নতুন পে স্কেলে সর্বোচ্চ ১৪২% বেতন বৃদ্ধির সিদ্ধান্তে সরকারি কর্মীদের স্বস্তি, তবে রাজস্ব ঘাটতি ও মূল্যস্ফীতির চাপে বাড়ছে সরকারের আর্থিক উদ্বেগ।

Photo Collected

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ
নিজস্ব প্রতিবেদক : জ্বালানি সংকট, দুর্বল রাজস্ব আহরণ এবং দীর্ঘস্থায়ী মূল্যস্ফীতির চাপে থাকা অর্থনীতিতে সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় বেতন কাঠামো অনুমোদন করেছে সরকার। নতুন পে স্কেলে সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত বেতন বাড়ানোর সিদ্ধান্ত সরকারি কর্মচারীদের আয় ও ক্রয়ক্ষমতা বাড়ালেও এর অর্থায়ন ও দীর্ঘমেয়াদি প্রভাব নিয়ে তৈরি হয়েছে নতুন অর্থনৈতিক চ্যালেঞ্জ। অর্থনীতিবিদদের মতে, বাড়তি বেতন-ভাতার ব্যয় মেটানোর পাশাপাশি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, সরকারি ঋণ ব্যবস্থাপনা এবং বেসরকারি খাতে অর্থের প্রবাহ স্বাভাবিক রাখাই এখন সরকারের বড় পরীক্ষা।
অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে সরকারের অতিরিক্ত ব্যয় হবে ১ লাখ ৫ হাজার ৫৮০ কোটি টাকা। ২০২৮ সালের জানুয়ারি থেকে সব ভাতা একযোগে কার্যকর হলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতে বার্ষিক ব্যয় প্রায় ২ লাখ কোটি টাকায় পৌঁছাতে পারে। এই অঙ্ক গত অর্থবছরে সরকারের সংগৃহীত মোট রাজস্বের প্রায় অর্ধেক। চলতি অর্থবছরেই নতুন পে স্কেল বাস্তবায়নে অতিরিক্ত প্রায় ৪০ হাজার কোটি টাকা প্রয়োজন হবে।
এমন বড় ব্যয় এমন এক সময়ে যুক্ত হচ্ছে, যখন সরকারের রাজস্ব আহরণ কাঙ্ক্ষিত গতিতে এগোচ্ছে না। ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের আকার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। এর বিপরীতে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। ফলে বাজেট ঘাটতি দাঁড়িয়েছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা।
আগের অর্থবছরেও রাজস্ব আহরণে বড় ঘাটতি ছিল। ২০২৫-২৬ অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) লক্ষ্যমাত্রা ছিল ৫ লাখ ৩ হাজার কোটি টাকা, বিপরীতে আদায় হয়েছে প্রায় ৪ লাখ ১৫ হাজার কোটি টাকা। অর্থাৎ ঘাটতি রয়েছে প্রায় ১ লাখ কোটি টাকা। চলতি অর্থবছরে এনবিআরের রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা বাড়িয়ে ৬ লাখ ৪ হাজার কোটি টাকা করা হয়েছে। ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা অব্যাহত থাকলে এই লক্ষ্যমাত্রা অর্জন কঠিন হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
নতুন পে স্কেলের আর্থিক প্রভাব শুধু চলতি বছরের বাজেটেই সীমাবদ্ধ থাকবে না। বেতন-ভাতা একবার বাড়লে তা পরবর্তী বছরগুলোতেও সরকারের স্থায়ী ব্যয়ের অংশ হয়ে যাবে। ফলে রাজস্ব কাঠামো, সরকারি ঋণ, সুদ পরিশোধ এবং অন্যান্য উন্নয়ন ও সামাজিক খাতে ব্যয়ের সুযোগের ওপর দীর্ঘমেয়াদি প্রভাব পড়তে পারে।
চলতি অর্থবছরের বাজেটে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতার জন্য ৮৯ হাজার ৮৩৬ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। পেনশন, গ্র্যাচুইটি ও সংশ্লিষ্ট খাত মিলিয়ে বরাদ্দ রয়েছে ১ লাখ ৪১ হাজার ৪৩৪ কোটি টাকা। নতুন কাঠামো পুরোপুরি কার্যকর হলে এই ব্যয়ের পরিমাণ আরও বাড়বে।
অন্যদিকে অর্থনীতিতে মূল্যস্ফীতির চাপ এখনও উল্লেখযোগ্য। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাবে জুলাইয়ে মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৩২ শতাংশ। নিত্যপণ্যের উচ্চমূল্যের মধ্যে সরকারি কর্মচারীদের আয় বাড়লে বাজারে অতিরিক্ত চাহিদা তৈরি হতে পারে। সরবরাহ একই হারে না বাড়লে সেই বাড়তি চাহিদা মূল্যস্ফীতিকে আরও উসকে দিতে পারে বলে আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা।
এর সঙ্গে যুক্ত হতে পারে ‘মনস্তাত্ত্বিক মূল্যস্ফীতি’। নতুন বেতন কাঠামো কার্যকর হওয়ার আগেই বাড়তি আয়কে কেন্দ্র করে ব্যবসায়ী ও বাড়িওয়ালাদের একটি অংশ পণ্যের দাম ও বাড়িভাড়া বাড়ানোর সুযোগ নিতে পারে। এতে সরকারি কর্মচারীদের প্রকৃত আয় বৃদ্ধির একটি অংশ মূল্যস্ফীতির কারণে আবার কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।
সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়তে পারেন বেসরকারি খাতের কর্মীরা। শ্রমবাজারের বড় অংশ বেসরকারি খাতে হলেও মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে সেখানে নিয়মিত বেতন সমন্বয়ের কোনো সর্বজনীন ব্যবস্থা নেই। ফলে সরকারি কর্মচারীদের আয় বাড়লেও একই সময়ে বাজারদর ও বাড়িভাড়া বেড়ে গেলে নির্দিষ্ট আয়ের বেসরকারি কর্মীদের প্রকৃত ক্রয়ক্ষমতা আরও কমতে পারে। এতে সরকারি ও বেসরকারি চাকরিজীবীদের আয় ও জীবনযাত্রার ব্যবধানও বাড়ার আশঙ্কা রয়েছে।
এ বিষয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, নতুন জাতীয় বেতন স্কেল কার্যকর হলে মূল্যস্ফীতি কিছুটা বাড়ার ঝুঁকি রয়েছে। কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) ভাইস প্রেসিডেন্ট নাজের হোসাইনও মনে করেন, সরকারি কর্মচারীদের আর্থিক নিরাপত্তা বাড়লেও বেসরকারি চাকরিজীবীদের ওপর বাড়তি জীবনযাত্রার ব্যয়ের চাপ তৈরি হতে পারে।
পে স্কেলের অর্থায়ন নিয়ে আরেকটি বড় প্রশ্ন সরকারি ঋণ। চলতি অর্থবছরে বাজেট ঘাটতি পূরণে অভ্যন্তরীণ উৎস থেকে ১ লাখ ২৭ হাজার কোটি টাকা এবং বৈদেশিক উৎস থেকে ১ লাখ ১৬ হাজার কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ব্যাংক ব্যবস্থা থেকে নেওয়ার লক্ষ্য ১ লাখ ১২ হাজার কোটি টাকা। নতুন পে স্কেলের বাড়তি ব্যয়ের একটি অংশ যদি ব্যাংক ঋণের মাধ্যমে মেটাতে হয়, তাহলে ব্যাংকিং খাতে চাপ বাড়তে পারে।
কারণ একই সময়ে শিল্প ও বেসরকারি খাতকে ঘুরে দাঁড়াতে আরও ঋণ প্রয়োজন। উৎপাদন বাড়ানো, কর্মসংস্থান সৃষ্টি ও নতুন বিনিয়োগে ব্যাংক অর্থায়ন গুরুত্বপূর্ণ। সরকার বড় অঙ্কে ব্যাংক থেকে ঋণ নিলে সীমিত তারল্যের একটি অংশ সরকারি খাতে চলে গিয়ে বেসরকারি খাতের ঋণপ্রবাহে চাপ তৈরি করতে পারে।
তবে পে স্কেলের ইতিবাচক অর্থনৈতিক প্রভাবও রয়েছে। সরকারি কর্মচারীদের আয় বাড়লে তাদের ভোগব্যয় ও ক্রয়ক্ষমতা বাড়বে। এর ফলে অভ্যন্তরীণ বাজারে চাহিদা তৈরি হয়ে ব্যবসা-বাণিজ্যে কিছুটা গতি আসতে পারে। কিন্তু সেই চাহিদা যেন অতিরিক্ত মূল্যস্ফীতিতে রূপ না নেয়, সেটিই হবে নীতিনির্ধারকদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়।
অর্থনীতির এই সমীকরণে মূল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে রাজস্ব বনাম ব্যয়ের ভারসাম্য। সরকার যদি করের আওতা বাড়িয়ে রাজস্ব আহরণে কাঠামোগত সংস্কার করতে পারে, তাহলে বাড়তি পে স্কেলের ব্যয় তুলনামূলকভাবে টেকসইভাবে সামাল দেওয়া সম্ভব। বিপরীতে রাজস্ব আয় না বাড়িয়ে ঋণনির্ভর অর্থায়নের ওপর অতিরিক্ত নির্ভরতা তৈরি হলে বাজেট ঘাটতি, সুদ ব্যয় এবং আর্থিক চাপ আরও দীর্ঘস্থায়ী হতে পারে।
সাবেক অর্থ সচিব মাহবুব আহমেদ মনে করেন, দীর্ঘ ১১ বছর পর মূল্যস্ফীতির চাপে থাকা সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল প্রয়োজনীয় ছিল। তবে এটি বাস্তবায়নের ক্ষেত্রে সরকারের রাজস্ব আয় বাড়ানোই বড় চ্যালেঞ্জ।
সব মিলিয়ে নবম জাতীয় বেতন কাঠামো শুধু সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নয়; এটি আগামী বছরগুলোতে সরকারের আর্থিক ব্যবস্থাপনার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে। কর্মচারীদের ক্রয়ক্ষমতা ও অভ্যন্তরীণ চাহিদা বাড়ানোর সুফল ধরে রাখতে হলে একই সঙ্গে রাজস্ব আহরণ বাড়ানো, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, সরকারি ঋণ সীমিত রাখা এবং বেসরকারি খাতে ঋণপ্রবাহ নিশ্চিত করতে হবে। এই ভারসাম্য রক্ষা করতে পারাই এখন সরকারের সবচেয়ে বড় অর্থনৈতিক পরীক্ষা।
কেএইচ











