জ্বালানি ব্যয়ের বহুমুখী চাপে বাংলাদেশের অর্থনীতি

জ্বালানি তেল, এলএনজি ও বিদ্যুৎ উৎপাদনের বাড়তি ব্যয়ে বাংলাদেশের অর্থনীতিতে বাড়ছে ভর্তুকি ও সরকারি আর্থিক চাপ।

News

Photo Collected


অনলাইন ডেস্ক

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ

প্রকাশ:

বিশেষ প্রতিবেদক : আন্তর্জাতিক জ্বালানি বাজারে দীর্ঘস্থায়ী অস্থিরতা বাংলাদেশের অর্থনীতিতে একসঙ্গে কয়েকটি দিক থেকে চাপ তৈরি করছে। জ্বালানি তেল বিক্রিতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) বড় অঙ্কের লোকসান, বাড়তি দামে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি এবং গ্যাসের ঘাটতি সামাল দিতে ব্যয়বহুল তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন—এই তিনটি ক্ষেত্রেই সরকারের ব্যয় বাড়ছে।

জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের হিসাবে, মার্চ থেকে ২৪ আগস্ট পর্যন্ত জ্বালানি তেল বিক্রিতে বিপিসির লোকসান দাঁড়িয়েছে ২১ হাজার ৮৫৩ কোটি ৬৬ লাখ টাকা। এই অর্থ ভর্তুকি হিসেবে চেয়ে অর্থ বিভাগের কাছে চিঠি দিয়েছে জ্বালানি বিভাগ। বিষয়টি নিয়ে অর্থ মন্ত্রণালয়, বিপিসি ও জ্বালানি বিভাগের মধ্যে বৈঠকের কথা রয়েছে।

বিশ্ববাজারের অস্থিরতার প্রভাব শুধু তেলেই সীমাবদ্ধ নয়। দেশীয় গ্যাস উৎপাদন কমে যাওয়ায় শিল্প, বিদ্যুৎ ও অন্যান্য খাতে চাহিদা পূরণে আমদানি করা এলএনজির ওপর নির্ভরতা বেড়েছে। মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে আন্তর্জাতিক সরবরাহব্যবস্থায় অনিশ্চয়তা তৈরি হওয়া এবং কাতার থেকে সরবরাহে দীর্ঘস্থায়ী ব্যাঘাতের ফলে বাংলাদেশকে স্পট মার্কেট থেকে বেশি দামে এলএনজি কিনতে হচ্ছে।

জ্বালানি বিভাগের ৮ সেপ্টেম্বরের চিঠিতে বলা হয়েছে, ভূরাজনৈতিক উত্তেজনা, সরবরাহব্যবস্থার ঝুঁকি এবং জ্বালানি পরিবহনের অনিশ্চয়তার কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম অস্থিতিশীল রয়েছে। আন্তর্জাতিক বাজারের বাড়তি দামের পুরো প্রভাব দেশের বাজারে না দিয়ে সরকার ভর্তুকির মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে।

মার্চে বিপিসির লোকসান ছিল ২ হাজার ২৪৮ কোটি ৩৭ লাখ টাকা। এপ্রিলে তা বেড়ে দাঁড়ায় ৭ হাজার ৮৬৬ কোটি ৩ লাখে। মে মাসে লোকসান হয় ২ হাজার ৬২১ কোটি ২৮ লাখ, জুনে ৬ হাজার ১৯৮ কোটি ৫৮ লাখ এবং জুলাইয়ে ১ হাজার ১২৫ কোটি ৪৭ লাখ টাকা। আগস্টের প্রথম ২৪ দিনে আরও ১ হাজার ৭৯৩ কোটি ৯৩ লাখ টাকা লোকসান হয়েছে। সব মিলিয়ে ছয় মাসে লোকসান দাঁড়িয়েছে ২১ হাজার ৮৫৩ কোটি ৬৬ লাখ টাকা।

এর আগে মার্চ-মে সময়ের জন্য বিপিসিকে ১২ হাজার ৭৩৭ কোটি ৭৪ লাখ টাকা ভর্তুকি দেওয়ার অনুরোধ করা হয়েছিল। পরে ২৩ জুন পর্যন্ত প্রয়োজনীয় অর্থের পরিমাণ ১৮ হাজার ৬৯৯ কোটি ৩১ লাখ এবং ২৬ জুলাই পর্যন্ত ২০ হাজার ৫৯ কোটি ৭৩ লাখ টাকা নির্ধারণ করা হয়। আগস্টের ২৪ দিনের লোকসান যুক্ত হওয়ার পর মোট চাহিদা ২১ হাজার ৮৫৩ কোটি ৬৬ লাখ টাকায় পৌঁছায়।

জ্বালানি বিভাগের যুক্তি, বৈশ্বিক পরিস্থিতির মধ্যে দেশে জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে এই অর্থ ভর্তুকি হিসেবে প্রয়োজন।

বাংলাদেশে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে জ্বালানি তেলের দাম নির্ধারণের ব্যবস্থা থাকলেও দ্রুত পরিবর্তনশীল আন্তর্জাতিক দাম, আমদানি ব্যয়, এলসি পরিশোধ এবং অভ্যন্তরীণ বিক্রয়মূল্যের মধ্যে ব্যবধান তৈরি হলে বিপিসিকে লোকসান গুনতে হয়। জ্বালানি বিভাগের তথ্য অনুযায়ী, এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত বিভিন্ন সময়ে আন্তর্জাতিক বাজারদরের তুলনায় কম দামে জ্বালানি তেল বিক্রি হওয়ায় এ লোকসান হয়েছে।

ফলে ভোক্তাদের ওপর আন্তর্জাতিক বাজারের পুরো মূল্যবৃদ্ধির চাপ না দেওয়ার নীতি এবং বিপিসির প্রকৃত আমদানি ব্যয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করা সরকারের জন্য বড় আর্থিক চ্যালেঞ্জ হয়ে উঠেছে। এর প্রভাব পড়ছে সরকারি বাজেটের পাশাপাশি বৈদেশিক মুদ্রার ওপরও।

বিপিসির এক পরিচালক নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে দাম নির্ধারণের ফর্মুলা থাকলেও সাম্প্রতিক মাসগুলোতে প্রকৃত আমদানি ব্যয় পুরোপুরি বিবেচনায় নেওয়া হয়নি। তাঁর দাবি, এতে কয়েক মাসে বিপিসির লোকসান প্রায় ২১ হাজার ৫০০ কোটি টাকায় পৌঁছেছে।

এদিকে এলএনজির বাড়তি দাম পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। জ্বালানি বিভাগ সূত্রে জানা গেছে, স্পট মার্কেটে প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট (এমএমবিটিইউ) এলএনজির দাম প্রায় ৩০ ডলারে পৌঁছেছে। ভিটল এশিয়ার কাছ থেকে প্রতি এমএমবিটিইউ ২৯ দশমিক ৭৯৫ ডলার এবং টোটাল এনার্জিসের কাছ থেকে ২৮ দশমিক ৯৫ ডলারে কার্গো কেনার সিদ্ধান্ত হয়েছে।

একটি সাধারণ এলএনজি কার্গোতে প্রায় ৩ দশমিক ৩৬ মিলিয়ন এমএমবিটিইউ থাকে। প্রতি ডলারের বিনিময় হার ১২৩ টাকা ধরলে টোটাল এনার্জিসের একটি কার্গোর মূল্য প্রায় ১ হাজার ২০০ কোটি এবং ভিটলের কার্গোর মূল্য প্রায় ১ হাজার ২৩০ কোটি টাকা হতে পারে। এসব কার্গো অক্টোবরে আসার কথা।

অথচ মধ্যপ্রাচ্যের সংঘাত শুরুর আগে স্পট মার্কেটে এলএনজির দাম ছিল প্রায় ১০ থেকে ১২ ডলার প্রতি এমএমবিটিইউ। দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় বাংলাদেশ এর চেয়েও কম দামে এলএনজি সংগ্রহ করতে পারত।

সাম্প্রতিক মাসগুলোতে এলএনজি ক্রয়ের দাম ধারাবাহিকভাবে বেড়েছে। সেপ্টেম্বরের শুরুতে বিপি সিঙ্গাপুরের একটি কার্গোর দাম ২৮ ডলার ছাড়িয়ে যায়। সর্বশেষ ভিটলের কার্গোর ক্ষেত্রে তা ৩০ ডলারের কাছাকাছি পৌঁছেছে।

কাতার থেকে সরবরাহে ব্যাঘাত এবং আন্তর্জাতিক বাজারের অস্থিরতার কারণে সরবরাহ নিশ্চিত করতে পেট্রোবাংলাকে স্পট মার্কেটের ওপর আরও নির্ভর করতে হচ্ছে। এতে এলএনজি খাতে ভর্তুকির প্রয়োজনও বেড়েছে। পেট্রোবাংলার হিসাবে, ২০২৫-২৬ অর্থবছরে সংঘাতের কারণে এলএনজি খাতে অতিরিক্ত ভর্তুকির বোঝা বেড়েছে ১০ হাজার ৬০০ কোটি টাকা।

তবে বাড়তি দামে এলএনজি কেনার পরও সরবরাহ নিশ্চিত করা সহজ হচ্ছে না। অর্থাৎ এখানে শুধু মূল্যবৃদ্ধি নয়, সরবরাহের নিশ্চয়তাও সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

গ্যাসের ঘাটতির প্রভাব পড়ছে বিদ্যুৎ উৎপাদনেও। গ্যাস সরবরাহ কমে গেলে বিকল্প হিসেবে ফার্নেস অয়েল বা অন্যান্য তরল জ্বালানিনির্ভর বিদ্যুৎকেন্দ্র চালাতে হয়। গ্যাসভিত্তিক উৎপাদনের তুলনায় এ ধরনের বিদ্যুৎ উৎপাদনের ব্যয় বেশি হওয়ায় বিদ্যুৎ খাতেও বাড়ছে আর্থিক চাপ।

তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর কারণে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলোর মালিকদের প্রায় ১০ হাজার কোটি টাকা পরিশোধের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে প্রায় ৬ হাজার কোটি টাকা ইতোমধ্যে পরিশোধ করা হয়েছে বলে জানা গেছে। একই সঙ্গে আরও দুটি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের জন্য প্রায় সাড়ে ৪ হাজার কোটি টাকা ভর্তুকি চেয়ে অর্থ বিভাগের কাছে চিঠি দিয়েছে বিদ্যুৎ বিভাগ।

সব মিলিয়ে বৈশ্বিক জ্বালানি অস্থিরতা এখন বাংলাদেশের জন্য একটি বহুমুখী আর্থিক চাপে পরিণত হয়েছে। একদিকে বিপিসির লোকসান মেটাতে বড় অঙ্কের ভর্তুকি প্রয়োজন হচ্ছে, অন্যদিকে এলএনজি আমদানিতে বাড়ছে বৈদেশিক মুদ্রার ব্যয়। গ্যাসের ঘাটতি সামাল দিতে তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বাড়ায় বিদ্যুৎ খাতেও তৈরি হচ্ছে অতিরিক্ত ব্যয়।

তাৎক্ষণিকভাবে বিপিসির ২১ হাজার ৮৫৩ কোটি ৬৬ লাখ টাকার ভর্তুকি দাবিই সরকারের সামনে বড় আর্থিক প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। তবে আন্তর্জাতিক জ্বালানি বাজারের অস্থিরতা দীর্ঘায়িত হলে চাপ আরও বিস্তৃত হতে পারে। সেক্ষেত্রে জ্বালানি আমদানি, বিদ্যুৎ উৎপাদন এবং ভর্তুকি—তিন ক্ষেত্রেই ব্যয় বাড়ার সম্ভাবনা রয়েছে।

সীমিত রাজস্ব আয় ও বৈদেশিক মুদ্রার সম্পদের মধ্যে এই বাড়তি ব্যয় সামাল দেওয়াই হবে বড় চ্যালেঞ্জ। ফলে দেশের ভেতরে সরাসরি যুদ্ধ না হলেও আন্তর্জাতিক সংঘাতের প্রভাব জ্বালানি মূল্য, আমদানি ব্যয়, ভর্তুকি এবং সরকারি অর্থ ব্যবস্থাপনার মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিতে ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে।

কেএইচ

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ