জুন শেষে বাংলাদেশের ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছাড়িয়েছে। এর ৭২ শতাংশের বেশি রয়েছে মাত্র ১০টি ব্যাংকের কাছে...

Photo Collected

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ
দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ জুন শেষে ৬ লাখ কোটি টাকা ছাড়িয়েছে। এর মধ্যে মাত্র ১০টি ব্যাংকের কাছেই রয়েছে মোট খেলাপি ঋণের ৭২ শতাংশের বেশি, যা ব্যাংকিং খাতের গভীর কাঠামোগত দুর্বলতাকে সামনে এনেছে।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, জুন ২০২৬ শেষে ব্যাংক খাতে মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬ লাখ ৬ হাজার ৫৫৫ কোটি টাকা। মার্চ শেষে যা ছিল ৫ লাখ ৮৮ হাজার ৭০৪ কোটি টাকা। অর্থাৎ তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে প্রায় ১৭ হাজার ৮৫১ কোটি টাকা।
জুন শেষে মোট ঋণের ৩২ দশমিক ৭৮ শতাংশই খেলাপি হিসেবে শ্রেণিভুক্ত হয়েছে। অর্থাৎ ব্যাংকগুলো যে প্রতি ১০০ টাকা ঋণ দিয়েছে, তার প্রায় ৩৩ টাকাই এখন অনাদায়ী বা খেলাপি।
১০ ব্যাংকেই ৪.৪ লাখ কোটি টাকা
বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, সবচেয়ে দুর্বল অবস্থানে থাকা ১০ ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ জুন শেষে প্রায় ৪ লাখ ৩৯ হাজার ৫২৭ কোটি টাকা।

অর্থাৎ দেশের মোট ব্যাংকের প্রায় এক-ষষ্ঠাংশের হাতে ব্যাংক খাতের প্রায় তিন-চতুর্থাংশ খেলাপি ঋণ কেন্দ্রীভূত হয়েছে।
বিশ্লেষকদের মতে, এ পরিস্থিতি দেখাচ্ছে যে খেলাপি ঋণের সংকট সব ব্যাংকে সমানভাবে ছড়িয়ে পড়েনি। বরং দীর্ঘদিনের অনিয়ম, দুর্বল ঋণ ব্যবস্থাপনা, প্রভাবশালী গ্রাহকদের ঋণ, ঋণের অর্থ ব্যবহারে পর্যাপ্ত নজরদারির অভাব এবং দুর্বল আদায় ব্যবস্থার কারণে কিছু ব্যাংক তুলনামূলকভাবে বেশি ঝুঁকিতে পড়েছে।
বড় করপোরেট ঋণের একটি অংশ বছরের পর বছর অনাদায়ী থাকার পর খেলাপি হিসেবে শ্রেণিভুক্ত হয়েছে। পুনঃতফসিল বা পুনর্গঠন করেও অনেক ঋণকে সচল রাখা সম্ভব হয়নি বলে সাম্প্রতিক তথ্য থেকে উঠে এসেছে।
সম্পদের মান দ্রুত অবনতি
ব্যাংক খাতে সম্পদের মানের অবনতিও দ্রুত হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের Financial Stability Report 2025 অনুযায়ী, ডিসেম্বর ২০২৫ শেষে ব্যাংক খাতের খেলাপি ঋণের অনুপাত বেড়ে ৩০ দশমিক ৬০ শতাংশে দাঁড়ায়। এক বছর আগে এই হার ছিল ২০ দশমিক ২০ শতাংশ।
এরপর চলতি বছরের প্রথম ছয় মাসে খেলাপি ঋণ আরও বেড়ে ৬ লাখ কোটি টাকা ছাড়িয়েছে। এতে ব্যাংকগুলোর মূলধন, প্রভিশন সংরক্ষণ এবং মুনাফার ওপর বাড়তি চাপ তৈরি হচ্ছে।
খেলাপি ঋণ কমাতে বাংলাদেশ ব্যাংক ঋণ আদায় জোরদার, ঋণ ব্যবস্থাপনায় নজরদারি বৃদ্ধি এবং ব্যাংকের সম্পদের গুণগত মান যাচাইসহ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। দুর্বল ব্যাংকগুলোকে চিহ্নিত করে সংস্কার, একীভূতকরণ ও পুনর্গঠনের উদ্যোগও নেওয়া হচ্ছে।
বিশ্বব্যাংকের উদ্বেগ
বাংলাদেশের ব্যাংকিং খাতের দুর্বলতাকে দেশের অর্থনীতির অন্যতম বড় ঝুঁকি হিসেবে চিহ্নিত করেছে বিশ্বব্যাংক।
জুনে প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি দুর্বল করপোরেট সুশাসন, নিয়ন্ত্রক ব্যবস্থার দুর্বলতা এবং সংশ্লিষ্ট পক্ষকে ঋণ দেওয়ার প্রবণতাকে ব্যাংক খাতের ওপর বড় চাপ হিসেবে উল্লেখ করে।
বিশ্বব্যাংকের হিসাবে, মার্চ ২০২৬ শেষে বাংলাদেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের অনুপাত ছিল ৩২ দশমিক ৬ শতাংশ। একই সময়ে দক্ষিণ এশিয়ার গড় ছিল মাত্র ৭ দশমিক ৯ শতাংশ।
বাংলাদেশের সামগ্রিক আর্থিক খাতের সম্পদের প্রায় ৯০ শতাংশই ব্যাংকিং খাতের নিয়ন্ত্রণে থাকায় ব্যাংকের আর্থিক দুর্বলতার প্রভাব শুধু আমানতকারী ও ঋণগ্রহীতার মধ্যে সীমাবদ্ধ থাকে না। এর প্রভাব বিনিয়োগ, ব্যবসা, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতেও পড়তে পারে।
ইসলামী ব্যাংক ও জনতা ব্যাংক সবচেয়ে বেশি খেলাপি ঋণে
জুন শেষে বেসরকারি খাতের ইসলামী ব্যাংকে সবচেয়ে বেশি খেলাপি ঋণ ছিল। ব্যাংকটির খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৯৮ হাজার ৯১৪ কোটি টাকা, যা ব্যাংকটির মোট ঋণের ৫২ দশমিক ১৫ শতাংশ।
ব্যাংকটির খেলাপি ঋণের বড় একটি অংশ এস আলম গ্রুপের সঙ্গে সংশ্লিষ্ট বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
রাষ্ট্রীয় মালিকানাধীন জনতা ব্যাংক খেলাপি ঋণের পরিমাণে দ্বিতীয় অবস্থানে রয়েছে। ব্যাংকটির খেলাপি ঋণ ৭৫ হাজার ৭২৮ কোটি টাকা, যা মোট ঋণের ৭৫ দশমিক ৫ শতাংশ।
বেক্সিমকো গ্রুপ, এস আলম গ্রুপ ও অ্যাননটেক্সসহ বিভিন্ন বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান ব্যাংকটির বড় খেলাপি গ্রাহকদের মধ্যে রয়েছে।
একীভূত ব্যাংকগুলোতে খেলাপির হার ভয়াবহ
খেলাপি ঋণের অনুপাতে সবচেয়ে খারাপ অবস্থানে রয়েছে কয়েকটি একীভূত ব্যাংক।
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের খেলাপি ঋণের অনুপাত ৯৭ দশমিক ০৮ শতাংশ। এরপর ইউনিয়ন ব্যাংকে ৯৬ দশমিক ৭৮ শতাংশ, সোশ্যাল ইসলামী ব্যাংকে ৭৮ দশমিক ১৫ শতাংশ এবং এক্সিম ব্যাংকে ৭০ দশমিক ৮১ শতাংশ।
এসব ব্যাংকের বড় খেলাপি গ্রাহকদের মধ্যে এস আলম গ্রুপ, বেক্সিমকো, নাসা গ্রুপ ও সিকদার গ্রুপসহ বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে।
এ ছাড়া ন্যাশনাল ব্যাংকের খেলাপি ঋণের হার ৬৫ দশমিক ৭৪ শতাংশ, আইএফআইসি ব্যাংকের ৬৩ দশমিক ৩৮ শতাংশ এবং এবি ব্যাংকের ৫৬ দশমিক ৪০ শতাংশ।
রাষ্ট্রীয় মালিকানাধীন অগ্রণী ব্যাংকের খেলাপি ঋণের অনুপাত ৪৩ দশমিক ৯৮ শতাংশ। ব্যাংকটির বড় খেলাপি গ্রাহকদের মধ্যে জজ ভূঁইয়া গ্রুপ, জাকিয়া গ্রুপ, মুহিব স্টিল অ্যান্ড শিপ রিসাইক্লিং এবং মুন গ্রুপসহ বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে।
শুধু পুনঃতফসিল করে সংকট কাটবে না
বাংলাদেশ ব্যাংকের এক নির্বাহী পরিচালক বলেছেন, বারবার ঋণ পুনঃতফসিল বা পুনর্গঠন করে খেলাপি ঋণের প্রকৃত সংকট সমাধান করা সম্ভব নয়।
তাঁর মতে, দীর্ঘদিনের অনাদায়ী ঋণের প্রকৃত অবস্থা নির্ধারণ, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা এবং দ্রুত ঋণ আদায়ের কার্যকর উদ্যোগ প্রয়োজন।
নতুন ঋণ দেওয়ার আগে গ্রাহকের ঋণ পরিশোধের সক্ষমতা যাচাই, ঋণের অর্থ যথাযথভাবে ব্যবহার হচ্ছে কি না তা পর্যবেক্ষণ এবং বড় ঋণগ্রহীতাদের ক্ষেত্রে ঝুঁকি ব্যবস্থাপনা জোরদারের ওপরও গুরুত্ব দিয়েছেন তিনি।
তা না হলে কয়েকটি দুর্বল ব্যাংকের সংকট ধীরে ধীরে পুরো ব্যাংকিং ব্যবস্থার ওপর আরও বড় চাপ তৈরি করতে পারে বলে সতর্ক করেছেন কেন্দ্রীয় ব্যাংকের ওই কর্মকর্তা
পিপল/এএইচ











