বিক্রয় ডট কম কিনে নিলো জিজি

নাইজেরিয়ার অনলাইন মার্কেটপ্লেস জিজি বাংলাদেশের জনপ্রিয় প্ল্যাটফর্ম বিক্রয় ডট কম অধিগ্রহণ করেছে। আফ্রিকার বাইরে প্রথমবার ব্যবসা সম্প্রসারণ করলো প্রতিষ্ঠানটি।

News

Photo Collected


অনলাইন ডেস্ক

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ

প্রকাশ:

বাংলাদেশের জনপ্রিয় অনলাইন মার্কেটপ্লেস Bikroy.com অধিগ্রহণ করেছে আফ্রিকাভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান Jiji। সম্প্রতি এই অধিগ্রহণের তথ্য নিশ্চিত করেছেন বিক্রয় ডট কমের এক কর্মকর্তা।

তিনি জানান, এ বিষয়ে খুব শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। মাত্র এক বছরের কিছু বেশি সময় আগে বাংলাদেশের বাজারে প্রবেশ করা জিজি এবার ব্যবসা সম্প্রসারণের অংশ হিসেবে দেশের অন্যতম বৃহৎ অনলাইন ক্লাসিফায়েড প্ল্যাটফর্ম বিক্রয় ডট কমকে নিজেদের আওতায় নিলো।

আন্তর্জাতিক গণমাধ্যম বিজনেস ইনসাইডার আফ্রিকার তথ্য অনুযায়ী, ২০২৫ সালের মার্চ মাসে বাংলাদেশে কার্যক্রম শুরু করে জিজি। দেশের বৃহৎ জনসংখ্যা, দ্রুত বাড়তে থাকা ইন্টারনেট ব্যবহার এবং স্মার্টফোন নির্ভর ডিজিটাল অর্থনীতির সম্ভাবনাকে লক্ষ্য করেই বাংলাদেশে বিনিয়োগ করে প্রতিষ্ঠানটি।

২০১৪ সালে প্রতিষ্ঠিত জিজি বর্তমানে আফ্রিকার অন্যতম বৃহৎ অনলাইন মার্কেটপ্লেস হিসেবে পরিচিত। নাইজেরিয়ার পাশাপাশি ঘানা, কেনিয়া, উগান্ডা, তানজানিয়া ও ইথিওপিয়াতেও তাদের কার্যক্রম রয়েছে। প্রতিষ্ঠানটির দাবি, বছরে ৯ কোটির বেশি ব্যবহারকারী তাদের সেবা গ্রহণ করে এবং প্ল্যাটফর্মটিতে প্রায় ৭০ বিলিয়ন ডলারের সমপরিমাণ পণ্য লেনদেন হয়।

বিক্রয় ডট কম অধিগ্রহণের মাধ্যমে প্রথমবারের মতো আফ্রিকার বাইরের বাজারে সরাসরি ব্যবসা সম্প্রসারণ করলো জিজি।

অন্যদিকে, ২০১২ সালে যাত্রা শুরু করা বিক্রয় ডট কম বাংলাদেশে অনলাইন কেনাবেচার অন্যতম পরিচিত প্ল্যাটফর্ম। ৫০টিরও বেশি ক্যাটাগরিতে পণ্য ও সেবা কেনাবেচার সুযোগ দিয়ে আসছে প্রতিষ্ঠানটি। এটি মূলত Saltside Technologies এর সহযোগী প্রতিষ্ঠান।

বর্তমানে বিক্রয় ডট কমের ৩৫ লাখের বেশি ক্রেতা রয়েছে। মোবাইল ফোন, ইলেকট্রনিক্স, যানবাহন ও প্রপার্টি ক্যাটাগরিতে প্ল্যাটফর্মটির জনপ্রিয়তা বেশি। বিশেষ করে সাশ্রয়ী মূল্যের সেকেন্ড-হ্যান্ড পণ্যের বাজারে বিক্রয়ের অবস্থান শক্তিশালী।

এছাড়া ২০১৫ সালে বাংলাদেশে প্রথমবারের মতো অনলাইনে কোরবানির পশুর হাট চালু করেছিল বিক্রয় ডট কম।

তবে অধিগ্রহণের পরও আপাতত ‘বিক্রয় ডট কম’ নামেই কার্যক্রম চলবে বলে জানিয়েছে বিজনেস ইনসাইডার আফ্রিকা। এখনই ব্র্যান্ড পরিবর্তন করে ‘জিজি’ নাম ব্যবহার করা হচ্ছে না।

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ