আগামী বছর থেকেই শুরু ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম

আগামী বছর থেকে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম শুরু হবে। অস্থায়ী ক্যাম্পাসে প্রাথমিকভাবে ছয়টি বিভাগ চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে...

News

Photo Collected


অনলাইন ডেস্ক

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ

প্রকাশ:

আগামী বছর থেকেই ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। শুরুতে অস্থায়ী ক্যাম্পাসে ছয়টি বিভাগ নিয়ে পাঠদান কার্যক্রম শুরু করার প্রস্তুতি চলছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের আগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ইসরাফিল শাহীন এ তথ্য জানান।

উপাচার্য বলেন, আগামী বছর থেকে শিক্ষার্থীদের পাঠদান শুরু করার লক্ষ্য সামনে রেখে প্রয়োজনীয় প্রস্তুতি এগিয়ে নেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে ছয়টি বিভাগ চালুর অনুমোদন আগামী সপ্তাহের মধ্যে পাওয়া যেতে পারে বলেও আশা প্রকাশ করেন তিনি।

তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের স্থায়ী অবকাঠামো নির্মাণ শেষ না হওয়া পর্যন্ত ঠাকুরগাঁও শহরে অস্থায়ী ক্যাম্পাস স্থাপন করা হবে। সেখান থেকেই প্রাথমিকভাবে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম পরিচালিত হবে।

দীর্ঘদিনের প্রত্যাশার পর সোমবার সদর উপজেলার জামালপুর এলাকায় ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কের পাশে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত স্থানে ভিত্তিপ্রস্তর স্থাপনের কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এদিকে, দুই দিনের সরকারি সফরে রোববার ঠাকুরগাঁওয়ে পৌঁছান রাষ্ট্রপতি। সোমবার সকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, আত্মীয়স্বজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে জামালপুর এলাকায় বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তার।

কর্মসূচি শেষে রাষ্ট্রপতির নিজ বাসভবনে ফিরে মধ্যাহ্নভোজ ও বিশ্রাম নেওয়ার কথা রয়েছে। পরে সার্কিট হাউসে আনুষ্ঠানিকতা শেষে হেলিকপ্টারে করে ঢাকার উদ্দেশে ঠাকুরগাঁও ছাড়ার কথা রয়েছে।

রাষ্ট্রপতিকে বহনকারী হেলিকপ্টারটি রোববার দুপুরে ঠাকুরগাঁওয়ের শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে অবতরণ করে। পরে রাষ্ট্রীয় প্রটোকল অনুযায়ী তাকে স্বাগত জানানো হয় এবং সার্কিট হাউসে গার্ড অব অনার দেওয়া হয়।

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হলে উত্তরাঞ্চলের শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার সুযোগ আরও বিস্তৃত হবে বলে আশা করছেন স্থানীয়রা।

পিপল/এএইচ

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ