বিশ্বজুড়ে ইন্টারনেট সেবার পেছনে থাকা অন্যতম গুরুত্বপূর্ণ নাম ক্লাউডফ্লেয়ার। সাম্প্রতিক এক বড় ধরনের বিভ্রাটে অচল হয়ে পড়ে অসংখ্য জনপ্রিয় ডিজিটাল প্ল্যাটফর্ম ।

Photo Collected

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ
বিশ্বজুড়ে ইন্টারনেট সেবার পেছনে থাকা অন্যতম গুরুত্বপূর্ণ নাম ক্লাউডফ্লেয়ার। সাম্প্রতিক এক বড় ধরনের বিভ্রাটে একযোগে অচল হয়ে পড়ে অসংখ্য জনপ্রিয় ডিজিটাল প্ল্যাটফর্ম। মুহূর্তের মধ্যেই থেমে যায় অনলাইন গণমাধ্যম, সামাজিক যোগাযোগমাধ্যম এক্স, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সেবা চ্যাটজিপিটি ও জেমিনি, ডিজাইন প্ল্যাটফর্ম ক্যানভা, ট্রুথ সোশ্যাল এমনকি জনপ্রিয় অনলাইন গেম লীগ অব লেজেন্ডসের মতো সেবাও।
এই ঘটনাকে কেন্দ্র করে প্রশ্ন উঠেছে ক্লাউডফ্লেয়ার আসলে কী? আর কেন বিশ্বের বড় বড় টেক জায়ান্টরা এর ওপর এতটা নির্ভরশীল?
বিশেষজ্ঞদের মতে, ক্লাউডফ্লেয়ার হলো ইন্টারনেটের পর্দার আড়ালের সেই ‘নীরব অবকাঠামো’, যার ওপর দাঁড়িয়ে আছে অসংখ্য ডিজিটাল সেবা। ওয়েবসাইট দ্রুত লোড করা, সার্ভারকে সাইবার আক্রমণ থেকে সুরক্ষা দেওয়া, বট ও ভুয়া ট্র্যাফিক শনাক্ত ও প্রতিরোধ, ডিডস (DDoS) আক্রমণ ঠেকানো এই গুরুত্বপূর্ণ কাজগুলো করে থাকে ক্লাউডফ্লেয়ার।
ফলে ক্লাউডফ্লেয়ারের কোনো একটি সিস্টেমে সমস্যা দেখা দিলে তা সরাসরি প্রভাব ফেলে ইন্টারনেটের বিশাল অংশে। সাম্প্রতিক বিভ্রাট সেই বাস্তবতাকেই আবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে।
ইন্টারনেটের আড়ালের নিরাপত্তা প্রহরী
অনেক ব্যবহারকারী ক্লাউডফ্লেয়ারের নাম পর্যন্ত শোনেননি। কিন্তু বাস্তবতা হলো বিশ্বের প্রায় ২০ শতাংশ ওয়েবসাইট কোনো না কোনোভাবে এই প্রতিষ্ঠানের সেবার ওপর নির্ভরশীল। ক্লাউডফ্লেয়ার বর্তমানে বিশ্বের ৩৩০টিরও বেশি শহরে তাদের নেটওয়ার্ক সেন্টার পরিচালনা করছে এবং প্রায় ১,৩০০ নেটওয়ার্ক সরাসরি তাদের সঙ্গে সংযুক্ত।
এই কারণেই ক্লাউডফ্লেয়ারে সামান্য বিচ্যুতি মানেই ইন্টারনেটের বড় অংশে বড় ধরনের বিপর্যয়।
মজার বিষয় হলো, এই বিভ্রাটের মাত্রা এতটাই ব্যাপক ছিল যে জনপ্রিয় সার্ভিস স্ট্যাটাস ট্র্যাকিং প্ল্যাটফর্ম ‘ডাউন ডিটেক্টর’ ও কিছু সময়ের জন্য অচল হয়ে পড়ে। কারণ প্ল্যাটফর্মটিও ক্লাউডফ্লেয়ারের অবকাঠামোর ওপর নির্ভরশীল।
পরবর্তীতে সাইটটি পুনরুদ্ধার হলে ডাউন ডিটেক্টর জানায় স্পটিফাই, ক্যানভা, এক্স, চ্যাটজিপিটিসহ বহু বড় প্ল্যাটফর্ম থেকে বিপুল সংখ্যক ত্রুটি–সংক্রান্ত রিপোর্ট তারা পেয়েছে।
মূল কারণ ও ক্লাউডফ্লেয়ারের ক্ষমা প্রার্থনা
ঘটনার পর ক্লাউডফ্লেয়ারের প্রধান প্রযুক্তি কর্মকর্তা (CTO) ডেইন নেক্ট এক বিবৃতিতে জানান, এই আউটেজের মূল কারণ ছিল একটি ‘ল্যাটেন্ট বাগ’, অর্থাৎ দীর্ঘদিন ধরে অজানা থাকা একটি সফটওয়্যার ত্রুটি।
তার ভাষ্য অনুযায়ী, কোম্পানির বট মিটিগেশন সিস্টেমের একটি গুরুত্বপূর্ণ সার্ভিসে থাকা ওই বাগটি রুটিন কনফিগারেশন পরিবর্তনের পর সক্রিয় হয়ে যায়। এর ফলে সার্ভিসটি ক্র্যাশ করতে শুরু করে এবং ধাপে ধাপে পুরো নেটওয়ার্কে এর প্রভাব ছড়িয়ে পড়ে। তিনি স্পষ্ট করে বলেন, এটি কোনো সাইবার আক্রমণ ছিল না।
ডেইন নেক্ট আরও জানান, এই বিভ্রাটে গ্রাহক ও বৈশ্বিক ইন্টারনেট অবকাঠামোর যে ক্ষতি হয়েছে, তার সম্পূর্ণ দায় ক্লাউডফ্লেয়ার স্বীকার করছে। ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে জরুরি ভিত্তিতে একাধিক প্রযুক্তিগত ও কাঠামোগত পরিবর্তন আনার প্রতিশ্রুতিও দেন তিনি।
বিশেষজ্ঞদের মতে, ক্লাউডফ্লেয়ার আজ আর শুধু একটি সাইবার সিকিউরিটি টুল নয়, এটি আধুনিক ইন্টারনেটের অবিচ্ছেদ্য অংশ। আর এই ঘটনাই আবারও প্রমাণ করল, প্রযুক্তি যতই এগিয়ে যাক না কেন, ইন্টারনেট এখনও কয়েকটি নির্দিষ্ট প্রতিষ্ঠানের ওপর ভয়াবহভাবে নির্ভরশীল।












