ট্রফি না জিতেও ব্যালন ডি’অর জিততে চান এমবাপ্পে

ট্রফি না জিতেও ব্যালন ডি’অর জয়ের আত্মবিশ্বাস এমবাপ্পের। বড় মঞ্চে গোল ও ব্যক্তিগত অর্জনকে নিজের দাবির ভিত্তি হিসেবে দেখছেন ফরাসি তারকা।

News

Photo Collected


অনলাইন ডেস্ক

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ

প্রকাশ:

স্পোর্টস ডেস্ক : গত মৌসুমে ক্লাব কিংবা জাতীয় দলের হয়ে কোনো দলগত শিরোপা জিততে পারেননি কিলিয়ান এমবাপ্পে। তবে ব্যক্তিগত অর্জনে ছিলেন উজ্জ্বল। ইউরোপিয়ান গোল্ডেন শ্যু ও বিশ্বকাপের গোল্ডেন বুট জেতার পর এবার ফরাসি তারকা মনে করছেন, ব্যালন ডি’অর জয়ের জন্যও তিনি যথেষ্ট কিছু করেছেন।

‘ফ্রান্স ফুটবল’ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে ২৭ বছর বয়সী এমবাপ্পে নিজের পারফরম্যান্সের পাশাপাশি ফ্রান্সের নতুন কোচ জিনেদিন জিদানেরও প্রশংসা করেন। একই সঙ্গে তিনি স্পষ্ট করে জানান, এ বছর ব্যালন ডি’অর জেতা তার অন্যতম স্বল্পমেয়াদি লক্ষ্য।

এমবাপ্পে বলেন, “আমি বিশ্বাস করি, এই বছর আমি এটা জিততে পারি। এটা আমার লক্ষ্যগুলোর একটি। আর এটি স্বল্পমেয়াদি লক্ষ্য।”

ক্লাব বা দেশের হয়ে কোনো ট্রফি না জেতার বিষয়টি ব্যালন ডি’অরের দৌড়ে বাধা হওয়া উচিত নয় বলেও মনে করেন তিনি। এমবাপ্পের যুক্তি, এটি মূলত ব্যক্তিগত পারফরম্যান্সের স্বীকৃতি।

তিনি বলেন, “মানুষ বলে আমি কোনো ট্রফি জিতিনি—ক্লাব বা দেশের হয়ে। কিন্তু এটি একটি ব্যক্তিগত পুরস্কার। আমি কখনো দেখিনি কেউ সবার ভোটে ব্যালন ডি’অর জিতেছে।”

নিজের যুক্তি তুলে ধরে এমবাপ্পে আরও বলেন, “কেউ কি কখনো শতভাগ ভোটে জিতেছে? তার মানে সবসময়ই কেউ না কেউ মনে করে বিজয়ী এটি পাওয়ার যোগ্য ছিল না।”

গত মৌসুমে এমবাপ্পের ব্যক্তিগত পরিসংখ্যানও ছিল নজরকাড়া। চ্যাম্পিয়নস লিগে তিনি করেছেন ১৫ গোল, আর লা লিগায় করেছেন ২৫ গোল। বিশ্বকাপে তাঁর গোলসংখ্যা ২২-এ পৌঁছেছে, যা তাঁকে টুর্নামেন্টটির ইতিহাসে সর্বোচ্চ গোলদাতায় পরিণত করেছে। যদিও সেমিফাইনালে স্পেনের কাছে ২-০ গোলে হেরে বিশ্বকাপের শিরোপার দৌড় থেকে ছিটকে যায় ফ্রান্স।

ব্যালন ডি’অর নিয়ে নিজের ধারণার কথা বলতে গিয়ে এমবাপ্পে মেসি ও রোনালদোর যুগের প্রসঙ্গ টানেন। তাঁর মতে, এই পুরস্কার সাধারণ মানের খেলোয়াড়দের জন্য নয়; এটি দেওয়া হয় ব্যতিক্রমী পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে।

“ব্যালন ডি’অর নিয়ে আমার ধারণা এসেছে মেসি আর রোনালদোর সময় থেকে। সাধারণ খেলোয়াড়কে এটি দেওয়া হয় না। দেওয়া হয় ব্যতিক্রমী খেলোয়াড়দের। আমি মনে করি, এই বছর আমি ব্যতিক্রমী কিছু করেছি। তাই আমি বিশ্বাস করি, আমি এটি জিততে পারি,” বলেন এমবাপ্পে।

নিজেকে ব্যালন ডি’অরের যোগ্য বিজয়ী মনে করেন কি না—এমন প্রশ্নের জবাবেও আত্মবিশ্বাসী ছিলেন ফরাসি তারকা। তিনি বলেন, “আমার চেয়ে ভালো খেলোয়াড় কেউ ছিল না।”

নিজের গোলসংখ্যা ও বড় মঞ্চে পারফরম্যান্সের কথাও তুলে ধরেন তিনি। এমবাপ্পের ভাষায়, বড় প্রতিযোগিতায়, যেখানে বিশ্বের সেরা খেলোয়াড়রা অংশ নেন, সেখানে নিয়মিত গোল করা এবং বিশ্বকাপের মতো সবচেয়ে বড় মঞ্চে সর্বোচ্চ গোলদাতা হওয়া তাঁর দাবিকে শক্তিশালী করে।

বিশ্বকাপের রেকর্ড নিয়ে এমবাপ্পে বলেন, এত বড় একটি প্রতিযোগিতার গুরুত্ব পুরোপুরি বোঝানো কঠিন। তাঁর মতে, এটি তারকা ও ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড়দের মঞ্চ। মাত্র ২৭ বছর বয়সে সেই আসরের সর্বোচ্চ গোলদাতা হওয়াকে তিনি বিশেষ অর্জন হিসেবে দেখছেন।

আরও বিশেষ করে তুলেছে যে, তিনি এই রেকর্ড লিওনেল মেসির কাছ থেকে কেড়ে নিয়েছেন। মেসিকে ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে ফুটবল ইতিহাসের সেরাদের একজন উল্লেখ করে এমবাপ্পে বলেন, তাঁর কাছ থেকে এমন একটি রেকর্ড নেওয়া নিঃসন্দেহে দারুণ এবং আলাদা ধরনের অর্জন।

কেএইচ

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ