দ্বিতীয়ার্ধে পাঁচ গোল করে বোদো/গ্লিম্টকে ৫-০ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। জোড়া গোল করে জয়ে বড় ভূমিকা রেখেছেন মাইকেল ওলিসে...

Photo Collected

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ
প্রথমার্ধে গোলের দেখা না পেলেও বিরতির পর দুর্দান্ত আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়েছে বায়ার্ন মিউনিখ। দ্বিতীয়ার্ধে পাঁচ গোল করে নরওয়ের বোদো/গ্লিম্টকে ৫-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের অভিযান শুরু করেছে জার্মান চ্যাম্পিয়নরা।
ঘরের মাঠে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ ছিল বায়ার্নের হাতে। একের পর এক আক্রমণ তৈরি করেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি স্বাগতিকরা। বোদো/গ্লিম্টের গোলরক্ষক নিকিতা হাইকিন বেশ কয়েকটি দুর্দান্ত সেভ করে বায়ার্নকে হতাশ করেন।
৩৪তম মিনিটে জসুয়া কিমিখের শট পোস্টে লেগে ফিরে আসে। সাত মিনিট পর গোললাইন থেকে বায়ার্নের আরেকটি নিশ্চিত গোলের প্রচেষ্টা ফিরিয়ে দেন হাইকিন। তবে চোটের কারণে বিরতির পর আর মাঠে ফিরতে পারেননি তিনি। দ্বিতীয়ার্ধের শুরুতেই গোলের দেখা পায় বায়ার্ন। ৪৭তম মিনিটে হ্যারি কেইনের শট প্রতিপক্ষের এক খেলোয়াড়ের গায়ে লেগে বল এসে পড়ে জামাল মুসিয়ালার কাছে। প্রথম স্পর্শেই বল জালে পাঠান জার্মান তারকা।
৬১তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন কেইন। মাইকেল ওলিসের নিখুঁত ফ্রি-কিক থেকে দুর্দান্ত হেডে গোল করেন ইংলিশ স্ট্রাইকার। চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্নের হয়ে ৩৯ ম্যাচে এটি কেইনের ৩৪তম গোল।
এরপর বায়ার্নের আক্রমণের সামনে টিকতে পারেনি বোদো/গ্লিম্টের রক্ষণ। ৭৭তম মিনিটে কর্নার থেকে পাওয়া বল ডি-বক্সের বাইরে থেকে শক্তিশালী শটে জালে পাঠান আলফন্সো ডেভিস।ছয় মিনিট পর গোলের তালিকায় নাম লেখান ওলিসে। ডি-বক্সের বাইরে থেকে দুর্দান্ত গতির শটে কাছের পোস্ট দিয়ে বল জালে পাঠিয়ে ব্যবধান ৪-০ করেন ফরাসি ফরোয়ার্ড।
৮৭তম মিনিটে হ্যারি কেইনকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন বোদো/গ্লিম্টের ওডিন বিয়েরটাফট। ফলে ম্যাচের শেষ সময়টা ১০ জন নিয়ে খেলতে হয় নরওয়ের দলটিকে।যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন ওলিসে। তাঁর গোলে বায়ার্নের জয় পূর্ণতা পায় ৫-০ ব্যবধানে।প্রথমার্ধে গোল না পেলেও দ্বিতীয়ার্ধে পাঁচ গোলের ঝড় তুলে ভিনসঁ কোম্পানির দল শেষ পর্যন্ত বড় জয় নিয়েই চ্যাম্পিয়ন্স লিগের যাত্রা শুরু করল।
পিপল/এএইচ











