের রোয়িং এবং ক্যানোয়িং প্রতিযোগিতার ভেন্যু হিসেবে চূড়ান্ত অনুমোদন পেয়েছে। বিবিসি সূত্রে জানা গেছে, একটি স্বাধীন কারিগরি মূল্যায়ন শেষে নদীটিকে আন্তর্জাতিক মানের ‘ফ্ল্যাটওয়াটার’ প্রতিযোগিতার উপযোগী ঘোষণা করা হয়।
প্রতিবেদন অনুযায়ী, গেমস ইনডিপেনডেন্ট ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড কোঅর্ডিনেশন অথরিটির পর্যালোচনায় অলিম্পিক চলাকালীন জুলাই-আগস্টের আবহাওয়া, পানির গভীরতা এবং বন্যার ঝুঁকির মতো বিষয়গুলোকে প্রাধান্য দেওয়া হয়েছে। মজার বিষয় হলো, এই প্রাথমিক কারিগরি মূল্যায়নে কুমিরের উপস্থিতির বিষয়টি অন্তর্ভুক্ত ছিল না। তবে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, নদীটিতে নিয়মিত স্কুলপর্যায়ের প্রতিযোগিতা এবং জাতীয় দলের ক্যাম্প অনুষ্ঠিত হওয়ায় ইতোমধ্যে সুনির্দিষ্ট কন্টিনজেন্সি প্ল্যান বা নিরাপত্তা ঝুঁকি মোকাবিলার জরুরি ব্যবস্থা কার্যকর রয়েছে।
ওয়ার্ল্ড রোয়িংয়ের প্রেসিডেন্ট জ্যঁ-ক্রিস্তফ রোলাঁ এবং প্যাডল ওয়ার্ল্ডওয়াইডের প্রেসিডেন্ট টমাস কোনিয়েটজকো উভয়ই ভেন্যুটির প্রশংসা করে অ্যাথলেটদের জন্য নিরপেক্ষ ও নিরাপদ প্রতিযোগিতার পরিবেশ নিশ্চিত করার বিষয়ে আত্মবিশ্বাস ব্যক্ত করেছেন।
এর আগে নদীতে বিশাল আকৃতির সল্টওয়াটার ক্রোকোডাইল (যেগুলো ৬ মিটারের বেশি লম্বা হতে পারে) থাকা নিয়ে তৈরি হওয়া বিতর্ক উড়িয়ে দিয়ে ব্রিসবেন ২০৩২ আয়োজক কমিটির সভাপতি অ্যান্ড্রু লিভারিস মন্তব্য করেছিলেন, “সমুদ্রে হাঙর থাকে বলে কি সার্ফিং বন্ধ রাখা হয়?” ভেন্যু হিসেবে ফিটজরয় নদীর এই চূড়ান্ত স্বীকৃতি অলিম্পিক আয়োজনের প্রস্তুতিকে আরও এক ধাপ এগিয়ে নিল
পিপল/এএইচ












