বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি প্রতিনিধি কার্যালয় চালু করেছে ইনভেস্ট বাংলাদেশ। কার্যালয়টি চীনা বিনিয়োগকারীদের তথ্য, পরামর্শ ও যোগাযোগের সহায়তা দেবে।

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ
বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার প্রচেষ্টা জোরদার করতে চীনের গুয়াংজু শহরে প্রথম বিদেশি প্রতিনিধি কার্যালয় স্থাপন করেছে ইনভেস্ট বাংলাদেশ। আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের কার্যক্রম ও যোগাযোগ বাড়ানোর পরিকল্পনার অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
নতুন কার্যালয়টি চীনা বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশে বিনিয়োগসংক্রান্ত যোগাযোগের কেন্দ্র হিসেবে কাজ করবে। সেখান থেকে আগ্রহী বিনিয়োগকারীরা বাংলাদেশের বিনিয়োগের সুযোগ, প্রযোজ্য আইন ও বিধিবিধান এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তরের সঙ্গে যোগাযোগের বিষয়ে প্রয়োজনীয় তথ্য ও পরামর্শ পাবেন।
রবিবার ইনভেস্ট বাংলাদেশ-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে কার্যালয় চালুর বিষয়টি জানানো হয়। এতে বলা হয়েছে, চলতি বছরের মার্চে ঘোষিত ১৮০ দিনের বিনিয়োগ কর্মপরিকল্পনার আওতায় চীনে প্রতিনিধি কার্যালয় স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছিল।
সংস্থাটি জানিয়েছে, গুয়াংজু কার্যালয়ের কার্যক্রম থেকে পাওয়া অভিজ্ঞতা ও দক্ষতা কাজে লাগিয়ে ভবিষ্যতে বিদেশি বিনিয়োগের জন্য গুরুত্বপূর্ণ অন্যান্য বাজারেও ধাপে ধাপে নিজেদের উপস্থিতি বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
ইনভেস্ট বাংলাদেশ-এর ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট বিভাগের প্রধান নাহিয়ান রহমান রচি বলেন, সম্ভাব্য বিনিয়োগকারীদের সঙ্গে সরাসরি যোগাযোগ তৈরি করা এবং বাংলাদেশে বিনিয়োগের পুরো প্রক্রিয়ায় প্রয়োজনীয় সহযোগিতা দেওয়াই এ উদ্যোগের প্রধান উদ্দেশ্য।











